ট্রেনের অবস্থান জানতে চালু হলো থ্রিডি লাইভ ম্যাপ
ট্রেন ধরতে স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার ঝামেলা কমাতে পারে একটি বিশেষ অনলাইন সেবা। এখন স্মার্টফোন ব্যবহার করেই জানা সম্ভব, আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি কোথায় রয়েছে, কী গতিতে চলছে কিংবা নির্ধারিত সময়ের চেয়ে কতটা পিছিয়ে আছে। এমনকি ট্রেনটি পরবর্তী স্টেশনে কখন পৌঁছাতে পারে, সে সম্পর্কেও আগাম ধারণা পাওয়া যায়।
বাংলাদেশের রেলযাত্রীদের জন্য এসব সুবিধা দিচ্ছে ‘ট্রেন কোথায়’ (TrainKothai) নামের একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এর সাহায্যে চলন্ত ট্রেনের অবস্থান মানচিত্রে দেখার পাশাপাশি সময়সূচি, যাত্রাপথ এবং বিলম্বের তথ্যও জানা যায়। বিশেষ সুবিধা হলো, এসব তথ্য দেখতে আলাদা অ্যাপ ইনস্টল কিংবা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। ওয়েবসাইট থেকেই ট্রেনের অবস্থান অনুসন্ধান করা যায়। তবে মোবাইল অ্যাপে রয়েছে আরও বাস্তবসম্মত থ্রিডি ম্যাপে ট্রেন দেখার সুবিধা।
মোবাইল অ্যাপে যেভাবে দেখবেন ট্রেনের অবস্থান
স্মার্টফোনে TrainKothai অ্যাপ ব্যবহার করে সহজেই নির্দিষ্ট ট্রেনের অবস্থান খুঁজে নিতে পারবেন। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
- প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে TrainKothai অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপর প্রয়োজনীয় অনুমতি দিয়ে অ্যাপটি চালু করুন।
- অ্যাপের সার্চ অপশনে গিয়ে যে ট্রেনটির অবস্থান জানতে চান, সেটির নাম অথবা নম্বর লিখুন।
- প্রদর্শিত তালিকা থেকে সঠিক ট্রেনটি বেছে নিন। একই নামের একাধিক ট্রেন থাকলে নম্বর ও গন্তব্য মিলিয়ে নির্বাচন করুন।
- ট্রেনের বিস্তারিত পৃষ্ঠায় প্রবেশ করলে বর্তমান অবস্থান, চলার গতি, সর্বশেষ স্টেশন, বিলম্ব এবং পরবর্তী স্টেশনে পৌঁছানোর সম্ভাব্য সময় দেখতে পাবেন।
- মানচিত্রে ট্রেনের অবস্থান দেখতে ‘ম্যাপ’ অপশনে প্রবেশ করুন। সেখানে টুডি ও থ্রিডি, দুই ধরনের ম্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। পছন্দমতো অপশন নির্বাচন করলে ট্রেনটি কোন এলাকার মধ্য দিয়ে যাচ্ছে, তা দেখতে পারবেন।
ট্রেন চলার সঙ্গে সঙ্গে মানচিত্রে অবস্থানের তথ্যও পরিবর্তিত হয়। তবে এই সুবিধা নির্ভর করে সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীদের জিপিএস তথ্য শেয়ার করার ওপর।
নিজের অবস্থান শেয়ার করে সহায়তা করুন
TrainKothai অ্যাপে শুধু অন্য ট্রেনের অবস্থান দেখার সুবিধাই নেই, নিজের অবস্থান শেয়ার করেও অন্য যাত্রীদের সহায়তা করা যায়।
আপনি যদি কোনো ট্রেনে ভ্রমণ করেন, তাহলে অ্যাপের ‘আমি এই ট্রেনে’ (I’m on the train) অপশনটি চালু করতে পারেন। এরপর প্রয়োজনীয় লোকেশন অনুমতি দিলে আপনার জিপিএস অবস্থান যাচাই করে সংশ্লিষ্ট ট্রেনের অবস্থান নির্ণয়ে ব্যবহার করা হবে।
