শীতের শুষ্কতা থেকে ত্বক রক্ষায় মেনে চলুন ৭টি সহজ নিয়ম
শীত এলেই ত্বকের স্বাভাবিক কোমলতা অনেকটা কমে যায়। ঠান্ডা বাতাসের পাশাপাশি ঘরের শুষ্ক পরিবেশও ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে ত্বকে টান অনুভূত হয়, দেখা দেয় রুক্ষতা ও খসখসে ভাব। অনেকের ক্ষেত্রে ত্বক ফেটে যাওয়া কিংবা লালচে হওয়ার সমস্যাও দেখা দিতে পারে।
তবে শীতকালে একটু সচেতন হলেই ত্বকের এসব সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। এজন্য প্রতিদিনের রূপচর্চার অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। সঠিক প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
চলুন, জেনে নেওয়া যাক শীতকালে ত্বক সুস্থ, কোমল ও আর্দ্র রাখতে করণীয় সাতটি বিষয়।
১. ত্বক পরিষ্কারে মৃদু ক্লিনজার বেছে নিন
শীতকালে মুখ পরিষ্কারের জন্য অতিরিক্ত শক্তিশালী বা ত্বক শুষ্ক করে ফেলে এমন ফেসওয়াশ ব্যবহার করা ঠিক নয়। এর পরিবর্তে মৃদু ক্লিনজার ব্যবহার করুন। এতে মুখের ময়লা পরিষ্কার হওয়ার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্যও বজায় থাকে।
২. নিয়মিত মৃত কোষ দূর করুন
ত্বকের উপরিভাগে মৃত কোষ জমে থাকলে ত্বক অনুজ্জ্বল ও খসখসে দেখাতে পারে। এ সমস্যা কমাতে সপ্তাহে একবার মৃদু এক্সফোলিয়েটর ব্যবহার করা যেতে পারে। তবে ত্বক অতিরিক্ত শুষ্ক বা সংবেদনশীল হলে এক্সফোলিয়েশন এড়িয়ে চলুন কিংবা ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
৩. রূপচর্চায় রাখুন হাইড্রেটিং সিরাম
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হাইড্রেটিং সিরাম ব্যবহার করতে পারেন। হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ত্বকে পানি ধরে রাখতে সহায়তা করে। অন্যদিকে নায়াসিনামাইড ত্বকের সুরক্ষাব্যবস্থা ভালো রাখতে এবং শুষ্কতার কারণে হওয়া অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। সিরাম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগানো ভালো।
৪. ময়েশ্চারাইজার ব্যবহারে নিয়মিত হন
শীতের সময় ত্বকের যত্নে ময়েশ্চারাইজার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণগুলোর একটি। এ সময়ে তুলনামূলক ঘন ও ক্রিমজাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। গোসল বা মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।
৫. রাতে ব্যবহার করুন ফেস অয়েল বা নাইট মাস্ক
ঘুমানোর আগে ত্বকের বাড়তি যত্ন নিতে ফেস অয়েল কিংবা ময়েশ্চারাইজিং নাইট মাস্ক ব্যবহার করা যেতে পারে। এগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। বিশেষ করে শুষ্ক ত্বকের ক্ষেত্রে রাতে ময়েশ্চারাইজার ব্যবহারের পর উপযোগী ফেস অয়েল লাগালে উপকার পাওয়া যেতে পারে। তবে ত্বকের ধরন বুঝে পণ্য নির্বাচন করা জরুরি।
৬. মুখের পাশাপাশি শরীরের ত্বকের যত্ন নিন
শীতকালে শুধু মুখ নয়, হাত-পা ও শরীরের অন্যান্য অংশের ত্বকও শুষ্ক হয়ে যায়। তাই গোসলের পরপরই শরীরের ত্বক কিছুটা ভেজা থাকতে বডি লোশন বা ময়েশ্চারাইজিং ক্রিম লাগান। এতে ত্বকের আর্দ্রতা দীর্ঘক্ষণ বজায় থাকে। বিশেষ করে কনুই, হাঁটু ও গোড়ালির মতো শুষ্ক হওয়ার প্রবণতা বেশি এমন জায়গায় বাড়তি যত্ন নিন।
৭. শীতেও সানস্ক্রিন ব্যবহার করুন
অনেকেই মনে করেন, শীতকালে রোদের তীব্রতা কম থাকায় সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। ধারণাটি ঠিক নয়। মেঘলা দিনেও অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে যাওয়ার আগে কমপক্ষে এসপিএফ ৩০ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রয়োজন অনুযায়ী আবার লাগান।
ত্বকের যত্নে বাড়তি কিছু সতর্কতা
ত্বক ভালো রাখতে শুধু প্রসাধনী ব্যবহার করলেই হবে না, দৈনন্দিন অভ্যাসেও কিছু পরিবর্তন আনতে হবে। যেমন:
- প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
- অতিরিক্ত গরম পানিতে গোসল করবেন না। কুসুম গরম পানি ব্যবহার করুন।
- ঠোঁটের শুষ্কতা এড়াতে নিয়মিত লিপবাম লাগান।
- হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম বা লোশন ব্যবহার করুন।
- ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।
- হিটার বা আগুনের খুব কাছে দীর্ঘ সময় অবস্থান করা এড়িয়ে চলুন।
শীতকালে ত্বকের সুস্থতা ধরে রাখতে নিয়মিত পরিচর্যা এবং সঠিক পণ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। ত্বকে অতিরিক্ত চুলকানি, ফাটল বা দীর্ঘস্থায়ী জ্বালাপোড়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রতি / এডি / শাআ






















