৫০০ বছর ধরে ২৪ ঘণ্টা কুরআন তিলাওয়াত, তোপকাপির সেই পবিত্র কক্ষের ইতিহাস

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৬ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক তোপকাপি প্রাসাদ। একসময় উসমানীয় সাম্রাজ্যের সুলতানদের রাজকীয় আবাসস্থল হিসেবে ব্যবহৃত এই প্রাসাদের একটি বিশেষ কক্ষ আজও মুসলিম বিশ্বের মানুষের কাছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কক্ষটির নাম ‘পবিত্র আমানত কক্ষ’ বা ‘মুকাদ্দাস আমানত দাইরেসি’। এখানে সংরক্ষিত রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বলে বিবেচিত বিভিন্ন নিদর্শন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটি হলো তাঁর পবিত্র জুব্বা মোবারক বা ‘খিরকা-ই সাআদাত’।

এই কক্ষের বিশেষত্ব শুধু মূল্যবান ধর্মীয় নিদর্শন সংরক্ষণেই সীমাবদ্ধ নয়। পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে এখানে দিন-রাত ২৪ ঘণ্টা পবিত্র কুরআন তিলাওয়াতের একটি ঐতিহ্য চালু রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে হাফেজদের মাধ্যমে চলে আসা এই আয়োজন তোপকাপি প্রাসাদের ইতিহাসকে দিয়েছে ভিন্ন মাত্রা।

যেভাবে তোপকাপি প্রাসাদে আসে পবিত্র জুব্বা মোবারক

ইতিহাস অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর এই জুব্বা মোবারক ‘খিরকা-ই সাআদাত’ নামে পরিচিত। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, মহানবী (সা.) কবি কাব বিন জুহাইরকে তাঁর একটি কবিতা আবৃত্তির পর এই জুব্বা উপহার দিয়েছিলেন। পরবর্তী সময়ে এটি বিভিন্ন শাসকগোষ্ঠীর হাত ঘুরে আব্বাসীয় খলিফাদের কাছে পৌঁছায়।

মোঙ্গলদের বাগদাদ আক্রমণের পর জুব্বাটি মিসরে নিয়ে যাওয়া হয়। ১৫১৭ সালে উসমানীয় সুলতান প্রথম সেলিম মিসর জয় করলে মক্কার শরিফ দ্বিতীয় বারাকাতের মাধ্যমে পবিত্র জুব্বাটি এবং অন্যান্য ধর্মীয় নিদর্শন ইস্তাম্বুলে পাঠানো হয়। এরপর থেকে এগুলো উসমানীয় রাজপরিবারের তত্ত্বাবধানে সংরক্ষিত হতে থাকে।

তবে জুব্বাটি মহানবী (সা.)-এর কাছ থেকে কাব বিন জুহাইর পেয়েছিলেন, এ বর্ণনার বিস্তারিত ঐতিহাসিক সূত্র নিয়ে গবেষকদের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে। তুরস্কের ধর্মীয় গবেষণা প্রতিষ্ঠান টিডিভি ইসলাম আনসাইক্লোপিডিয়ার তথ্য অনুযায়ী, জুব্বাটি কালো উলের তৈরি, যার দৈর্ঘ্য প্রায় ১২৪ সেন্টিমিটার। এর ভেতরে ক্রিম রঙের উলের আস্তরণ রয়েছে।

জুব্বা মোবারক রাখা হয়েছে স্বর্ণখচিত বিশেষ সিন্দুকে

তোপকাপি প্রাসাদের পবিত্র আমানত কক্ষে অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত রয়েছে জুব্বাটি। এটি রাখা হয়েছে পরপর দুটি স্বর্ণের তৈরি বিশেষ সিন্দুকের ভেতরে। সুলতান আবদুল আজিজের আমলে এই সিন্দুক দুটি তৈরি করা হয়েছিল। জুব্বাটি কয়েক স্তরের কাপড়ে মুড়িয়ে সিন্দুকের মধ্যে রাখা হয়, যাতে দীর্ঘদিন ধরে এর সংরক্ষণ নিশ্চিত করা যায়।

জুব্বাটি সাধারণ সময়ে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত রাখা হয় না। বিশেষ ধর্মীয় আয়োজন ও রমজান মাসের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সঙ্গে এর প্রদর্শনের বিষয়টি জড়িত।