আপনার শেয়ার করা তথ্য একই ট্রেনের অন্য যাত্রীদের কাছেও পৌঁছাতে পারে। ফলে তারাও ট্রেনটি বর্তমানে কোথায় রয়েছে, সে সম্পর্কে ধারণা পাবেন।
অ্যাপ ছাড়াই ওয়েবসাইটে ট্রেনের অবস্থান জানুন
ফোনে নতুন অ্যাপ ইনস্টল করতে না চাইলে সরাসরি ওয়েবসাইট ব্যবহার করেও ট্রেনের তথ্য পাওয়া যাবে। এ জন্য মোবাইল কিংবা কম্পিউটারের ব্রাউজার থেকে TrainKothai-এর ওয়েবসাইটে প্রবেশ করুন।
ওয়েবসাইটের হোমপেজে থাকা সার্চ বক্সে নির্দিষ্ট ট্রেনের নাম অথবা নম্বর লিখে ‘ট্রেন খুঁজুন’ অপশনে ক্লিক করুন। এরপর অনুসন্ধানের ফলাফল থেকে কাঙ্ক্ষিত ট্রেনটি নির্বাচন করলেই এর বিস্তারিত তথ্য দেখা যাবে।
ওয়েবসাইটে ‘লাইভ ট্র্যাকিং’, ‘লাইভ বোর্ড’ এবং ‘সব রুট’ নামে কয়েকটি বিভাগ রয়েছে। লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে চলন্ত ট্রেনের অবস্থান জানা যায়। লাইভ বোর্ডে বিভিন্ন ট্রেনের চলাচলসংক্রান্ত তথ্য পাওয়া যায়। অন্যদিকে, ‘সব রুট’ বিভাগ থেকে দুটি নির্দিষ্ট স্টেশনের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর তালিকা খুঁজে নেওয়া সম্ভব।
যাত্রীদের জিপিএস তথ্যের ওপর নির্ভর করে লাইভ ট্র্যাকিং
TrainKothai-এর কার্যক্রমের বিশেষ দিক হলো, এটি যাত্রীদের অংশগ্রহণে পরিচালিত একটি কমিউনিটিভিত্তিক প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশ রেলওয়ের নিজস্ব বা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কোনো অ্যাপ নয়।
প্ল্যাটফর্মটিতে ট্রেনের সময়সূচি ও রুটের তথ্য বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেওয়া হলেও চলন্ত ট্রেনের অবস্থান নির্ধারণে ব্যবহার করা হয় যাত্রীদের শেয়ার করা জিপিএস তথ্য।
কোনো যাত্রী ট্রেনে উঠে অ্যাপের ‘আমি এই ট্রেনে’ অপশন চালু করে নিজের অবস্থান শেয়ার করলে সিস্টেম সেটি যাচাই করে সংশ্লিষ্ট ট্রেনের সঙ্গে মিলিয়ে নেয়। পরে ওই অবস্থানের তথ্যের ভিত্তিতে ট্রেনের চলাচলের হালনাগাদ চিত্র তৈরি করা হয়। একই ট্রেনের অন্য যাত্রীরাও তখন সেই তথ্য দেখতে পারেন।
অ্যাপটির দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক মিনিট পরপর জিপিএস অবস্থান হালনাগাদ করা হয়। তবে কোনো ট্রেনের যাত্রীরা অবস্থান শেয়ার না করলে কিংবা পর্যাপ্ত জিপিএস তথ্য পাওয়া না গেলে লাইভ ট্র্যাকিং সুবিধা কাজ নাও করতে পারে।
তাই TrainKothai-এ দেখানো অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময়কে চূড়ান্ত তথ্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম পরিবর্তন কিংবা জরুরি সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক তথ্য যাচাই করে নেওয়াই ভালো।
প্রতি / এডি / শাআ



















