মহাকাশে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ, পৃথিবীর জন্য কতটা ভয়ংকর হতে পারে?
পৃথিবী থেকে কয়েক শ কিলোমিটার ওপরে প্রতিনিয়ত ঘুরছে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। আধুনিক পৃথিবীর যোগাযোগব্যবস্থা থেকে শুরু করে ইন্টারনেট, আবহাওয়ার পূর্বাভাস, উড়োজাহাজ ও জাহাজ চলাচল, এমনকি সামরিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ কাজেও এগুলোর ভূমিকা অপরিসীম। মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রের নিরাপত্তা পর্যন্ত অনেক কিছুই এখন মহাকাশে থাকা এসব যন্ত্রের ওপর নির্ভরশীল।
কিন্তু পৃথিবীর কক্ষপথে হঠাৎ একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটলে কী ঘটতে পারে? এর প্রভাব কি শুধু আশপাশের কয়েকটি স্যাটেলাইটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বিপর্যস্ত হবে গোটা বিশ্বের যোগাযোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা? বিজ্ঞানীদের আশঙ্কা, মহাকাশে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এর তেজস্ক্রিয় বিকিরণ ও শক্তিশালী তড়িৎ-চুম্বকীয় প্রভাবের কারণে একই সঙ্গে বিপুলসংখ্যক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়তে পারে ইন্টারনেট, ব্যাংকিং, নেভিগেশন, আবহাওয়া পর্যবেক্ষণ ও সামরিক যোগাযোগব্যবস্থায়।
এমন আশঙ্কাই নতুন করে আলোচনায় এসেছে চলতি বছরের নভেম্বরে। জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুংয়ের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বিনিময় হওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কথিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। এটি কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে এবং মস্কো অঞ্চলে সংরক্ষণ করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। নভেম্বরের শুরুতে ন্যাটোভুক্ত কয়েকটি দেশের মধ্যে আদান-প্রদান হওয়া গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়, আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে।
এ খবর সামনে আসার পর পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ২৩ নভেম্বর জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুতে বলেন, জোটের প্রতিটি সদস্যদেশের ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের নিরাপত্তাও এর বাইরে নয়। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জোটের হাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে অভিহিত করেছে।
তবে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইটের ধারণাটি কতটা ভয়ংকর? সাধারণ স্যাটেলাইটের সঙ্গে এর পার্থক্য কোথায়? মহাকাশে এমন অস্ত্র বিস্ফোরিত হলে কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবীর যোগাযোগ ও নিরাপত্তাব্যবস্থা? এসব প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইটের কার্যপ্রণালি।
পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট আসলে কী
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট হলো মানুষের তৈরি এমন একটি মহাকাশযান, যা রকেটের সাহায্যে পৃথিবীর বাইরে পাঠানো হয় এবং নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর মাধ্যমে পৃথিবীর ছবি সংগ্রহ, টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস এবং বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয়ের মতো কাজ করা হয়।
কিন্তু পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট সাধারণ কোনো যোগাযোগ বা গবেষণার উপগ্রহ নয়। এটি এমন একটি মহাকাশযান, যার ভেতরে পারমাণবিক বিস্ফোরক বা ওয়ারহেড বহনের ব্যবস্থা থাকে। এর উদ্দেশ্য হতে পারে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের স্যাটেলাইট ও মহাকাশভিত্তিক প্রযুক্তিকে অকার্যকর করে দেওয়া।
প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় এ ধরনের অস্ত্রের দুটি সম্ভাব্য ব্যবহার উঠে আসে। প্রথমটি হলো কক্ষপথ থেকে পৃথিবীর লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালানো। এ ধারণার সঙ্গে ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম বা এফওবিএসের সম্পর্ক রয়েছে। দ্বিতীয়টি হলো মহাকাশে থাকা প্রতিপক্ষের স্যাটেলাইট ধ্বংস বা অকার্যকর করা। একে বলা হয় অ্যান্টি-স্যাটেলাইট বা এ-স্যাট অস্ত্র।
