কোন শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি, আর তলানিতে কোন বোর্ড?
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মোট পরীক্ষার্থীর ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে। সেখানে পাস করেছেন ৪৪ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণে বোর্ডভিত্তিক এ চিত্র উঠে এসেছে।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের ফলাফলে ঢাকার পর পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে উত্তীর্ণের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
অন্যদিকে, রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। যশোর বোর্ডে এ হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী। সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের সামগ্রিক হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ-৫) অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
প্রতি / এডি / শাআ























