পৃথিবীর বিস্ময়কর এক শহর, যেখানে সূর্যের দেখা মিলবে না টানা ৬৫ দিন

প্রকাশঃ নভেম্বর ২২, ২০২৬ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

দুপুরের আকাশ, অথচ চারদিকে সন্ধ্যার মতো অন্ধকার। ঘড়িতে তখন দুপুর ১টা ৪২ মিনিট। অন্য শহরে যখন দিনের ব্যস্ততা, তখন আলাস্কার একটি শহরে অস্ত যাচ্ছে বছরের শেষ সূর্য। এরপর টানা ৬৫ দিন সূর্য আর দিগন্তের ওপরে উঠবে না। দিনের আলো ছাড়াই কাটবে কয়েক সপ্তাহ। আবার সূর্যের দেখা মিলবে নতুন বছরের ২৩ জানুয়ারি।

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উত্তর প্রান্তে অবস্থিত উতকিয়াগভিক শহরের বাসিন্দাদের জন্য এটি প্রতিবছরের পরিচিত প্রাকৃতিক ঘটনা। ২০২৬ সালের ১৮ নভেম্বর, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে শহরটিতে বছরের শেষ সূর্যাস্ত হয়েছে। এরপর ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে দীর্ঘ মেরুরাত্রি বা ‘পোলার নাইট’। ২০২৭ সালের ২২ জানুয়ারি পর্যন্ত সূর্য দিগন্তের নিচেই থাকবে। পরদিন ২৩ জানুয়ারি দুপুরের দিকে আবার সূর্যোদয় হবে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিষয়ক সংবাদমাধ্যম অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, উতকিয়াগভিকে ৬৫ দিন সূর্যোদয় দেখা যাবে না। তবে এই সময় পুরোপুরি অন্ধকারে ঢাকা থাকবে না শহরটি। দিনের নির্দিষ্ট সময়ে আকাশে দেখা মিলবে গোধূলির ক্ষীণ আলো।

কোথায় অবস্থিত এই শহর?

উতকিয়াগভিক যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর। একসময় শহরটি ব্যারো নামে পরিচিত ছিল। ২০১৬ সালে এর নাম পরিবর্তন করে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে উতকিয়াগভিক রাখা হয়।

শহরটি আর্কটিক সার্কলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত। এর কাছেই রয়েছে চুকচি ও বোফোর্ট সাগরের সংযোগস্থল। ভৌগোলিক অবস্থানের কারণেই বছরের একটি নির্দিষ্ট সময়ে এখানে সূর্যের আলো পৌঁছায় না।

১৮ নভেম্বর শহরটিতে সূর্য উঠেছিল দুপুর ১২টা ৪১ মিনিটে। প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর দুপুর ১টা ৪২ মিনিটে অস্ত যায়। এরপর থেকে শুরু হয় টানা সূর্যহীন সময়।

কেন টানা ৬৫ দিন সূর্য ওঠে না?

এর পেছনে রয়েছে পৃথিবীর অক্ষের হেলে থাকা এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর বার্ষিক পরিক্রমণ। পৃথিবীর ঘূর্ণন অক্ষ কক্ষপথের তুলনায় প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে রয়েছে। এ কারণে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো পড়ার পরিমাণে পরিবর্তন ঘটে।

উত্তর গোলার্ধে শীতকাল এলে এই অংশ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। ফলে উত্তর মেরুর কাছাকাছি এলাকাগুলোতে সূর্যের আলো পাওয়ার সময় ক্রমশ কমতে থাকে।

উতকিয়াগভিকের মতো আর্কটিক অঞ্চলের শহরে শীতের একপর্যায়ে সূর্যের দৈনিক গতিপথ পুরোপুরি দিগন্তের নিচে চলে যায়। ফলে সূর্য আকাশে উঠলেও শহরটির অবস্থান থেকে তাকে দেখা যায় না। এই প্রাকৃতিক ঘটনাকেই বলা হয় পোলার নাইট বা মেরুরাত্রি।

এটি শুধু এক দিনের ঘটনা নয়। পৃথিবীর অবস্থান ও ঋতু পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রতিবছর একই সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে মেরুর কাছাকাছি অবস্থান করা বিভিন্ন এলাকায় পোলার নাইটের স্থায়িত্ব এক রকম নয়।

৬৫ দিন মানেই কি একটানা অন্ধকার?

