২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীর চিত্র আগামী কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে। জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার, বয়সের পার্থক্য, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে এ রূপান্তর ঘটবে। নতুন এক গবেষণার পূর্বাভাস বলছে, ২০৩৫ সালের মধ্যেই অনুসারীর সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন মুসলিমরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, খ্রিষ্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বাড়লেও মুসলিমদের বৃদ্ধির গতি তুলনামূলক অনেক বেশি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩০০ কোটিতে।
‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণাটি গত ১৮ নভেম্বর প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। এতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেন না, এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের ২০১টি দেশ ও ভূখণ্ডের তথ্য নিয়ে তৈরি এ বিশ্লেষণ বৈশ্বিক জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশকে প্রতিনিধিত্ব করে। গবেষণাটি করেছেন কনরাড হ্যাকেটসহ ছয়জন গবেষক।
জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে থাকবেন মুসলিমরা
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মোট জনসংখ্যা প্রায় ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময়ে মুসলিম ও খ্রিষ্টানদের জনসংখ্যা বৃদ্ধির হার বৈশ্বিক গড়ের সমান বা তার চেয়ে বেশি থাকবে।
পাঁচ দশকে খ্রিষ্টানদের সংখ্যা বাড়তে পারে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা ৮০ শতাংশ। ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিলেন প্রায় ২৩০ কোটি এবং মুসলিম ছিলেন প্রায় ২০২ কোটি।
মুসলিমদের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে তাঁদের মোট অংশ ২০২০ সালের ২৬ শতাংশ থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ৩৬ শতাংশ হতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের অনুপাত প্রায় ২৯ শতাংশে স্থির থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
হিন্দু ও ইহুদিদের মোট সংখ্যা বাড়লেও বিশ্বের জনসংখ্যার তুলনায় তাঁদের অংশ কিছুটা কমতে পারে। বৌদ্ধদের ক্ষেত্রে সংখ্যা ও অনুপাত দুটিই হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
বাহাই, তাওবাদী, জৈন, শিখ ও বিভিন্ন লোকধর্মের অনুসারীদের নিয়ে গঠিত অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর সংখ্যা সামান্য বাড়বে। তবে বিশ্ব জনসংখ্যায় তাঁদের সম্মিলিত অংশ ২ শতাংশের নিচে নেমে আসতে পারে। এ ছাড়া কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন, এমন মানুষের অনুপাত ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
অঞ্চলভেদে বদলে যাবে ধর্মীয় জনসংখ্যার চিত্র
গবেষণায় বলা হয়েছে, আগামী কয়েক দশকে বিশ্বের ছয়টি প্রধান অঞ্চলের সবকটিতেই মোট জনসংখ্যার তুলনায় মুসলিমদের অংশ বাড়তে পারে। অন্যদিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোতে খ্রিষ্টানদের অনুপাত কমার সম্ভাবনা রয়েছে।
ইউরোপে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়বে। বর্তমানে এ অঞ্চলে তাঁদের অংশ প্রায় এক-চতুর্থাংশ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় এক-তৃতীয়াংশ হতে পারে। একই সময়ে ইউরোপে মুসলিমদের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। বর্তমানে এ অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ২০৪০ সালের মধ্যে মুসলিমরা তাঁদের ছাড়িয়ে বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন। হিন্দুরা এ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন।
উত্তর আমেরিকাতেও খ্রিষ্টানদের অবস্থানে পরিবর্তন আসবে। ২০২০ সালে এ অঞ্চলের মোট জনসংখ্যার ৬৩ শতাংশ ছিলেন খ্রিষ্টান। ২০৭০ সালে এ হার কমে ৪৬ শতাংশে দাঁড়াতে পারে। ফলে অঞ্চলটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতার অবস্থান হারাবে।
