বিশ্বের দীর্ঘতম ট্রেনের দৈর্ঘ্য সাড়ে ৭ কিলোমিটার, কোন দেশে চলে এই ট্রেন?

প্রকাশঃ নভেম্বর ২০, ২০২৬ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

রেলক্রসিংয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে ট্রেন পার হওয়ার অপেক্ষা করার অভিজ্ঞতা অনেকেরই আছে। বিশেষ করে ধীরগতির মালবাহী ট্রেন হলে অপেক্ষার সময় আরও দীর্ঘ মনে হয়। একটির পর একটি বগি পার হতে থাকে, কিন্তু শেষ হওয়ার যেন নামই নেই। এবার এমনই এক বিশাল মালবাহী ট্রেন চালিয়ে আলোচনায় এসেছে দক্ষিণ আফ্রিকা। ট্রেনটির দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটারেরও বেশি। এতে ছিল ৬৯৬টি বগি।

গত ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সমুদ্রতীরবর্তী শহর সালদানহা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। দেশটির নর্দার্ন কেপ ও ওয়েস্টার্ন কেপ অঞ্চলের মধ্য দিয়ে চলাচল করা এই ট্রেনটি ৭ হাজার ৬০২ মিটার দীর্ঘ। ৭৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি নর্দার্ন কেপের খনিগুলোয় পৌঁছায়। পুরো পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে প্রায় এক দিন।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন ও সরবরাহ প্রতিষ্ঠান ট্রান্সনেটের সহযোগী বিভাগ ট্রান্সনেট ফ্রেইট রেল (টিএফআর) এই বিশেষ ট্রেন পরিচালনা করে। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে রেলপথে চলাচলকারী বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনের রেকর্ড নতুন করে গড়েছে তারা। তবে দাবিটির স্বাধীন যাচাই এখনো সম্পন্ন হয়নি।

দীর্ঘতম ট্রেনের রেকর্ড নিয়ে প্রতিযোগিতা

দীর্ঘতম ট্রেনের রেকর্ড নিয়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিনের প্রতিযোগিতা রয়েছে। প্রায় ২৫ বছর ধরে এই রেকর্ডের মালিক ছিল অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওর। ২০০১ সালে প্রতিষ্ঠানটি ৬৮২টি বগি যুক্ত করে ৭ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন চালায়। পশ্চিম অস্ট্রেলিয়ায় ২৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল ট্রেনটি।

এর আগে ১৯৮৯ সালে দক্ষিণ আফ্রিকার টিএফআরের পূর্বসূরি প্রতিষ্ঠান স্পুরনেট দীর্ঘতম ট্রেন চালানোর রেকর্ড গড়েছিল। সে সময় প্রায় ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন রপ্তানি রেলপথের ৮৬১ কিলোমিটার পথ অতিক্রম করে। সিশেন থেকে সালদানহা পর্যন্ত সেই যাত্রা শেষ করতে ট্রেনটির সময় লেগেছিল ২৭ ঘণ্টা।

২০০১ সালে অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওর সেই রেকর্ড ভেঙে দেয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক তালিকায় অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটির রেকর্ডই স্বীকৃত রয়েছে।

টিএফআরের এক প্রতিনিধি সিএনএনকে জানিয়েছেন, নতুন রেকর্ডের স্বীকৃতি পেতে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে যোগাযোগ করছে। তবে স্বীকৃতি পাওয়ার জন্য ট্রেনটির দৈর্ঘ্য ও যাত্রার বিষয়ে শক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে। কারণ, ট্রেনটি চালানোর পর রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য যোগাযোগ করা হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, কোনো রেকর্ড গড়ার চেষ্টা শুরুর আগেই আবেদন জমা দিয়ে কর্তৃপক্ষের পর্যালোচনা নিতে হয়।

রেকর্ডের চেয়ে বড় ছিল প্রযুক্তিগত পরীক্ষা

বিশ্বের দীর্ঘতম ট্রেন চালানোর দাবি থাকলেও এই উদ্যোগের উদ্দেশ্য শুধু রেকর্ড গড়া ছিল না। এর মাধ্যমে দীর্ঘ মালবাহী ট্রেন পরিচালনার সক্ষমতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং ভবিষ্যতের পরিবহনব্যবস্থা নিয়ে পরীক্ষা চালানো হয়েছে।

পরীক্ষামূলক ট্রেনটির ৬৯৬টি বগির কোনোটিতেই পণ্য বোঝাই ছিল না। তারপরও ট্রেনটির মোট ওজন ছিল ১৫ হাজার ৮৩০ টন। এত বড় ট্রেনের পুরো দৈর্ঘ্যজুড়ে চলাচলের সময় যে চাপ ও টান তৈরি হয়, তা নিয়ন্ত্রণ করা ছিল বড় চ্যালেঞ্জ।

টিএফআরের প্রধান নির্বাহী রাসেল বাটজিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিশ্ব রেকর্ড গড়া অবশ্যই বড় অর্জন। তবে এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এর মাধ্যমে পাওয়া প্রযুক্তিগত জ্ঞান ও পরিচালনাসংক্রান্ত অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতে রেল পরিচালনাব্যবস্থার উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং মালবাহী রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে কাজে লাগবে।

এত দীর্ঘ ট্রেন চালানো কেন কঠিন?