সংরক্ষিত রয়েছে পবিত্র পতাকাসহ নানা নিদর্শন

পবিত্র আমানত কক্ষে শুধু জুব্বা মোবারকই নয়, মহানবী (সা.)-এর স্মৃতিবিজড়িত বলে বিবেচিত আরও বেশ কিছু নিদর্শন রয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর দাড়ি মোবারকের চুল, উহুদ যুদ্ধের সময় ভেঙে যাওয়া দাঁতের একটি অংশ, পায়ের ছাপ হিসেবে সংরক্ষিত নিদর্শন, তরবারি, ধনুক, চিঠি ও ব্যক্তিগত সিলমোহর বলে পরিচিত সামগ্রী।

এ ছাড়া ইসলামের প্রথম চার খলিফা ও সাহাবিদের সঙ্গে সম্পর্কিত তরবারি, কাবা শরিফের চাবি এবং পবিত্র পতাকা ‘সানজাক-ই শরিফ’সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনও এখানে সংরক্ষিত রয়েছে।

উসমানীয় আমলে এসব নিদর্শনের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়। বিভিন্ন সময়ে মিসর, মক্কা, মদিনা এবং অন্যান্য স্থান থেকে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন সামগ্রী তোপকাপি প্রাসাদে আনা হয়।

৫০০ বছরের বেশি সময় ধরে ২৪ ঘণ্টা কুরআন তিলাওয়াত

পবিত্র আমানত কক্ষের সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহ্য হলো নিরবচ্ছিন্ন কুরআন তিলাওয়াত। ১৫১৭ সালে সুলতান প্রথম সেলিমের আমলে এই ঐতিহ্যের সূচনা হয় বলে প্রচলিত ইতিহাসে উল্লেখ রয়েছে।

বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, সুলতান প্রথম সেলিম নিজে ৩৯ জন হাফেজ নিয়োগের নির্দেশ দিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে নিজেও কুরআন তিলাওয়াতে অংশ নেওয়ার কথা বলেছিলেন। সেই সময় থেকে পর্যায়ক্রমে হাফেজদের মাধ্যমে দিন-রাত তিলাওয়াতের ব্যবস্থা চালু হয়।

বর্তমানে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর ২০২৫ সালের ৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২৮ জন হাফেজ পালাক্রমে এই দায়িত্ব পালন করছেন। প্রত্যেকে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা করে তিলাওয়াত করেন। এভাবে প্রতিদিন একবার সম্পূর্ণ কুরআন খতম করা হয়। বছরে মোট ৩৬৫ বার খতম সম্পন্ন হয়।

পাঁচ শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্য এখনো তোপকাপি প্রাসাদের পবিত্র আমানত কক্ষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

পরিষ্কারের সময় ধূলিকণা ফেলা হতো বিশেষ কূপে

পবিত্র আমানত কক্ষের প্রতি উসমানীয় শাসকদের শ্রদ্ধা ও সম্মানের বিষয়টিও ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে তোপকাপি প্রাসাদের সংশ্লিষ্ট বিভাগের প্রধান ইলহান কোকামানের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জানান, পবিত্র জুব্বা মোবারক রাখা কক্ষটি পরিষ্কারের সময় মেঝে থেকে সংগ্রহ করা ধূলিকণা সাধারণ আবর্জনার মতো ফেলে দেওয়া হতো না। বরং সেগুলো একটি বিশেষভাবে খনন করা কূপে রাখা হতো।

এ ছাড়া উসমানীয় সুলতানদের আমলে পবিত্র নিদর্শনগুলো সংরক্ষণের জন্য বিশেষ রাজকীয় আয়োজন করা হতো। প্রতি বছর রমজান মাসের ১৫ তারিখে পবিত্র জুব্বা মোবারকসহ আমানতগুলোকে কেন্দ্র করে বিশেষ দর্শন ও আনুষ্ঠানিকতা পালিত হতো।

আজও ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের অনন্য নিদর্শন

বর্তমানে তোপকাপি প্রাসাদ শুধু উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস জানার স্থান নয়, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণেরও একটি কেন্দ্র। পবিত্র আমানত কক্ষে প্রবেশ করলে দর্শনার্থীরা দেখতে পান বহু শতাব্দী ধরে যত্নে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন। একই সঙ্গে কক্ষের ভেতর থেকে ভেসে আসে পবিত্র কুরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি।

সুলতানদের শাসনব্যবস্থা বদলেছে, উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটেছে, পেরিয়ে গেছে পাঁচ শতাব্দীরও বেশি সময়। কিন্তু তোপকাপি প্রাসাদের এই কক্ষে কুরআন তিলাওয়াতের ঐতিহ্য এখনো টিকে আছে। ইতিহাস, ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ হয়ে রয়েছে ইস্তাম্বুলের এই পবিত্র আমানত কক্ষ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G