৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
দেশের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এ লক্ষ্যে ৬৪ জেলায় দুই মাস মেয়াদি বেসিক এআই প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রশিক্ষণের সময়সূচি
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। দুই মাসের কোর্সে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এই কোর্সে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।
দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্যই এই প্রশিক্ষণে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের যেসব সুবিধা দেওয়া হবে
এই কোর্সে অংশ নিতে কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। উল্টো প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে।
প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য www.dydaiproject.com/apply ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর ফরমের একটি কপি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। আবেদন যাচাইয়ের পর বৈধ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রতি / এডি / শাআ






