দেশভিত্তিক হিসাবেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে গবেষণাটি। ২০২০ সালে বিশ্বের ১৯৪টি দেশে অন্তত একটি ধর্মীয় জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ ছিল। ২০৭০ সালে এ সংখ্যা কমে ১৮৫টিতে দাঁড়াতে পারে।
খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ১২০টি থেকে কমে ১১০টিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির মতো দেশও এ তালিকা থেকে বাদ পড়তে পারে।
অন্যদিকে আইভরি কোস্টে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৩টি থেকে বেড়ে ৫৪টি হতে পারে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছালে এ ধরনের দেশের সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়াবে। এ ছাড়া মঙ্গোলিয়া ও লাওস বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতার অবস্থান হারাতে পারে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা বাড়বে দ্রুত
বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের বসবাস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ২০২০ সালে এ অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি। এখানকার সবচেয়ে বড় ধর্মীয় পরিচয়ভিত্তিক গোষ্ঠী হলো ধর্মীয় পরিচয়হীন মানুষ।
২০২০ সালে এ অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা ছিল প্রায় ১৫০ কোটি। তবে ২০৭০ সালে তা কমে প্রায় ১১০ কোটিতে নেমে আসতে পারে। বিশেষ করে চীনের জনসংখ্যা হ্রাস এ পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে। কারণ, বিশ্বের ধর্মীয় পরিচয়হীন মানুষের বড় একটি অংশ চীনে বসবাস করেন।
অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পিউ রিসার্চের হিসাবে, ২০৪০ সালের মধ্যে মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম গোষ্ঠী হতে পারেন।
২০৭০ সালে এ অঞ্চলে মুসলিমের সংখ্যা প্রায় ১৮০ কোটিতে পৌঁছাতে পারে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ৬১ কোটি ৯০ লাখ বেশি। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটিই এ অঞ্চলে অবস্থিত। দেশগুলো হলো পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসবে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলেও মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়তে পারে। ২০২০ সালে সাব-সাহারান আফ্রিকায় মুসলিম ছিলেন প্রায় ৩৬ কোটি ৯০ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৯৮ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৩৩ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের অনুপাত ৬২ শতাংশ থেকে কমে ৫৯ শতাংশে দাঁড়াতে পারে।
বাংলাদেশের ধর্মীয় জনসংখ্যায় কী পরিবর্তন আসবে
পিউ রিসার্চের পূর্বাভাসে বাংলাদেশের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল প্রায় ১৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে মুসলিম ছিলেন ৯১ দশমিক ১ শতাংশ। ২০৭০ সালে দেশের জনসংখ্যা বেড়ে প্রায় ২৩ কোটি ৭২ লাখ হতে পারে। তখন মুসলিমদের অনুপাত বেড়ে দাঁড়াতে পারে ৯২ শতাংশে।
অন্যদিকে দেশে হিন্দুদের জনসংখ্যার অনুপাত কিছুটা কমতে পারে। ২০২০ সালে মোট জনসংখ্যার ৭ দশমিক ৯ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এ হার কমে ৬ দশমিক ৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে অনুপাত কমলেও হিন্দুদের মোট সংখ্যা বাড়তে পারে। ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় ১ কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখ হতে পারে।
গবেষণার হিসাবে, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হবে। আর হিন্দু জনসংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান হতে পারে তৃতীয়।
ভারতে হিন্দুদের অনুপাত কমলেও বাড়বে সংখ্যা