সাধারণ রেলপথে সাড়ে সাত কিলোমিটারের বেশি দীর্ঘ ট্রেন চালানো সহজ কাজ নয়। কারণ, অধিকাংশ রেলপথ এত বড় ট্রেন চলাচলের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয় না। ফলে ট্রেনের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে এর বিভিন্ন অংশের মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখা, ব্রেক নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

টিএফআরের তথ্য অনুযায়ী, এই রেলপথে সাধারণত চলাচলকারী মালবাহী ট্রেনে ৩৪৮টি বগি থাকে। উৎপাদন কাজে ব্যবহৃত এসব ট্রেনের দৈর্ঘ্যও বিশ্বে উল্লেখযোগ্য। কিন্তু নতুন পরীক্ষামূলক ট্রেনটি ছিল সাধারণ ট্রেনের প্রায় দ্বিগুণ দীর্ঘ।

প্রযুক্তির উন্নতির কারণে গত কয়েক দশকে বিভিন্ন দেশে মালবাহী ট্রেনের দৈর্ঘ্য ও পণ্য পরিবহনের ক্ষমতা বেড়েছে। তবে ট্রেন যত বড় হচ্ছে, দীর্ঘ সময় ধরে এর কার্যক্ষমতা ও নিরাপত্তা বজায় রাখা নিয়ে তত বেশি উদ্বেগ তৈরি হচ্ছে।

২০২৫ সালের একটি গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ ট্রেনের বিভিন্ন অংশে বারবার বিপুল চাপ তৈরি হয়। একাধিক বগি ও ইঞ্জিনের মধ্যে ধাক্কা ও টানার প্রভাবে ট্রেনের চাকা এবং রেললাইনের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

নতুন ট্রেনটি রাখার মতো পর্যাপ্ত জায়গাও ছিল না রেল ইয়ার্ডে। ট্রেনটির দৈর্ঘ্য নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের প্রায় দ্বিগুণ হওয়ায় মূল রেললাইনেই এটি তৈরি করতে হয়। প্রথমে ২৩২টি করে বগি নিয়ে তিনটি অংশ তৈরি করা হয়। পরে সেগুলো একসঙ্গে যুক্ত করা হয়। জোড়া লাগানোর আগে প্রতিটি বগি পরীক্ষা করা হয়। বিশেষভাবে দেখা হয়, বগিগুলোর ব্রেক ঠিকভাবে কাজ করছে কি না।

এই রেলপথে চলাচলকারী সাধারণ মালবাহী ট্রেন একবারে ৩৪ হাজার ৮০০ টন আকরিক লৌহ পরিবহন করতে পারে। তবে পরীক্ষামূলক ট্রেনটির বগিগুলো খালি থাকায় এর ওজন ছিল তুলনামূলক কম। তা সত্ত্বেও ১৫ হাজার ৮৩০ টন ওজনের ট্রেনটির পুরো দৈর্ঘ্যজুড়ে চাপ ও টানের শক্তি নিয়ন্ত্রণ করা ছিল বড় প্রযুক্তিগত পরীক্ষা।

১২টি ইঞ্জিনের সমন্বয়ে চলেছে ট্রেন

এত বড় ট্রেন চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘রেডিও ডিস্ট্রিবিউটেড পাওয়ার’ প্রযুক্তি। এই ব্যবস্থায় ট্রেনের বিভিন্ন অংশে মোট ১২টি বৈদ্যুতিক ও ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন যুক্ত করা হয়। পরে তারবিহীন রেডিও সংকেতের মাধ্যমে ইঞ্জিনগুলোর মধ্যে সমন্বয় করা হয়।

সাধারণত ট্রেনের সামনের ইঞ্জিন থেকে তৈরি হওয়া শক্তি পুরো ট্রেনের ওপর প্রভাব ফেলে। কিন্তু এত দীর্ঘ ট্রেনের ক্ষেত্রে শুধু সামনের অংশ থেকে টান দেওয়া হলে পেছনের বগিগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। একইভাবে ব্রেক করার সময়ও পুরো ট্রেনের গতি একসঙ্গে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

রেডিও প্রযুক্তির মাধ্যমে ট্রেনের বিভিন্ন অংশে থাকা ইঞ্জিনগুলোকে একসঙ্গে কাজ করানো সম্ভব হয়েছে। এতে ট্রেনের সামনের পাশাপাশি মাঝের ও পেছনের অংশেও টানার শক্তি এবং ব্রেক করার ক্ষমতা ছড়িয়ে দেওয়া যায়।

এই প্রযুক্তি ব্যবহার করেই ৬৯৬টি বগি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে দক্ষিণ আফ্রিকার পরীক্ষামূলক ট্রেনটি। রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া না গেলেও মালবাহী রেল পরিবহনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G