বর্তমান আলোচনায় দ্বিতীয় ধরনের ব্যবহারটিই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে। কারণ, একটি পারমাণবিক বিস্ফোরণের প্রভাব নির্দিষ্ট একটি স্যাটেলাইটে সীমাবদ্ধ না থেকে আশপাশের বিস্তীর্ণ মহাকাশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
বিস্ফোরণে কীভাবে অচল হতে পারে স্যাটেলাইট
পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে ভূপৃষ্ঠে বিস্ফোরণের মতো প্রচলিত আগুনের গোলা কিংবা বাতাসের প্রচণ্ড ধাক্কা তৈরি হয় না। এর পরিবর্তে বিপুল পরিমাণ শক্তিশালী বিকিরণ, উচ্চশক্তির কণা এবং তড়িৎ-চুম্বকীয় প্রভাব তৈরি হয়।
এর মধ্যে অন্যতম হলো ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি। এটি অত্যন্ত শক্তিশালী তড়িৎ-চুম্বকীয় প্রভাব, যা বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ব্যবস্থায় বিপর্যয় ঘটাতে পারে। মহাকাশে বিস্ফোরণের ফলে তৈরি হওয়া বিকিরণ স্যাটেলাইটের সংবেদনশীল ইলেকট্রনিক যন্ত্রাংশ, সৌরকোষ ও বিভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিশেষ করে বিস্ফোরণের পর পৃথিবীর চৌম্বকক্ষেত্রে উচ্চশক্তির কণা আটকে গিয়ে কৃত্রিম তেজস্ক্রিয় বলয় তৈরি করতে পারে। এই বলয়ের মধ্য দিয়ে চলাচলকারী স্যাটেলাইটগুলো দীর্ঘ সময় ধরে বিকিরণের শিকার হতে পারে। ফলে কোনো স্যাটেলাইট বিস্ফোরণের সময় সরাসরি ধ্বংস না হলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা থাকে।
এ ধরনের পরিস্থিতিতে সামরিক যোগাযোগব্যবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী ড্রোন পরিচালনা, ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ, শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করা এবং বিভিন্ন সামরিক ইউনিটের মধ্যে তথ্য আদান-প্রদানে স্যাটেলাইট ব্যবহার করে। এসব উপগ্রহ অকার্যকর হয়ে গেলে সামরিক বাহিনীর নজরদারি ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
তবে এর ক্ষতি শুধু সামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে না। বাণিজ্যিক যোগাযোগ, ইন্টারনেট, ব্যাংকিং লেনদেন, উড়োজাহাজের নেভিগেশন এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাও বিপর্যয়ের মুখে পড়তে পারে।
আরও বড় সমস্যা হলো, মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে শুধু শত্রুপক্ষের স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু করা সম্ভব নয়। একই কক্ষপথে থাকা মিত্রদেশ, নিরপেক্ষ রাষ্ট্র কিংবা হামলাকারী দেশের নিজেদের স্যাটেলাইটও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইতিহাসে কি কখনো মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠানো হয়েছিল
স্থায়ীভাবে পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট মোতায়েনের কোনো স্বীকৃত ঐতিহাসিক নজির নেই। তবে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এ ধরনের অস্ত্রের প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে ব্যাপক গবেষণা ও পরীক্ষা চালিয়েছিল।
১৯৬০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ‘ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম’ বা এফওবিএস নামে একটি বিশেষ ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু করে। এ ব্যবস্থায় পারমাণবিক ওয়ারহেড বহনকারী একটি রকেটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল। এটি পূর্ণ একবার পৃথিবী প্রদক্ষিণ করার আগেই কক্ষপথ থেকে বেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে নেমে আসতে পারত।
এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রচলিত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণব্যবস্থাকে ফাঁকি দেওয়া। কারণ, প্রচলিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সাধারণত নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে। কিন্তু কক্ষপথভিত্তিক এ ব্যবস্থায় তুলনামূলক ভিন্ন দিক থেকে আঘাত হানার সুযোগ তৈরি হতে পারত।
১৯৬৮ সাল থেকে সোভিয়েত ইউনিয়ন এ প্রযুক্তির পরীক্ষা চালায়। পরীক্ষাগুলোতে প্রকৃত পারমাণবিক ওয়ারহেডের পরিবর্তে নকল ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল।