বিশ্বের সবচেয়ে বেশি হিন্দুর বসবাস ভারতে। আগামী পাঁচ দশকেও এ অবস্থান ধরে রাখবে দেশটি। তবে ভারতের মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।
২০২০ সালে ভারতের জনসংখ্যার ৭৯ দশমিক ৪ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এ হার কমে ৭৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে মোট সংখ্যা কমবে না। বরং ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দুদের সংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে।
অন্যদিকে ভারতে মুসলিমদের সংখ্যা ও জনসংখ্যায় তাঁদের অংশ দুটিই বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে দেশটিতে মুসলিম ছিলেন প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে।
ফলে ভারতের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ১৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে।
কেন বাড়ছে মুসলিম জনসংখ্যা
ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে ধর্ম পরিবর্তনকে অনেকে প্রধান কারণ মনে করলেও গবেষকেরা বলছেন, বাস্তবে জন্ম ও মৃত্যুর ব্যবধানই এ পরিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক। এর পাশাপাশি বয়সের কাঠামো, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনেরও প্রভাব রয়েছে।
পিউ রিসার্চের বিশ্লেষণে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো বয়সের কাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্মীয় পরিচয় পরিবর্তন এবং অভিবাসন।
গবেষণায় দেখা গেছে, মুসলিম জনগোষ্ঠীর বয়সের গড় অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় কম। পাশাপাশি তাঁদের সন্তান জন্মদানের হারও বেশি। এ দুটি বিষয় মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুসলিম জনগোষ্ঠী তুলনামূলক তরুণ
২০২০ সালের তথ্য অনুযায়ী, মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৪ বছর। অন্যদিকে অমুসলিমদের ক্ষেত্রে এ বয়স ৩৩ বছর।
মধ্যম বয়স বলতে এমন বয়সকে বোঝায়, যার নিচে ও ওপরে জনসংখ্যার সমান অংশ অবস্থান করে। অর্থাৎ, মুসলিম জনগোষ্ঠীর অর্ধেকের বয়স ছিল ২৪ বছর বা তার কম। বিপরীতে অমুসলিমদের অর্ধেকের বয়স ছিল ৩৩ বছর বা তার কম।
পরিসংখ্যানে আরও দেখা গেছে, মুসলিমদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ১৫ বছরের নিচে। অন্যদিকে বৌদ্ধ ও ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীর ক্ষেত্রে এ হার ২০ শতাংশেরও কম।
এর অর্থ, মুসলিম জনগোষ্ঠীর বড় একটি অংশ বর্তমানে সন্তান জন্মদানের বয়সে রয়েছে অথবা অদূর ভবিষ্যতে সে বয়সে পৌঁছাবে। ফলে আগামী দিনগুলোতে এ জনগোষ্ঠীতে জন্মের সংখ্যা তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
বিশ্বজুড়েই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ২০২০ সালে ৫০ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত ছিল ২৪ শতাংশ। ২০৭০ সালে তা বেড়ে ৩৮ শতাংশ হতে পারে।
তবে তখনো মুসলিমরাই সবচেয়ে তরুণ ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে থাকতে পারেন। ২০৭০ সালে মুসলিমদের মধ্যে ৫০ বছর বা তার বেশি বয়সীদের অংশ হতে পারে ৩১ শতাংশ। খ্রিষ্টানদের ক্ষেত্রে এ হার হতে পারে ৩৪ শতাংশ।
সন্তান জন্মদানের হারে এগিয়ে মুসলিম নারীরা
জনসংখ্যা বৃদ্ধির আরেকটি বড় কারণ হলো সন্তান জন্মদানের হার। ২০২০ থেকে ২০২৫ সালের হিসাব অনুযায়ী, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দিয়েছেন। অমুসলিম নারীদের ক্ষেত্রে এ হার ছিল গড়ে ২টি।
ধর্মীয় জনগোষ্ঠীভিত্তিক হিসাবে খ্রিষ্টান নারীদের গড় সন্তান জন্মদানের হার ২ দশমিক ৫, ইহুদি নারীদের ২ দশমিক ৩, অন্যান্য ধর্মের অনুসারীদের ২ দশমিক ১, হিন্দু নারীদের ১ দশমিক ৯, বৌদ্ধ নারীদের ১ দশমিক ৬ এবং ধর্মীয় পরিচয়হীন নারীদের ১ দশমিক ৩।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েরা আনুমানিক ২৫ কোটি ২০ লাখ সন্তানের জন্ম দিয়েছেন। একই সময়ে খ্রিষ্টান মায়েদের সন্তান জন্মদানের সংখ্যা ছিল প্রায় ২০ কোটি ৮০ লাখ।
