পৃথিবীর সবচেয়ে বিরলতম মাছ, এক গুহায় টিকে আছে মাত্র ১৩৭টি
পৃথিবীতে এমন একটি মাছ রয়েছে, যার পুরো প্রজাতির আবাসস্থল মাত্র একটি ছোট জলাধার। প্রতিকূল পরিবেশ, খাবারের অভাব, জলবায়ু পরিবর্তন এমনকি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে মাছটিকে। নাম ডেভিলস হোল পাপফিশ। বৈজ্ঞানিক নাম Cyprinodon diabolis। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের কাছাকাছি ডেভিলস হোল নামের একটি প্রাকৃতিক জলাধার ছাড়া পৃথিবীর আর কোথাও বন্য পরিবেশে এই মাছের অস্তিত্ব পাওয়া যায় না। বর্তমানে এদের সংখ্যা কিছুটা বাড়লেও বিলুপ্তির ঝুঁকি এখনো কাটেনি।
কোথায় থাকে এই বিরল মাছ?
ডেভিলস হোল পাপফিশের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল ডেভিলস হোল নামের একটি চুনাপাথরের গভীর জলাধার। এটি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের কাছাকাছি অবস্থিত। বন্য পরিবেশে স্বাধীনভাবে বসবাসকারী মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এই মাছের ভৌগোলিক বিস্তৃতি সবচেয়ে ছোট বলে বিবেচিত হয়।
ধারণা করা হয়, প্রায় পাঁচ লাখ বছর আগে চুনাপাথরের গুহাটির ছাদ ধসে পড়ার পর এর ভেতরের পানি উন্মুক্ত হয়ে যায়। পরবর্তী সময়ে মাছগুলো এই বিচ্ছিন্ন জলাধারেই বসবাস শুরু করে। বর্তমানে তাদের জীবন পুরোপুরি এই সীমিত জলজ পরিবেশের ওপর নির্ভরশীল।
প্রতিকূল পরিবেশেই বেঁচে থাকার লড়াই
ডেভিলস হোলের পানির তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। পানিতে অক্সিজেনের পরিমাণও তুলনামূলক কম। খাবারের উৎস সীমিত হওয়ায় এমন পরিবেশে টিকে থাকা যেকোনো প্রাণীর জন্য কঠিন। কিন্তু দীর্ঘ সময় ধরে বিবর্তনের মাধ্যমে ডেভিলস হোল পাপফিশ এই প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে।
মাছগুলো আকারে খুবই ছোট। পূর্ণবয়স্ক একটি মাছের দৈর্ঘ্য প্রায় আড়াই সেন্টিমিটার। এদের খাবারের প্রধান উৎসের মধ্যে রয়েছে শেওলা ও অন্যান্য ক্ষুদ্র জৈব উপাদান। জলাধারের অগভীর অংশে এসব খাবার পাওয়া যায়। সেখানেই মাছগুলো ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে।
তবে খাবারের সংকট, জিনগত বৈচিত্র্যের অভাব, পানির তাপমাত্রা বৃদ্ধি এবং অক্সিজেনের স্বল্পতা তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
একসময় সংখ্যা নেমে এসেছিল কয়েক ডজনে
বিজ্ঞানীরা ১৯৭০-এর দশকের শুরু থেকে ডেভিলস হোল পাপফিশের সংখ্যা ও জীবনযাত্রা পর্যবেক্ষণ করে আসছেন। সে সময় জলাধারের গভীর অংশে স্কুবা ডাইভার পাঠিয়ে মাছের সংখ্যা গণনা করা হয়েছিল। পর্যবেক্ষণে প্রায় ২০০টি মাছের অস্তিত্ব পাওয়া যায়।
পরবর্তী সময়ে নানা কারণে তাদের সংখ্যা কমতে থাকে। ২০১৩ সালের দিকে এক পর্যায়ে মাছের সংখ্যা ৩৫ থেকে ৬৮টির মধ্যে নেমে আসে। এতে প্রজাতিটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা ছিল, কোনো বড় ধরনের বিপর্যয় ঘটলে অল্পসংখ্যক মাছ নিয়ে টিকে থাকা এই প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে।
মাছগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা
ডেভিলস হোল পাপফিশকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বিজ্ঞানীরা বিকল্প আবাসস্থল তৈরির বিষয়টি বিবেচনা করছেন। তবে এত ছোট ও বিপন্ন একটি প্রজাতির মাছ অন্য জায়গায় স্থানান্তর করা বেশ ঝুঁকিপূর্ণ। অসতর্কভাবে মাছ সরাতে গেলে স্থানান্তরের সময় প্রাণহানি ঘটতে পারে। একই সঙ্গে মূল জলাধারে থাকা মাছের সংখ্যাও বিপজ্জনকভাবে কমে যেতে পারে।
এই সমস্যা সমাধানে কাজ করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির পরিবেশবিজ্ঞানী স্টিভেন বেসিঙ্গার। তিনি কম্পিউটারভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ মডেল তৈরি করে মাছ স্থানান্তরের সম্ভাব্য পদ্ধতিগুলো পরীক্ষা করেন। কোন বয়সের কতটি মাছ বা ডিম সরানো হলে মূল প্রজাতির ওপর সবচেয়ে কম প্রভাব পড়বে, সেটিই ছিল গবেষণার অন্যতম লক্ষ্য।
