দেউন্দি বিলে শাপলার মনকাড়া দৃশ্য, প্রকৃতির টানে ছুটছেন পর্যটকরা

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৬ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানসংলগ্ন শাপলা বিল এখন প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিলজুড়ে ফুটে থাকা গোলাপি শাপলার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

সরেজমিনে দেখা যায়, বিলের পানিতে ফুটে আছে অসংখ্য গোলাপি শাপলা। একদিকে সবুজে ঘেরা চা বাগানের টিলা, অন্যদিকে পানির ওপর ফুটে থাকা শাপলার সারি। দুইয়ের মেলবন্ধনে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ। অনেকে মোটরসাইকেল নিয়ে দলবেঁধে ঘুরতে আসছেন। কেউ ব্যস্ত ছবি ও ভিডিও ধারণে, আবার কেউ বাড়িতে নেওয়ার জন্য কিনছেন তাজা শাপলা ফুল।

পর্যটকদের আনাগোনাকে কেন্দ্র করে স্থানীয় শিশু ও চা শ্রমিক পরিবারের সদস্যদের জন্য বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। বিল থেকে শাপলা সংগ্রহ করে সেগুলো পর্যটকদের কাছে বিক্রি করছে শিশুরা। কারও হাতে ফুলভর্তি ঝুড়ি, কেউ আবার ছোট ছোট গুচ্ছ তৈরি করে বিক্রি করছে। ফুল বিক্রি করে পাওয়া বাড়তি অর্থে খুশি স্থানীয় শিশুরা।

সিলেট থেকে বেড়াতে আসা লিমন নামের এক পর্যটক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিলের ছবি দেখে এখানে আসার পরিকল্পনা করেন তিনি। সরাসরি এসে ছবির চেয়েও বেশি সুন্দর মনে হয়েছে জায়গাটি। বিশেষ করে আসা-যাওয়ার পথের দুই পাশের দৃশ্যও তাঁর ভালো লেগেছে। বাংলাদেশে এত সুন্দর শাপলা বিল আছে, তা আগে জানা ছিল না বলেও জানান তিনি।

ঢাকা থেকে আসা মরিয়ম নামের আরেক পর্যটক বলেন, একই জায়গায় চা বাগান ও শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা অসাধারণ। সকালের আলোয় বিলের দৃশ্য আরও বেশি মনোমুগ্ধকর লাগে। তবে পর্যটকদের সুবিধার্থে সেখানে একটি ওয়াশ ব্লক বা শৌচাগারের ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। এ জন্য রাতের যাত্রা শেষে ভোরে সেখানে পৌঁছানোর পর কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে তাঁকে।

পর্যটন খাতের সঙ্গে যুক্ত ইম্পেরিয়াল গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান জুমেল মনে করেন, দেউন্দি শাপলা বিলকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, সাতছড়ি জাতীয় উদ্যান, চা বাগান এবং শাপলা বিলকে সমন্বিতভাবে পর্যটন পরিকল্পনার আওতায় আনা গেলে চুনারুঘাট একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চলে পরিণত হতে পারে।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যটকদের জন্য বসার স্থান, ওয়াচ টাওয়ার, নৌকাভ্রমণ, নিরাপদ গাড়ি পার্কিং এবং স্থানীয় খাবারের ব্যবস্থা করা গেলে এখানে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনীতিও গতিশীল হবে। ইম্পেরিয়াল গ্রুপের পক্ষ থেকেও চুনারুঘাটের পর্যটন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদেরও প্রত্যাশা, যথাযথ পরিকল্পনা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে দেউন্দি শাপলা বিল হবিগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে। তাঁরা এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা, দ্রুত ওয়াশ ব্লক নির্মাণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাতছড়ি জাতীয় উদ্যান ও চা বাগানকে যুক্ত করে পুরো চুনারুঘাটকে পর্যটনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথাও বলছেন তাঁরা।

তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ ও বাগানের নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। স্থানীয় সচেতন ব্যক্তিরা দর্শনার্থীদের শাপলা ফুল না ছেঁড়া এবং বিলের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন জানিয়েছেন, শাপলা বিলের জায়গাটি সরকারি লিজের মাধ্যমে দেউন্দি চা বাগানের অধীনে রয়েছে। এটি সরকার ঘোষিত কোনো পর্যটনকেন্দ্র নয়। তাঁর অভিযোগ, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের আগমনে চা বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বাগানের উৎপাদনেও প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, ছবি ও ভিডিও ধারণ করতে এসে কিছু পর্যটক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন। এমনকি মারামারির ঘটনাও ঘটছে। এতে চা বাগানের কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বাগানের পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, দেউন্দি শাপলা বিল চুনারুঘাটের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিলের পরিবেশ সুরক্ষা, পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে সুশৃঙ্খল পর্যটনব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন।

পর্যটকদের উদ্দেশে তিনি বলেন, শাপলা ফুল ছিঁড়ে বিলের সৌন্দর্য নষ্ট করা যাবে না। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকেও সবাইকে বিরত থাকতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটকদের জন্য ওয়াশ ব্লক নির্মাণের বিষয়ে ইউএনও বলেন, সংশ্লিষ্ট জায়গাটি দেউন্দি চা বাগানের অধীনে রয়েছে। বাগান কর্তৃপক্ষ সম্মতি দিলে সেখানে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন ওয়াশ ব্লক নির্মাণের ব্যবস্থা করা সম্ভব হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G