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত সল্ট-২ চুক্তিতে কক্ষপথে পারমাণবিক অস্ত্র পাঠানোর ব্যবস্থা নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছিল। তবে চুক্তিটি কখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন ১৯৮০-এর দশকের শুরুতে এফওবিএস কর্মসূচি বন্ধ করে দেয়। ১৯৮৩ সালের মধ্যে এর শেষ ক্ষেপণাস্ত্রটিও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।
স্টারফিশ প্রাইম: মহাকাশে পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহ অভিজ্ঞতা
মহাকাশে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র মোতায়েন না করা হলেও সেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর ঘটনা রয়েছে। ১৯৫৮ থেকে ১৯৬২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বায়ুমণ্ডলের ওপরের স্তর এবং মহাকাশে বেশ কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালায়। এসব পরীক্ষার মধ্যে সবচেয়ে আলোচিত হলো যুক্তরাষ্ট্রের ‘স্টারফিশ প্রাইম’।
১৯৬২ সালের ৯ জুলাই প্রশান্ত মহাসাগরের জনস্টন দ্বীপের কাছ থেকে একটি রকেটের মাধ্যমে পারমাণবিক বোমাটি মহাকাশে পাঠানো হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় এর বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বিস্ফোরকটির ক্ষমতা ছিল ১ দশমিক ৪ মেগাটন, যা হিরোশিমায় নিক্ষেপ করা পারমাণবিক বোমার তুলনায় প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী।
বিস্ফোরণের আলো এতটাই তীব্র ছিল যে প্রায় ১ হাজার ৪৪৫ কিলোমিটার দূরের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকেও তা দেখা যায়। রাতের আকাশ মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে ওঠে। বিস্ফোরণের ফলে সৃষ্ট তড়িৎ-চুম্বকীয় প্রভাব হাওয়াইয়ের বিভিন্ন বৈদ্যুতিক ব্যবস্থায় বিঘ্ন ঘটায়। প্রায় ৩০০টি সড়কবাতি নিভে যাওয়া এবং টেলিফোন যোগাযোগে সমস্যা তৈরির ঘটনাও নথিভুক্ত হয়েছে।
তবে সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছিল মহাকাশে। বিস্ফোরণের ফলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে বিপুল পরিমাণ উচ্চশক্তির কণা আটকে গিয়ে একটি কৃত্রিম তেজস্ক্রিয় বলয় তৈরি হয়। এর প্রভাব পরবর্তী কয়েক মাস ধরে বিভিন্ন স্যাটেলাইটের ওপর পড়ে।
নাসার গবেষণা এবং মহাকাশবিষয়ক বিভিন্ন ঐতিহাসিক নথি অনুযায়ী, স্টারফিশ প্রাইম পরীক্ষার কারণে অন্তত সাতটি স্যাটেলাইট হারিয়ে যায়। অন্য একটি মার্কিন সামরিক মূল্যায়নে সে সময় কক্ষপথে থাকা বা পরীক্ষার পরপর উৎক্ষেপণ করা ২১টি স্যাটেলাইটের মধ্যে আটটির কার্যক্রম বিকিরণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্যাটেলাইটগুলোর মধ্যে ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট টেলস্টার-১।
টেলস্টার-১-এর নিয়ন্ত্রণব্যবস্থা তেজস্ক্রিয়তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে স্যাটেলাইটটির কার্যক্রমে বারবার সমস্যা দেখা দেয় এবং শেষ পর্যন্ত এর কার্যকারিতা হারিয়ে যায়।
তখন পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা ছিল হাতে গোনা। অথচ বর্তমানে হাজার হাজার বাণিজ্যিক ও সরকারি স্যাটেলাইট সক্রিয় রয়েছে। ফলে একই ধরনের বিস্ফোরণ এখন ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন মহাকাশ ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
রাশিয়ার পারমাণবিক স্যাটেলাইট নিয়ে নতুন উদ্বেগ
রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নতুন নয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।
ওই বছরের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির তৎকালীন চেয়ারম্যান মাইক টার্নার জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে, এমন একটি গোয়েন্দা তথ্যের কথা প্রকাশ্যে জানান।
এর পরদিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি জানান, রাশিয়া নতুন ধরনের স্যাটেলাইটবিধ্বংসী সক্ষমতা তৈরি করছে বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তবে সে সময় তিনি বলেন, অস্ত্রটি এখনো মোতায়েন করা হয়নি এবং তাৎক্ষণিক কোনো হুমকিও তৈরি করেনি।
কারবি আরও জানান, যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয় হলো মহাকাশে থাকা স্যাটেলাইটের নিরাপত্তা। তবে অস্ত্রটিতে পারমাণবিক সক্ষমতা রয়েছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি বিস্তারিত কিছু বলেননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। পুতিনের ভাষ্য ছিল, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরোধী।
