আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য কী কী নথি লাগবে

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৬ সময়ঃ ২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৩ অপরাহ্ণ

আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৬-২৭ করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ কর সুবিধা পাবেন। অন্যদিকে, নির্ধারিত সময় পার হলে অতিরিক্ত কর দিতে হবে। সাধারণ করদাতাদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় নিট করের ওপর ৫ শতাংশ কর প্রণোদনা পাওয়া যায়। তবে এ সুবিধার সর্বোচ্চ পরিমাণ ২৫ হাজার টাকা। সেপ্টেম্বর পেরিয়ে যাওয়ায় চলতি করবর্ষে এখন আর এ সুবিধা পাওয়ার সুযোগ নেই।

বর্তমানে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চলছে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো অতিরিক্ত কর দিতে হবে না। তবে ১ জানুয়ারি ২০২৭ থেকে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ওপর ২ শতাংশ অথবা ন্যূনতম ৩ হাজার টাকা, যেটি বেশি, অতিরিক্ত কর দিতে হবে। ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন জমা দিলে অতিরিক্ত করের পরিমাণ হবে প্রদেয় করের ৫ শতাংশ অথবা ন্যূনতম ৫ হাজার টাকা। তাই অতিরিক্ত আর্থিক চাপ এড়াতে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া ভালো।

রিটার্ন প্রস্তুতের সহজ নিয়ম

যারা নতুন করদাতা কিংবা প্রথমবারের মতো নিজেরাই আয়কর রিটার্ন প্রস্তুত করতে চান, তাদের জন্য এনবিআরের প্রকাশিত ‘আয়কর নির্দেশিকা ২০২৬-২০২৭’-এ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশিকার ২৪ থেকে ২৬ পৃষ্ঠায় এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।

অনলাইনে রিটার্ন জমা দিতে প্রথমে এনবিআরের ই-রিটার্ন পোর্টালে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা www.etaxnbr.gov.bd। এরপর নিজের টিআইএন ও বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়া যাবে।

আয়ের উৎস চিহ্নিত করুন

রিটার্ন প্রস্তুতের শুরুতেই নিজের আয়ের উৎসগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। যেমন বেতন, বাড়িভাড়া, কৃষি, ব্যবসা, ব্যাংক আমানতের সুদ, সঞ্চয়পত্রের মুনাফা কিংবা অন্য কোনো উৎস থেকে আয় হলে সংশ্লিষ্ট খাত নির্বাচন করতে হবে।

এ ছাড়া আইন অনুযায়ী কর রেয়াত পাওয়ার যোগ্য বিনিয়োগের তথ্যও রিটার্নে উল্লেখ করতে হবে। এর মধ্যে থাকতে পারে জীবন বীমার প্রিমিয়াম, ডিপিএস, সঞ্চয়পত্র, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। এসব বিনিয়োগের বিপরীতে কর রেয়াত দাবি করতে প্রয়োজনীয় প্রমাণপত্র সংরক্ষণ করতে হবে।

রিটার্নে জীবনযাত্রার ব্যয়, সম্পদ ও দায়ের বিবরণও সঠিকভাবে দিতে হবে। নিজের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট নথির তথ্যের মিল থাকা জরুরি।

রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য কী কী নথি লাগবে

আয়কর রিটার্ন নির্ভুলভাবে প্রস্তুত করতে আয়ের উৎস অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই সংগ্রহ করে রাখা উচিত। সাধারণত যেসব নথি প্রয়োজন হতে পারে, সেগুলো হলো:

বেতন থেকে আয়ের ক্ষেত্রে

  • মূল বেতন, উৎসব ভাতা, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার হিসাবসহ বার্ষিক বেতন বিবরণী।
  • নিয়োগকর্তা বেতন থেকে আয়কর কেটে থাকলে উৎসে কর কর্তনের সনদ বা প্রমাণপত্র।
  • সংশ্লিষ্ট অর্থবছরের ব্যাংক হিসাবের বিবরণী।