পূর্বাভাস বলছে, আগামী কয়েক দশকে মুসলিমদের মধ্যে জন্মের সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে জন্মের সংখ্যা স্থিতিশীল থাকতে পারে অথবা ধীরে ধীরে কমতে পারে।
তবে গবেষকেরা ভবিষ্যতের জন্মহার নির্ধারণের ক্ষেত্রে বর্তমান হারকেই অপরিবর্তিত ধরে নেননি। যেসব দেশে বর্তমানে সন্তান জন্মদানের হার বেশি, সময়ের সঙ্গে সেসব দেশে এ হার কমে আসবে বলে হিসাব করা হয়েছে।
এ কারণে ২০৭০ সাল নাগাদ মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার কমে ২ দশমিক ২ হতে পারে। তারপরও অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় এ হার বেশি থাকবে।
বাড়বে মানুষের গড় আয়ু
বিশ্বজুড়ে মানুষের গড় আয়ুও বাড়ছে। ২০২০ সালে বিশ্বে গড় আয়ু ছিল ৭২ বছর। ২০৭০ সালে তা বেড়ে ৭৯ বছর হতে পারে।
তবে অঞ্চলভেদে এ ক্ষেত্রে পার্থক্য থাকবে। ২০২০ সালে ইউরোপে মানুষের গড় আয়ু ছিল ৭৮ বছর। সাব-সাহারান আফ্রিকায় তা ছিল ৬১ বছর। ২০৭০ সালে ইউরোপে গড় আয়ু ৮৬ বছর এবং সাব-সাহারান আফ্রিকায় ৭০ বছর হতে পারে।
ধর্মীয় জনগোষ্ঠী অনুযায়ী মানুষের গড় আয়ুর নির্ভরযোগ্য আলাদা তথ্য না থাকায় গবেষকেরা সংশ্লিষ্ট দেশের সামগ্রিক গড় আয়ুকে সব ধর্মের মানুষের ক্ষেত্রে সমান হিসেবে বিবেচনা করেছেন।
এ কারণে ধর্মভিত্তিক গড় আয়ুর পার্থক্য মূলত কোন ধর্মের অনুসারীরা বিশ্বের কোন অঞ্চলে বেশি বসবাস করেন, তার ওপর নির্ভরশীল।
২০২০ সালের হিসাবে ইহুদিদের গড় আয়ু ছিল সবচেয়ে বেশি, ৮০ বছর। ধর্মীয় পরিচয়হীনদের ৭৮ বছর এবং বৌদ্ধদের ৭৬ বছর। অন্যদিকে খ্রিষ্টানদের গড় আয়ু ছিল ৭১ বছর, হিন্দুদের ৭০ বছর এবং মুসলিমদের ৬৮ বছর।
তবে ২০৭০ সালে মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর গড় আয়ু বেড়ে ৭৭ বছর হতে পারে।
ধর্মীয় পরিচয় পরিবর্তনেও আসছে প্রভাব
শুধু জন্ম ও মৃত্যুর হিসাব নয়, মানুষের ধর্মীয় পরিচয় পরিবর্তনের বিষয়টিও জনসংখ্যার পূর্বাভাসে বিবেচনা করা হয়েছে।
গবেষণায় ধর্মীয় পরিচয় পরিবর্তন বলতে শৈশবে যে ধর্মের পরিচয়ে একজন মানুষ বড় হয়েছেন, পরবর্তী জীবনে তা ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা অথবা কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত না থাকাকে বোঝানো হয়েছে।
এ ক্ষেত্রে একই ধর্মের ভেতরে মতবাদ বা সম্প্রদায় পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়নি। যেমন, প্রোটেস্ট্যান্ট থেকে ক্যাথলিক হওয়াকে ধর্মীয় পরিচয় পরিবর্তন হিসেবে ধরা হয়নি।
২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে ১১২টি দেশ ও ভূখণ্ডে পরিচালিত বিভিন্ন জরিপের তথ্য ব্যবহার করে এ হিসাব তৈরি করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, শৈশবে পাওয়া ধর্মীয় পরিচয় ধরে রাখার ক্ষেত্রে মুসলিম ও হিন্দুরা সবচেয়ে এগিয়ে। উভয় জনগোষ্ঠীর প্রায় ৯৯ শতাংশ মানুষ বড় হওয়ার পরও একই ধর্মীয় পরিচয়ে থাকেন।
এ ক্ষেত্রে ধর্মীয় পরিচয়হীন মানুষের হার ৯২ শতাংশ। খ্রিষ্টানদের ৮৫ শতাংশ, বৌদ্ধদের ৮৩ শতাংশ এবং অন্যান্য ধর্মের অনুসারীদের ৭৮ শতাংশ মানুষ শৈশবের ধর্মীয় পরিচয় ধরে রাখেন।
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মে নতুন করে যুক্ত হওয়া প্রতি একজনের বিপরীতে প্রায় ২ দশমিক ৩ জন এ ধর্ম ছেড়েছেন। ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীর ক্ষেত্রেও নতুন করে যুক্ত হওয়া প্রতি একজনের বিপরীতে প্রায় ২ দশমিক ৪ জন এ পরিচয় ছেড়েছেন।
সব মিলিয়ে পিউ রিসার্চের গবেষণা বলছে, আগামী পাঁচ দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার বিন্যাসে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তুলনামূলক কম বয়সী জনগোষ্ঠী, বেশি জন্মহার এবং ভৌগোলিক অবস্থানের কারণে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়বে। তবে গবেষণার এসব পরিসংখ্যান নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে কী ঘটতে পারে, তারই একটি পূর্বাভাস।
প্রতি / এডি / শাআ





















