ঘরে ঢুকেই ছেলের নিথর দেহ দেখতে পান মা, কীভাবে মৃত্যু হলো অভিনেতা অনুজের?

প্রকাশঃ নভেম্বর ২, ২০২৬ সময়ঃ ৯:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ অপরাহ্ণ

ভারতের টেলিভিশন জগতের পরিচিত মুখ অনুজ ঠাকুর আর নেই। মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন এই অভিনেতা। গত ২৭ অক্টোবর তাঁর মৃত্যু হয়। ঘুমের মধ্যে খিঁচুনি ওঠার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার।

অনুজের পরিবারের কাছ থেকেই তাঁর মৃত্যুর খবর পান রূপেশ। দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্মৃতিচারণ করেন তিনি। সেখানে অনুজের সঙ্গে কাটানো সময় এবং তাঁর মৃত্যুর বিষয়টি তুলে ধরেন।

অনুজ ও রূপেশের পরিচয় প্রায় ১৭ বছরের। ২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমো কা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে তাঁদের পথচলা শুরু। পরবর্তী সময়ে ‘বিন্দ বানুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’সহ আরও কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারেননি বন্ধু

‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রূপেশ জানান, অনুজের মৃত্যুর মাত্র ১০ দিন আগেও তাঁদের দেখা হয়েছিল। ফলে হঠাৎ তাঁর মৃত্যুর খবর শুনে প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি তিনি।

রূপেশের ভাষ্য অনুযায়ী, রাতে ঘুমাতে যাওয়ার পর অনুজ আর জেগে ওঠেননি, এমন খবর তাঁকে ভীষণভাবে নাড়া দেয়। শুরুতে অনুজের ভাইয়ের সঙ্গে কথা বলেও মৃত্যুর বিস্তারিত জানতে পারেননি। পরে শনিবার তাঁর মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়িতে যান রূপেশ। সেখানেই জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি ওঠার পর অনুজের মৃত্যু হয়েছে।

ভোরের অ্যালার্ম বেজেও ঘুম ভাঙেনি অনুজের

রূপেশ জানান, অনুজ ছিলেন অত্যন্ত নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত। প্রতিদিন ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠতেন তিনি। শরীরচর্চা ও জগিং ছিল তাঁর নিয়মিত অভ্যাস।

তবে মৃত্যুর দিন প্রতিদিনের মতো ভোর সাড়ে চারটায় অ্যালার্ম বেজে উঠলেও ঘুম ভাঙেনি অনুজের। দীর্ঘক্ষণ তাঁকে উঠতে না দেখে মা ঘরে গিয়ে খোঁজ নেন। তখনই ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান তিনি। পরে জানা যায়, অনুজ আর বেঁচে নেই।

যেসব ধারাবাহিকে অভিনয় করেছেন অনুজ

দীর্ঘ অভিনয়জীবনে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন অনুজ ঠাকুর। ‘ধুম মচাও ধুম’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এরপর ‘বন্ধন সাত জন্মনো কা’, ‘বিন্দ বনুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন।

বিশেষ করে ‘মহিসাগর’ ধারাবাহিকে সাগর মেহতার চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেতা। অল্প বয়সে তাঁর এমন মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

সূত্র: এনডিটিভি 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G