এরপর ২০২৪ সালের মে মাসে রাশিয়া ‘কসমস-২৫৭৬’ নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর মূল্যায়নে এটিকে অন্য স্যাটেলাইটের কাছাকাছি গিয়ে পর্যবেক্ষণ বা সামরিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য একটি মহাকাশযান হিসেবে বিবেচনা করা হয়। তবে এটিকে পারমাণবিক অস্ত্রবাহী বলে নিশ্চিত করা হয়নি। রাশিয়াও এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
কসমস-২৫৫৩ ঘিরে কেন সন্দেহ
রাশিয়ার কথিত পারমাণবিক মহাকাশ অস্ত্র কর্মসূচির সঙ্গে ‘কসমস-২৫৫৩’ নামের আরেকটি স্যাটেলাইটের সম্পর্ক থাকার সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ করা এই স্যাটেলাইটটি পৃথিবী থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উচ্চতার কক্ষপথে অবস্থান করছে। এর কক্ষপথ ও কার্যক্রমকে অস্বাভাবিক বলে মনে করেন মার্কিন বিশ্লেষকেরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মহাকাশের প্রতিকূল পরিবেশে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করার উদ্দেশ্যেই স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পরীক্ষা করতেও এটি ব্যবহার করা হতে পারে।
২০২৪ সালের মে মাসে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
তবে কসমস-২৫৫৩-তে কোনো পারমাণবিক বোমা রয়েছে, এমন প্রমাণ প্রকাশ্যে পাওয়া যায়নি। স্যাটেলাইটটির অস্বাভাবিক কার্যক্রম নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ থাকলেও এর প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়।
ইউক্রেন যুদ্ধ মহাকাশের নিরাপত্তাকে কেন গুরুত্বপূর্ণ করেছে
মহাকাশে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতার পেছনে ইউক্রেন যুদ্ধও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার আরও স্পষ্ট হয়ে ওঠে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি ‘স্টারলিংক’ নেটওয়ার্ক ইউক্রেনের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা অসংখ্য স্যাটেলাইটের মাধ্যমে এ নেটওয়ার্ক ইন্টারনেট-সংযোগ সরবরাহ করে।
রুশ হামলায় ইউক্রেনের প্রচলিত যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির সরকারি সংস্থা, জরুরি সেবা ও সামরিক বাহিনী স্টারলিংক ব্যবহার শুরু করে। যুদ্ধক্ষেত্রে সেনাদের মধ্যে যোগাযোগ, ড্রোন পরিচালনা এবং বিভিন্ন সামরিক কার্যক্রম সমন্বয়ে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট যোগাযোগে বাধা সৃষ্টি এবং সাইবার হামলার অভিযোগও রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার ঠিক আগে ভিয়াস্যাটের একটি স্যাটেলাইট নেটওয়ার্কে সাইবার হামলা হয়। এতে ইউক্রেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের হাজারো গ্রাহক যোগাযোগ সমস্যায় পড়েন।
এ ধরনের ঘটনা দেখিয়ে দিয়েছে, আধুনিক যুদ্ধ শুধু স্থল, জল ও আকাশে সীমাবদ্ধ নেই। মহাকাশে থাকা যোগাযোগ ও নজরদারি অবকাঠামোও এখন যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ।
মহাকাশে অস্ত্র মোতায়েন নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক চুক্তি
মহাকাশকে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে ১৯৬৭ সালে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর নাম ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তি।
এই চুক্তির চতুর্থ অনুচ্ছেদে পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র কিংবা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র বহনকারী বস্তু স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে চাঁদ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুর ওপর এ ধরনের অস্ত্র স্থাপন এবং মহাকাশের অন্য কোনো উপায়ে এসব অস্ত্র মোতায়েনের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। বর্তমানে রাশিয়াও এর সদস্য।
তবে চুক্তিটি সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করেনি। মহাকাশে সামরিক যোগাযোগ, নজরদারি কিংবা প্রচলিত প্রযুক্তির ব্যবহার এর আওতার বাইরে থাকতে পারে। ফলে বিভিন্ন দেশ স্যাটেলাইটের মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্যাটেলাইট অকার্যকর করার প্রযুক্তি নিয়েও কাজ করছে।
এ কারণেই মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
