ব্লেন্ডারে ভুলেও দেবেন না এই ৫টি জিনিস, নষ্ট হতে পারে যন্ত্রটি
রান্নাঘরের কাজ সহজ করতে ব্লেন্ডারের ব্যবহার এখন অনেকটাই বেড়েছে। স্মুদি, মিল্কশেক, স্যুপ কিংবা চাটনি তৈরি, নানা কাজেই এই যন্ত্রের ওপর নির্ভর করেন অনেকে। অল্প সময়েই খাবার মিশিয়ে বা পিষে নেওয়া যায় বলে দৈনন্দিন রান্নায় এটি বেশ উপকারী।
তবে ব্লেন্ডারের জারে কোনো উপাদান রাখা সম্ভব হলেই সেটি ব্লেন্ড করা নিরাপদ, এমনটা ভাবা ঠিক নয়। কিছু খাবার ব্লেডের ক্ষতি করতে পারে, আবার কোনো কোনো উপাদানের কারণে মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এমনকি অসতর্কভাবে ব্যবহার করলে গরম খাবার ছিটকে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই ব্লেন্ডার ব্যবহারের সময় পাঁচ ধরনের উপাদানের বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।
১. চুলা থেকে নামানো গরম তরল
স্যুপ বা গরম তরল খাবার মসৃণ করতে অনেকেই সরাসরি ব্লেন্ডারে দিয়ে দেন। কিন্তু চুলা থেকে নামানোর পরপরই ফুটন্ত গরম তরল ব্লেন্ডারে ঢালা বিপজ্জনক হতে পারে। গরম তরল থেকে তৈরি হওয়া বাষ্প জারের ভেতরে চাপ বাড়িয়ে দেয়। ব্লেন্ডার চালু করার পর সেই চাপের কারণে গরম খাবার ঢাকনা দিয়ে ছিটকে বেরিয়ে আসতে পারে। এতে শরীরের ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে গরম তরল কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিন। ব্লেন্ডারটি গরম খাবার ব্যবহারের উপযোগী হলেও প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলুন। পাশাপাশি জারে নির্ধারিত পরিমাণের বেশি তরল ভরবেন না।
২. বড় আকারের বরফের টুকরা
সব ব্লেন্ডারে বরফ গুঁড়া করার সুবিধা থাকে না। যন্ত্রটির সক্ষমতা না জেনে বড় বরফের টুকরা বা শক্ত জমাট বরফ দিলে ব্লেড ও মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। এতে বরফ ঠিকমতো গুঁড়া না হওয়ার পাশাপাশি ব্লেন্ডারের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই ঠান্ডা পানীয় বা স্মুদি তৈরির সময় বরফ ব্যবহারের আগে ব্লেন্ডারে আইস-ক্রাশিং সুবিধা রয়েছে কি না দেখে নিন। বরফ গুঁড়া করার উপযোগী না হলে এ ধরনের কাজ এড়িয়ে চলাই ভালো।
৩. শক্ত আস্ত মসলা ও উপাদান
দারুচিনি, জায়ফলের মতো শক্ত আস্ত মসলা গুঁড়া করতে সাধারণ ব্লেন্ডার ব্যবহার করা ঠিক নয়। এসব উপাদান ব্লেডের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে সাধারণ ঘরোয়া ব্লেন্ডারে দীর্ঘ সময় ধরে শক্ত মসলা পিষতে গেলে যন্ত্রটির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
এ ধরনের উপাদান গুঁড়া করার জন্য স্পাইস গ্রাইন্ডার বা মসলা পেষার উপযোগী যন্ত্র ব্যবহার করা ভালো। এতে মসলাও ভালোভাবে গুঁড়া হবে, আবার ব্লেন্ডারের ওপর অপ্রয়োজনীয় চাপও পড়বে না।
৪. অতিরিক্ত আঠালো খাবার
খেজুর, শুকনো ডুমুর কিংবা বাদাম দিয়ে তৈরি ঘন ও আঠালো মিশ্রণ ব্লেন্ডারে দেওয়া ঝামেলার কারণ হতে পারে। এসব উপাদান ব্লেডের চারপাশে আটকে যায়। ফলে ব্লেড ঘুরলেও খাবার ঠিকমতো নড়াচড়া করে না। এতে মোটরের ওপর বাড়তি চাপ পড়ে এবং জার থেকে খাবার বের করাও কঠিন হয়ে যায়।
এ ধরনের খাবার ব্লেন্ড করার প্রয়োজন হলে আগে ছোট ছোট টুকরো করে নিন। রেসিপি অনুযায়ী প্রয়োজনীয় তরল যোগ করাও উপকারী হতে পারে। তবে মিশ্রণ খুব বেশি ঘন হলে ব্লেন্ডারের পরিবর্তে ফুড প্রসেসর ব্যবহার করা ভালো।
৫. খালি ব্লেন্ডারে শুকনো উপাদান
ময়দা, কোকো পাউডার কিংবা প্রোটিন পাউডারের মতো শুকনো উপাদান খালি ব্লেন্ডারে দিলে চারদিকে গুঁড়ার ধুলা ছড়িয়ে পড়তে পারে। ব্লেন্ডার চালু করার সঙ্গে সঙ্গে এসব উপাদান বাতাসে উড়তে শুরু করে। কিছু পাউডার ঢাকনা, জারের কিনারা কিংবা মোটরের বাতাস চলাচলের পথেও জমে যেতে পারে। এতে পরিষ্কার করতে বাড়তি সময় লাগে এবং যন্ত্রের ভেতরে পাউডার প্রবেশ করলে ক্ষতির আশঙ্কাও থাকে।
শুকনো উপাদান মেশানোর প্রয়োজন হলে অল্প অল্প করে যোগ করুন এবং ব্লেন্ডারের নির্দেশিকা অনুসরণ করুন। বেশি পরিমাণে শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে মিক্সিং বোল বা উপযুক্ত ফুড প্রসেসর ব্যবহার করা সুবিধাজনক।
প্রতি / এডি / শাআ



