ব্যাংক আমানত ও সঞ্চয়পত্র থেকে আয়ের ক্ষেত্রে

  • ব্যাংক হিসাবের বার্ষিক স্টেটমেন্ট।
  • এফডিআর বা সঞ্চয়ী হিসাবের সুদের বিবরণী।
  • ব্যাংক থেকে পাওয়া উৎসে কর কর্তনের সনদ।
  • সঞ্চয়পত্রের মুনাফার বিবরণী ও উৎসে কর কর্তনের সনদ।

বাড়ি বা দোকান ভাড়া থেকে আয়ের ক্ষেত্রে

  • বাড়ি বা দোকান ভাড়ার চুক্তিপত্র।
  • ভাড়া পাওয়ার রসিদ বা ভাড়া জমার ব্যাংক হিসাবের বিবরণী।
  • পৌরসভা বা সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ।
  • গৃহঋণ থাকলে ঋণের বিপরীতে পরিশোধিত সুদের ব্যাংক সনদ।

ব্যবসা বা পেশা থেকে আয়ের ক্ষেত্রে

  • সংশ্লিষ্ট বছরের লাভ-ক্ষতির হিসাব।
  • ব্যবসার উদ্বৃত্তপত্র বা ব্যালান্স শিট।
  • ব্যবসায়িক ব্যাংক হিসাবের স্টেটমেন্ট।
  • ব্যবসার আয় ও ব্যয়ের সমর্থনে প্রয়োজনীয় হিসাবপত্র ও রসিদ।

বিনিয়োগ ও কর রেয়াতের ক্ষেত্রে

  • জীবন বীমার প্রিমিয়াম পরিশোধের রসিদ বা সনদ।
  • ডিপিএসের বার্ষিক জমার সনদ।
  • সঞ্চয়পত্র বা সরকারি সিকিউরিটিজ কেনার রসিদ ও বিবরণী।
  • শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের স্টেটমেন্ট।
  • জাকাত ফান্ড বা এনবিআর অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দিলে তার প্রমাণপত্র।

প্রয়োজনীয় নথি কোথায় পাবেন

প্রথমবার রিটার্ন জমা দিতে গিয়ে অনেক করদাতা বুঝতে পারেন না, প্রয়োজনীয় নথিগুলো কোথা থেকে সংগ্রহ করবেন। বিষয়টি খুব কঠিন নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেই এসব কাগজপত্র পাওয়া যায়।

চাকরিজীবীরা কর্মস্থলের হিসাব বিভাগ বা মানবসম্পদ (এইচআর) বিভাগ থেকে অর্থবছরের বেতন বিবরণী ও উৎসে কর কর্তনের সনদ সংগ্রহ করতে পারবেন।

ব্যাংকে হিসাব, এফডিআর বা ডিপিএস থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা কিংবা ইন্টারনেট ব্যাংকিং সেবা থেকে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী ও কর কর্তনের সনদ সংগ্রহ করা যায়। অনেক ব্যাংক এসব নথি ই-মেইলেও পাঠিয়ে থাকে। অনলাইনে না পেলে সরাসরি ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে।

সঞ্চয়পত্রের মুনাফা ও উৎসে কর কর্তনের সনদ সংগ্রহ করা যাবে যে ব্যাংক বা ডাকঘর থেকে সঞ্চয়পত্র কেনা হয়েছে, সেখান থেকে। জীবন বীমার প্রিমিয়াম পরিশোধের রসিদ পাওয়া যাবে সংশ্লিষ্ট বীমা কোম্পানির শাখায়।

অন্যদিকে, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের হিসাব সংগ্রহ করতে হবে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক কিংবা সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছ থেকে। বিও অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা বিনিয়োগ বিবরণীতেও এসব তথ্য পাওয়া যেতে পারে।

সব নথি সংগ্রহের পর সেগুলোর তথ্য মিলিয়ে আয়, ব্যয়, সম্পদ, দায় ও বিনিয়োগের হিসাব তৈরি করতে হবে। এতে রিটার্ন প্রস্তুত করা সহজ হবে এবং তথ্যের ভুল হওয়ার আশঙ্কাও কমবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G