একই গ্রামের বাসিন্দা, তবু প্রতিবেশীর বাড়ি যেতে লাগে ভিসা!

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০২৬ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৬ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

সীমান্তের দুই পাশে পাশাপাশি বাড়ি। মাঝখানে একটি সীমান্ত পিলার। একই পুকুর, একই মাঠ, একসঙ্গে বেড়ে ওঠা শৈশবের বন্ধু আর দুই দেশে ছড়িয়ে থাকা আত্মীয়স্বজন। ভৌগোলিক দূরত্ব সামান্য হলেও রাষ্ট্রীয় সীমানার কারণে অনেকের কাছে স্বজনদের বাড়িতে যাওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। দেখা করতে হলে প্রয়োজন পাসপোর্ট ও ভিসা। সাতক্ষীরার ভোমরা সীমান্তের কয়েকটি গ্রামের মানুষের জীবনে এমন বাস্তবতাই প্রতিদিনের সঙ্গী।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে সীমান্তের এপার-ওপারে রয়েছে পাঁচ ভাইয়ের পাঁচটি বাড়ি। তাঁদের মধ্যে চার ভাই ভারতের নাগরিক, আর ছোট ভাই শওকত গাজী থাকেন বাংলাদেশে। বাড়িগুলোর মাঝখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। দুই দেশের সীমানা চিহ্নিত করে রেখেছে কেবল একটি সীমান্ত পিলার। নাগরিকত্ব আলাদা হলেও ভাইদের পারিবারিক সম্পর্কের বন্ধন অটুট রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. পলাশ হোসেনের ভাষ্য, হাড়দ্দাহ সীমান্তবর্তী বাংলাদেশ অংশে ১৫টি পরিবার এবং ভারতের পানিতর গ্রামে প্রায় ২২টি পরিবার বসবাস করে। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রয়েছে। একে অপরের বাড়িতে যাওয়া, একসঙ্গে খাওয়াদাওয়া করা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনাও ঘটে। তবে সীমান্ত পারাপারের আগে বিজিবিকে অবহিত করতে হয়।

সীমান্তের এপার-ওপারে স্বাভাবিক জীবন

সীমান্তের কাছেই শরিফুল ইসলামের চা ও মুদি দোকান। সেখানে বাংলাদেশিদের পাশাপাশি ভারতের নাগরিকেরাও কেনাকাটা করতে আসেন। দুই দেশের শিশুরাও একসঙ্গে খেলাধুলা করে। তাদের কাছে সীমান্তের রেখা বন্ধুত্বের পথে বড় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

তবে ভোমরা ইউনিয়নের সব এলাকায় এমন চিত্র দেখা যায় না। ইউনিয়নের অন্য কিছু অংশে ধানখেতের আইলই দুই দেশের সীমানা নির্ধারণ করেছে। পাশাপাশি বসবাস করলেও সেসব এলাকার অনেক মানুষের মধ্যে যোগাযোগ নেই বললেই চলে। বিজিবি ও বিএসএফের নিয়মিত টহল এবং সীমান্তসংক্রান্ত বিধিনিষেধের কারণে স্বাভাবিক চলাচলও সীমিত।

দেশভাগের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে

১৯৪৭ সালের দেশভাগের পর বহু পরিবার দুই দেশে ছড়িয়ে পড়ে। সময়ের ব্যবধানে প্রজন্ম বদলালেও সীমান্তের ওপারে রয়ে গেছেন অনেকের আত্মীয়স্বজন। তাঁদের সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হলেও সরাসরি দেখা করতে প্রয়োজন হয় ভিসার।

ভোমরা গ্রামের হোসেন গাজীর পরিবারও এমন বিচ্ছিন্নতার অভিজ্ঞতা বহন করছে। তাঁর নানা বাংলাদেশে চলে এলেও নানার ভাই ও দুই বোন থেকে যান ভারতের মুর্শিদাবাদে। মুঠোফোনে যোগাযোগ থাকলেও ইচ্ছা হলেই তাঁদের কাছে যাওয়া সম্ভব হয় না।

পদ্মশাখড়া গ্রামের ৬৫ বছর বয়সী শহিদুল ইসলামের আক্ষেপ আরও গভীর। তাঁর শ্বশুরবাড়ি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে। তিন মাস আগে শাশুড়ির মৃত্যু হলেও ভিসা না পাওয়ায় শেষবারের মতো তাঁকে দেখতে যেতে পারেননি। স্বজনদের দেখেছেন ভিডিও কলে। ২০১৪ সালে শেষবার আত্মীয়দের সঙ্গে সরাসরি দেখা হয়েছিল তাঁর।

শহিদুল ইসলামের দাবি, তাঁদের গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষের আত্মীয়স্বজন ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করেন। ফলে সীমান্তের কারণে স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার অভিজ্ঞতা অনেক পরিবারেরই রয়েছে।

মানুষ যেতে পারে না, কবুতর ঠিকই যায়

দাসপাড়া গ্রামের কৌশিক দাসের বাড়ি সীমান্তের খুব কাছেই। সীমান্তের ওপারে রয়েছে তাঁর মাসির বাড়ি। ছোটবেলায় সেখানে যাতায়াতের সুযোগ থাকলেও এখন আর আগের মতো যেতে পারেন না তিনি। স্বজনদের বাড়ি যেতে যেখানে পাসপোর্ট-ভিসার প্রয়োজন, সেখানে তাঁর পোষা কবুতরগুলোর চলাচলে যেন কোনো বাধাই নেই।

কৌশিক দাসের ১৫ জোড়া কবুতর নিয়মিত সীমান্ত পেরিয়ে ভারতের অংশে চলে যায়। কিছুক্ষণ পর আবার নিজের বাড়িতে ফিরে আসে। মানুষের জন্য যে সীমান্ত পার হওয়া কঠিন, সেই সীমান্তই কবুতরগুলোর কাছে স্বাভাবিক চলাচলের পথ।

ভোমরা সীমান্তের দুই পাশের জীবন তাই এক রকম নয়। কোথাও পাশাপাশি বসবাস করা মানুষজনের মধ্যে রয়েছে আত্মীয়তা, বন্ধুত্ব ও নিয়মিত যোগাযোগ। আবার কোথাও দেশভাগের পর তৈরি হওয়া দূরত্ব এখনো কাটেনি। সীমান্ত পিলার দুই দেশের ভূখণ্ড আলাদা করলেও মানুষের স্মৃতি ও সম্পর্ককে সব জায়গায় বিচ্ছিন্ন করতে পারেনি। কিন্তু স্বজনদের কাছে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট-ভিসার বাধা অনেকের জীবনে বিচ্ছেদের কষ্টকে প্রতিদিন নতুন করে মনে করিয়ে দেয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G