১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, জেনে নিন আবেদনের নিয়ম
ইউরোপের শ্রমবাজারে কাজ করতে আগ্রহীদের জন্য বড় সুযোগ তৈরি করছে ইতালি। ২০২৭ ও ২০২৮ সালে বিভিন্ন দেশ থেকে মোট ৩ লাখ ৩২ হাজার ৭০০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। এ সুযোগের আওতায় বাংলাদেশিরাও কাজের জন্য আবেদন করতে পারবেন।
ইতালির ২০২৬-২০২৮ মেয়াদের কর্মী নিয়োগ পরিকল্পনায় আগামী দুই বছরের জন্য এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কৃষি, পর্যটন, পরিবহন, পণ্য পরিবহন ও গুদাম ব্যবস্থাপনা, ধাতব শিল্প, খাদ্য উৎপাদন এবং পরিবার ও বয়স্কদের সেবার মতো খাতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। তাঁদের মধ্যে ৭৬ হাজার ২০০ জন নিয়োগ পাবেন অমৌসুমি কাজে। কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য রাখা হয়েছে ৮৯ হাজার কর্মীর কোটা। এ ছাড়া স্বনিয়োজিত পেশায় কাজের সুযোগ পাবেন ৬৫০ জন। অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দ করা কোটার মধ্যে ১৪ হাজার জন কাজ করতে পারবেন পারিবারিক পরিচর্যা খাতে।
২০২৮ সালে নিয়োগের লক্ষ্যমাত্রা আরও এক হাজার বাড়িয়ে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন করা হয়েছে। এ বছর অমৌসুমি কাজের জন্য ৭৬ হাজার ২০০ জন, মৌসুমি কাজের জন্য ৯০ হাজার জন এবং স্বনিয়োজিত পেশার জন্য ৬৫০ জনের কোটা রাখা হয়েছে।
সব মিলিয়ে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে ইতালির। এর মধ্যে চলতি ২০২৬ সালের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটা। ওই বছরের নিয়োগ কার্যক্রমের নির্ধারিত সময়সূচি ইতিমধ্যে শেষ হয়েছে। ফলে নতুন করে কর্মী নিয়োগের জন্য এখন ২০২৭ ও ২০২৮ সালের সুযোগের দিকে তাকিয়ে আছেন আগ্রহীরা।
ইতালিতে কাজের আবেদন করবেন যেভাবে
ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের বিষয়টি পরিচালিত হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’ বা কর্মী নিয়োগসংক্রান্ত সরকারি বিধানের মাধ্যমে। এই প্রক্রিয়ায় সরাসরি বিদেশি কর্মী আবেদন করতে পারেন না। বরং ইতালিতে অবস্থানরত বৈধ নিয়োগকর্তাকেই কর্মী নিয়োগের আবেদন করতে হয়।
এ জন্য প্রথমে ইতালির কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার কাছ থেকে কাজের প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা কর্মীর প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করবেন।
ইতালি সরকারের নির্দেশনা অনুসারে, ২০২৭ সালের নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। এই কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদন ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য ব্যবহার করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI অনলাইন পোর্টাল।
আবেদনের ক্ষেত্রে কর্মীর পাসপোর্টের অনুলিপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও নথি দিতে হতে পারে। নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে কর্মীকে ভিসার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে নির্ধারিত কোটায় নাম থাকলেই ভিসা নিশ্চিত হয় না। সব শর্ত যাচাই করে ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইতালি দূতাবাস।
বিদেশগামী কর্মীদের বিনা খরচে প্রশিক্ষণের উদ্যোগ
ইতালিতে কাজ করতে যাওয়া বিদেশি কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা তৈরির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগও রয়েছে। এ প্রশিক্ষণের ব্যয় সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের অধীনে এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। কোন খাতে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, তা নির্ভর করবে ইতালির নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর চাহিদার ওপর।
প্রথমে প্রতিষ্ঠানগুলো কতজন কর্মী প্রয়োজন এবং তাঁদের কী ধরনের দক্ষতা থাকতে হবে, সে বিষয়ে তথ্য দেবে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি, উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
ইতালিতে চাকরির নামে প্রতারণা থেকে সাবধান
ইতালিতে কর্মী নিয়োগের সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রদূত। তাঁর পরামর্শ, কাজের ব্যবস্থা বা ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তা এড়িয়ে চলতে হবে।
রাষ্ট্রদূত জানিয়েছেন, কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। তাই মধ্যস্থতার নামে কেউ টাকা চাইলে সতর্ক হওয়া জরুরি। এ ধরনের আর্থিক লেনদেনের কারণে ভিসা পাওয়ার প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে।
ইতালিতে কাজ করতে আগ্রহীদের নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল, ইতালি দূতাবাস এবং বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্দেশনা অনুসরণ করা উচিত। বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ভিসার আবেদন করতে হবে।
প্রতি / এডি / শাআ





















