আবারও সংঘর্ষে উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভাঙচুর বিজিবির গা
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। দুপুরের বিরতির পর কাজে না ফিরে সড়কে নেমে অবরোধ শুরু করেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে বিজিবির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে হরিণহাটি ও পল্লীবিদ্যুৎসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা দুপুরের খাবারের বিরতির পর কাজে যোগ না দিয়ে মহাসড়কের পাশে জড়ো হন। একপর্যায়ে সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন করতে হবে। এসব দাবিতে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পল্লীবিদ্যুৎ এলাকায় বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়িটি ভাঙচুরের শিকার হয়।
পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে কয়েকটি কারখানার শ্রমিক হঠাৎ সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তারা বিজিবির একটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা বের হয়ে সড়কে অবস্থান নিয়েছিলেন। পরিস্থিতির কারণে বর্তমানে সংশ্লিষ্ট কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রতি / এডি / শাআ





