মডেলটির হিসাব অনুযায়ী, বছরে সর্বোচ্চ ছয়টি প্রাপ্তবয়স্ক মাছ স্থানান্তর করা যেতে পারে। এ কাজের জন্য শরৎকালকে সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয়েছে।
বেসিঙ্গারের মতে, কোনো প্রাণী মানুষের সরাসরি উপকারে আসে কি না, শুধু তার ওপর ভিত্তি করে তার বেঁচে থাকার অধিকার নির্ধারণ করা উচিত নয়। ডেভিলস হোল পাপফিশেরও পৃথিবীতে টিকে থাকার অধিকার রয়েছে।
ভূমিকম্পে আরও বিপদের মুখে পড়ে মাছগুলো
২০২৫ সালের মার্চ মাসে ডেভিলস হোল পাপফিশের সংখ্যা কমে মাত্র ২০টিতে দাঁড়ায়। ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের তথ্য অনুযায়ী, এর আগের কয়েক মাসে দুটি ভূমিকম্পের কারণে মাছগুলোর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ভূমিকম্পের প্রভাবে জলাধারের পানিতে প্রায় ছয় ফুট উঁচু ঢেউ তৈরি হয়। এতে অগভীর অংশে থাকা শেওলা ও মাছের ডিম পানির গভীরে তলিয়ে যায়। ফলে মাছের খাবার ও প্রজননের পরিবেশ দুটিই ক্ষতিগ্রস্ত হয়।
ডেভিলস হোলের গভীরতা এখনো পুরোপুরি জানা যায়নি। ডুবুরিরা প্রায় ৪৩৬ ফুট পর্যন্ত নেমেও এর তলদেশের সন্ধান পাননি। জলাধারের এই গভীর ও বিচ্ছিন্ন পরিবেশ মাছগুলোর জীবনযাত্রাকে আরও জটিল করে তুলেছে।
কৃত্রিম প্রজননে ফিরছে আশার আলো
মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পর বিজ্ঞানীরা কৃত্রিম পরিবেশে এদের বংশবৃদ্ধির উদ্যোগ নেন। সেখানে প্রজননের মাধ্যমে উৎপাদিত মাছ পরে ডেভিলস হোলের জলাধারে অবমুক্ত করা হয়। এই উদ্যোগের ইতিবাচক ফলও পাওয়া যায়।
২০২৫ সালের বসন্তেই মাছের সংখ্যা বেড়ে ৭৭টিতে পৌঁছায়। পরে ন্যাশনাল পার্ক সার্ভিসের হিসাবে এ সংখ্যা আরও বেড়ে প্রায় ১৩৭টিতে দাঁড়ায়। সংখ্যাটি এখনো অত্যন্ত কম হলেও সংরক্ষণ কার্যক্রমের ফলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের সুপারিনটেনডেন্ট মাইক রেনল্ডস জানিয়েছেন, মাছগুলোকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সাম্প্রতিক সাফল্য সংরক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী করেছে সংশ্লিষ্টদের।
কীভাবে এত বিচ্ছিন্ন হয়ে পড়ল মাছগুলো?
বিজ্ঞানীদের ধারণা, প্রায় ২০ লাখ বছর আগে এ অঞ্চলের পরিবেশ বর্তমানের তুলনায় অনেক বেশি আর্দ্র ছিল। সে সময় জলপ্রবাহের মাধ্যমে পাপফিশের পূর্বপুরুষেরা ডেভিলস হোল এলাকায় পৌঁছেছিল। পরবর্তী সময়ে প্রায় ১০ হাজার থেকে ২০ হাজার বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলটি ধীরে ধীরে শুষ্ক মরুভূমিতে পরিণত হয়।
একপর্যায়ে ডেভিলস হোল বাইরের নদী ও অন্যান্য জলপ্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে মাছগুলো একটি সীমিত জলাধারের মধ্যেই আটকে যায়। দীর্ঘদিন একই ছোট জনগোষ্ঠীর মধ্যে বংশবিস্তার করতে থাকায় তাদের জিনগত বৈচিত্র্যও অত্যন্ত কমে গেছে।
কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে আবাসস্থল
অত্যন্ত কমসংখ্যক মাছের অস্তিত্ব রক্ষায় ডেভিলস হোল এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। চোরাকারবারি, অননুমোদিত প্রবেশ এবং মানুষের অন্যান্য কর্মকাণ্ড থেকে মাছগুলোকে সুরক্ষিত রাখতে পুরো জলাধারটি বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক ভিডিও ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।
মাত্র একটি ছোট জলাধারে টিকে থাকা এই মাছ প্রকৃতির অভিযোজনক্ষমতার এক বিস্ময়কর উদাহরণ। তবে তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। কৃত্রিম প্রজনন ও সংরক্ষণ কার্যক্রমে সংখ্যা বাড়লেও জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং জিনগত সীমাবদ্ধতার ঝুঁকি রয়ে গেছে। তাই ডেভিলস হোল পাপফিশকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বিজ্ঞানীদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।
প্রতি / এডি / শাআ



