উতকিয়াগভিকের দীর্ঘ রাতের সবচেয়ে বিস্ময়কর দিক হলো, সূর্য না উঠলেও দিনের একটি নির্দিষ্ট সময়ে আকাশে কিছুটা আলো দেখা যায়।

এ সময়কে বলা হয় ‘সিভিল টোয়াইলাইট’ বা নাগরিক গোধূলি। সূর্য দিগন্তের নিচে থাকলেও তার আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। ফলে দুপুরের দিকে দক্ষিণ আকাশে নীলচে, লালচে কিংবা কমলা আভা তৈরি হয়।

বিশেষ করে ২১ ডিসেম্বর, উত্তর গোলার্ধের শীতকালীন অয়নান্তের দিনে উতকিয়াগভিকে প্রায় তিন ঘণ্টা সিভিল টোয়াইলাইট থাকে। এ সময় সূর্য দিগন্তের প্রায় পাঁচ ডিগ্রি নিচে অবস্থান করে। ফলে সূর্যোদয় না হলেও দিনের মাঝামাঝি সময়ে চারপাশ কিছুটা আলোকিত হয়।

তবে শীত যত বাড়ে, সূর্যের আলো ততটাই দুর্বল হয়ে পড়ে। তাই দিনের এই ক্ষীণ আলোও রাতের অন্ধকার পুরোপুরি দূর করতে পারে না।

সূর্য না উঠলেও থেমে থাকে না মানুষের জীবন

উতকিয়াগভিক শহরে কয়েক হাজার মানুষের বসবাস। বছরের দীর্ঘ সময় সূর্যের আলো না পেলেও এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়ে যায় না।

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলে, অফিস-আদালতে মানুষ কাজে যান। দৈনন্দিন কেনাকাটা, সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনও চলতে থাকে। তবে দিনের আলো না থাকায় অনেক কাজের জন্য কৃত্রিম আলোর ওপর নির্ভর করতে হয়।

শহরটির স্থানীয় ইনুপিয়াত জনগোষ্ঠীর জীবনযাত্রায় শিকার, মাছ ধরা ও সেলাইয়ের মতো ঐতিহ্যবাহী কাজ এখনো গুরুত্বপূর্ণ। ঋতু, আবহাওয়া এবং সমুদ্রের বরফের পরিস্থিতি বিবেচনা করে তাঁদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘ শীতের সময় বাইরে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। তীব্র ঠান্ডা, প্রবল বাতাস ও বরফে ঢাকা পরিবেশে চলাফেরা বেশ কঠিন হয়ে ওঠে। তাই বাসিন্দারা আবহাওয়ার পূর্বাভাস দেখে বাইরে যাওয়ার পরিকল্পনা করেন।

আকাশ পরিষ্কার থাকলে এ সময় মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস দেখার সুযোগও তৈরি হয়। রাতের আকাশে সবুজ, বেগুনি কিংবা অন্য রঙের আলোর নাচন প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ।

শীতের অন্ধকারের পর আসে ২৪ ঘণ্টার আলো

উতকিয়াগভিকের প্রকৃতিতে শীতের দীর্ঘ রাতের ঠিক বিপরীত চিত্র দেখা যায় গ্রীষ্মকালে। তখন সূর্য দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করে। একপর্যায়ে শুরু হয় ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময়।

সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে আগস্টের শুরুর দিক পর্যন্ত শহরটিতে সূর্য অস্ত যায় না। অর্থাৎ রাতের সময়েও আকাশে সূর্য দেখা যায়। প্রায় ৮৩ দিন ধরে চলতে পারে এই বিরামহীন দিনের আলো।

একদিকে শীতকালে টানা ৬৫ দিন সূর্যোদয় নেই, অন্যদিকে গ্রীষ্মে প্রায় ৮৩ দিন সূর্যাস্ত নেই। পৃথিবীর অক্ষের হেলে থাকার কারণেই একই শহরে প্রকৃতির এমন দুই বিপরীত রূপ দেখা যায়।

প্রকৃতির এই অদ্ভুত নিয়মের সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানিয়ে নিয়েছেন উতকিয়াগভিকের বাসিন্দারা। তাঁদের কাছে দীর্ঘ রাত কিংবা মধ্যরাতের সূর্য শুধু বিস্ময়ের বিষয় নয়, বরং স্বাভাবিক জীবনযাত্রারই অংশ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G