প্রেশার কুকারে ডাল রান্না করার সময় ফেনা উপচে পড়ে? জেনে নিন সহজ সমাধান
মসুর, মুগ কিংবা ছোলার ডাল রান্না করতে গিয়ে অনেকেই একটি সাধারণ সমস্যায় পড়েন। প্রেশার কুকারে ডাল বসানোর কিছুক্ষণ পরই ফেনা তৈরি হয়ে সিটির মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এতে চুলা ও রান্নাঘরের স্ল্যাব নোংরা হয়ে যায়। পরে সেই ময়লা পরিষ্কার করতেও বেশ সময় ও পরিশ্রম লাগে।
মূলত ডালে থাকা প্রোটিন ও স্টার্চ পানির সঙ্গে ফুটে ফেনা তৈরি করে। কুকারের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকলে সেই ফেনা চাপের কারণে বাইরে চলে আসে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কৌশলগুলো।
১. ডাল ও পানির পরিমাণ বুঝে নিন
কুকারে ডাল রান্নার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা ঠিক নয়। ডাল ও পানি মিলিয়ে কুকারের ধারণক্ষমতার অর্ধেকের বেশি ভরা উচিত নয়। কারণ রান্নার সময় ডাল ফুলে ওঠে এবং ফেনা তৈরির জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয়।
সাধারণভাবে এক কাপ ডালের সঙ্গে আড়াই থেকে তিন কাপ পানি ব্যবহার করা যেতে পারে। তবে ডালের ধরন অনুযায়ী পানির পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।
২. সামান্য তেল বা ঘি মিশিয়ে দিন
ডাল ও পানি কুকারে দেওয়ার পর এক চা-চামচ তেল, ঘি কিংবা মাখন মিশিয়ে দিতে পারেন। এতে রান্নার সময় ফেনা অতিরিক্ত ছড়িয়ে পড়ার প্রবণতা কমতে পারে। পাশাপাশি ডালের স্বাদেও কিছুটা ভিন্নতা আসবে।
৩. কুকারে দেওয়ার আগে ফেনা সরিয়ে নিন
ফেনার সমস্যা এড়ানোর আরেকটি উপায় হলো কুকারে দেওয়ার আগে ডাল কিছুক্ষণ খোলা পাত্রে ফুটিয়ে নেওয়া। পানি গরম হয়ে ডাল ফুটতে শুরু করলে ওপরে সাদা ফেনা জমতে পারে। তখন চামচ দিয়ে ফেনাগুলো তুলে ফেলুন। এরপর ডাল কুকারে দিয়ে রান্না করতে পারেন।
এতে কুকারে রান্নার সময় ফেনা তৈরি হওয়ার পরিমাণ কমতে পারে। ফলে চুলা ও রান্নাঘর পরিষ্কার রাখাও সহজ হবে।
প্রতিদিনের রান্নায় এমন ছোট ছোট কৌশল কাজে লাগালে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। বিশেষ করে ডাল রান্নার সময় এই নিয়মগুলো মেনে চললে ফেনা উপচে পড়ার ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।
প্রতি / এডি / শাআ



















