এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১৫ নভেম্বর
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্সের ২২তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে এ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর। আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ নভেম্বর পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারের স্বাক্ষরে ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানানো হয়।
আবেদনের যোগ্যতা ও সময়সীমা
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীদের অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট www.fscdtraining.com গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
ঢাকা ক্যাম্পাসে সকাল ও বিকেল, দুই শিফটেই ভর্তির সুযোগ থাকছে। অন্যদিকে চট্টগ্রাম ক্যাম্পাসে শুধু বিকেলের শিফটে শিক্ষার্থী নেওয়া হবে।
ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ
ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় অনলাইনে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফল প্রকাশের পর ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। এ সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে সরাসরি ভর্তি হওয়া যাবে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও ভর্তি কার্যক্রম চালু থাকবে।
ক্লাস শুরু ও কোর্সের মেয়াদ
ছয় মাসের এ প্রশিক্ষণ কোর্সের ক্লাস শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মর্নিং শিফট এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইভিনিং শিফটের ক্লাস চলবে।
তবে প্রয়োজন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে অনলাইনেও পাঠদান পরিচালনা করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কোর্স শেষে চাকরির সুযোগ
প্রশিক্ষণ চলাকালে অগ্নি নিরাপত্তা, অনুসন্ধান, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসার ওপর তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সটি সম্পন্নকারীদের জন্য বিভিন্ন শিল্পকারখানা, বহুতল ভবন এবং বড় অবকাঠামো প্রকল্পে কাজের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মেট্রোরেল, বিদ্যুৎকেন্দ্র (পাওয়ার প্ল্যান্ট) ও অর্থনৈতিক অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নি নিরাপত্তা সংশ্লিষ্ট পদে কাজ করার সম্ভাবনা রয়েছে।
প্রতি / এডি / শাআ





















