শেখ হাসিনাকে ফেরাতে ভারতের নতুন শর্ত, পাঠাতে হবে সামরিক বিমান
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন কিছু শর্ত সামনে এনেছে ভারত। নয়াদিল্লির প্রস্তাব অনুযায়ী, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। পাশাপাশি দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে সম্প্রতি এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এবারও একই ধরনের ব্যবস্থায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে আগ্রহী ভারত। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে একটি সামরিক বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশটি। তবে বিকল্প হিসেবে দুই দেশের স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান থেকেও বাংলাদেশি সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন।
ভারতের প্রস্তাব অনুযায়ী, শেখ হাসিনা দেশে পৌঁছানোর পর তাঁর নিরাপত্তার দায়িত্বও নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে।
বিবিসি বাংলাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে হস্তান্তর করতে চায় না ভারত, যেখানে তাঁর ন্যায়বিচার পাওয়ার সুযোগ থাকবে না। নয়াদিল্লির প্রত্যাশা, দেশে ফেরার পর তিনি আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের পর্যবেক্ষণের মধ্যে সম্পন্ন হোক, এমনটাই চায় ভারত।
ভারতের জন্য কেন অস্বস্তির কারণ হয়ে উঠেছে শেখ হাসিনার অবস্থান
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘদিন অবস্থান দুই দেশের সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতকে।
শুরুতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে আগ্রহী ছিল নয়াদিল্লি। এ জন্য কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে সেই চেষ্টা সফল হয়নি। ফলে তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন এবং সেখানকার আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টিকে এখন সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করছে ভারত।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা দেশে না ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আবার সক্রিয় হয়ে ওঠার পথ কঠিন হতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।
তবে তাঁকে কোনো বাংলাদেশি সামরিক বিমানে সরাসরি আসামি হিসেবে তুলে দিতে আগ্রহী নয় ভারত। দেশটির আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর নেতাদের কাছেও নেতিবাচক বার্তা দিতে পারে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে পর্দার আড়ালে আলোচনা
বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চলছে।
প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন।
ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিশ্চিত করাই ওই আলোচনার অন্যতম উদ্দেশ্য ছিল।
এ ছাড়া ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে আগেও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও কাজে লাগাতে চায় ভারত বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভারতের কর্মকর্তাদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে। তাঁদের ধারণা, জ্বালানি সংকট এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করা বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে এখনই দেশে ফেরাতে চাইবে কি না, তা নিশ্চিত নয়। তাঁর প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতের প্রস্তাবিত শর্তগুলো পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন বলে মনে করছে দেশটির কর্মকর্তারা। তারপরও তাঁর দেশে ফেরার ঘোষণায় সম্মতি দেওয়ার পেছনে ভারতের একটি কূটনৈতিক হিসাব রয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নয়াদিল্লি বলতে পারবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ তাঁকে গ্রহণ করেনি।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।
চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর দেশে ফেরার এই ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারলেও ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির কাছে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতি / এডি / শাআ




















