সমুদ্রের তলদেশ দিয়ে যেভাবে এক দেশ থেকে অন্য দেশে যায় ইন্টারনেট
মুঠোফোন থেকে কাউকে বার্তা পাঠানো, ওয়েবসাইটে প্রবেশ কিংবা অনলাইনে ভিডিও দেখা, সব ক্ষেত্রেই মুহূর্তের মধ্যে তথ্য পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু এত দ্রুত এই তথ্য এক দেশ থেকে আরেক দেশে কীভাবে যায়? এর পেছনে রয়েছে সমুদ্রের তলদেশে বিছানো হাজার হাজার মাইল দীর্ঘ সাবমেরিন ক্যাবলের নেটওয়ার্ক। মানুষের চুলের মতো সরু এসব ক্যাবলের মধ্য দিয়েই আলোর গতির কাছাকাছি বেগে চলাচল করে ইন্টারনেটের তথ্য।
বিশ্বের বিভিন্ন মহাদেশকে সংযুক্ত করতে সমুদ্রের তলদেশে ইতিমধ্যে প্রায় ৭ লাখ ৫০ হাজার মাইল দীর্ঘ ক্যাবল স্থাপন করা হয়েছে। অনেকটা মহাসড়কের মতো এসব ক্যাবল ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করে। ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত তথ্য পাঠানো সম্ভব হয়।
যেভাবে সমুদ্রের তলদেশে বসানো হয় ক্যাবল
সমুদ্রের নিচে ক্যাবল স্থাপনের প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ। প্রথমে বিশেষ পদ্ধতিতে ক্যাবল তৈরি করা হয়। এরপর ৪৫৬ ফুট দীর্ঘ ‘ডিউরেবল’ নামের একটি বিশেষ জাহাজে করে সেগুলো সমুদ্রে নিয়ে যাওয়া হয়।
এসব ক্যাবলের মূল উপাদান অত্যন্ত সরু কাচের তন্তু। ফাইবার অপটিক প্রযুক্তিতে তন্তুগুলোর মধ্য দিয়ে লেজারের সাহায্যে আলোকসংকেত পাঠানো হয়। এই সংকেতের মাধ্যমেই আলোর গতির কাছাকাছি বেগে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যায় তথ্য।
সমুদ্রের তলদেশ পেরিয়ে ক্যাবল যখন স্থলভাগে পৌঁছায়, তখন সেটিকে বিদ্যমান ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। এরপর ওই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পৌঁছে যায় ব্যবহারকারীর মুঠোফোন, কম্পিউটার কিংবা অন্য কোনো ডিজিটাল যন্ত্রে। এভাবেই মুহূর্তের মধ্যে ই-মেইল পড়া, ওয়েবসাইট ব্যবহার কিংবা অনলাইনে ভিডিও দেখার সুযোগ তৈরি হয়।
ক্যাবল বসানোর পথ নির্ধারণে কেন লাগে এক বছর
সমুদ্রের তলদেশে ক্যাবল স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো নিরাপদ পথ নির্বাচন। সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে উপযুক্ত পথ খুঁজে বের করতে প্রায় এক বছর ধরে পরিকল্পনা করতে হয়।
কারণ, সমুদ্রের প্রবল স্রোত, পাথরধস, ভূমিকম্প কিংবা মাছ ধরার ট্রলারের নোঙরের আঘাতে ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়েই ক্যাবল বসানোর পথ নির্ধারণ করা হয়।
সাধারণত প্রতিটি ক্যাবল ২৫ বছর পর্যন্ত কার্যকর রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়। দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে ক্যাবল স্থাপন থেকে শুরু করে এর পথ নির্বাচন, প্রতিটি ধাপেই সতর্ক পরিকল্পনা করতে হয়।
প্রতি / এডি / শাআ




