পরাশক্তিগুলোর মধ্যে বাড়ছে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা
মহাকাশে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় শুধু রাশিয়া নয়, যুক্তরাষ্ট্র ও চীনও সক্রিয়। বিভিন্ন দেশের সামরিক বাহিনী এখন এমন প্রযুক্তি তৈরি করছে, যার মাধ্যমে প্রতিপক্ষের স্যাটেলাইটের যোগাযোগে বাধা দেওয়া, তথ্য সংগ্রহে বিঘ্ন ঘটানো কিংবা সরাসরি সেগুলোকে অকার্যকর করা সম্ভব।
উদাহরণ হিসেবে ২০০৭ সালে চীনের একটি পরীক্ষার কথা বলা যায়। ওই বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের একটি পুরোনো আবহাওয়া স্যাটেলাইট ধ্বংস করে দেশটি। এতে মহাকাশে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে, যা দীর্ঘদিন ধরে অন্যান্য স্যাটেলাইটের জন্য ঝুঁকি তৈরি করে।
পরবর্তী সময়ে চীন ‘এসজে-২১’ নামে একটি স্যাটেলাইট তৈরি করে, যা অন্য স্যাটেলাইটের কক্ষপথ পরিবর্তন করতে সক্ষম। এ ধরনের প্রযুক্তি অকেজো স্যাটেলাইট সরানোর কাজে ব্যবহার করা গেলেও সামরিক প্রয়োগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে।
রাশিয়াও ২০২১ সালের নভেম্বরে একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিজেদের পুরোনো স্যাটেলাইট ধ্বংস করে। এতে প্রায় দেড় হাজার শনাক্তযোগ্য ধ্বংসাবশেষ তৈরি হয়। এসব ধ্বংসাবশেষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ অন্যান্য মহাকাশযানের জন্য ঝুঁকি সৃষ্টি করে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর বিভিন্ন মূল্যায়নে বলা হয়েছে, চীন ও রাশিয়া ইলেকট্রনিক জ্যামিং, সাইবার হামলা, লেজার এবং কক্ষপথে চলাচল করতে সক্ষম বিশেষ মহাকাশযানের মতো প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।
এসব প্রযুক্তির উদ্দেশ্য এক নয়। কোনোটি যোগাযোগে বাধা সৃষ্টি করতে পারে, কোনোটি স্যাটেলাইটের ক্যামেরা বা সংবেদনশীল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করতে পারে, আবার কোনোটি অন্য মহাকাশযানের খুব কাছে গিয়ে তার কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে।
তবে প্রচলিত স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রের বড় পার্থক্য রয়েছে। প্রচলিত অস্ত্র দিয়ে সাধারণত নির্দিষ্ট স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু করা যায়। কিন্তু মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে তার বিকিরণ ও অন্যান্য প্রভাব বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে একাধিক দেশের স্যাটেলাইট।
বিস্ফোরণ ঘটলে কোন কোন কক্ষপথ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে
পৃথিবীর চারপাশে স্যাটেলাইটগুলো বিভিন্ন উচ্চতার কক্ষপথে ঘোরে। এসব কক্ষপথের উচ্চতা ও ব্যবহার ভিন্ন হওয়ায় মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে ক্ষয়ক্ষতির ধরনও এক রকম হবে না।
নিম্ন কক্ষপথ: পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ থেকে ২ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নিম্ন কক্ষপথ বলা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং স্টারলিংক নেটওয়ার্কের অধিকাংশ স্যাটেলাইট এ অঞ্চলে অবস্থান করছে। এখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে বিপুলসংখ্যক যোগাযোগ ও বাণিজ্যিক স্যাটেলাইট বিকিরণের শিকার হতে পারে।
মধ্যবর্তী কক্ষপথ: এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জিপিএস, ইউরোপের গ্যালিলিও এবং রাশিয়ার গ্লোনাসের মতো অবস্থান নির্ণয়কারী স্যাটেলাইট ঘোরে। এসব উপগ্রহের মাধ্যমে মুঠোফোনে অবস্থান জানা, উড়োজাহাজ ও জাহাজ চলাচল এবং সামরিক অভিযানের দিকনির্দেশনা দেওয়া হয়। এগুলো ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী নেভিগেশন ও সময় নির্ধারণব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
ভূস্থির কক্ষপথ: পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত এ কক্ষপথের স্যাটেলাইটগুলো পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে একই গতিতে ঘোরে। ফলে ভূপৃষ্ঠ থেকে দেখলে এগুলোকে একটি নির্দিষ্ট স্থানে স্থির মনে হয়। টেলিভিশন সম্প্রচার, আবহাওয়ার পর্যবেক্ষণ এবং সামরিক যোগাযোগে এসব স্যাটেলাইটের ব্যবহার রয়েছে। এখানে বিস্ফোরণ ঘটলে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান এসডব্লিউপির ২০২৫ সালের বিশ্লেষণেও বিভিন্ন কক্ষপথে পারমাণবিক বিস্ফোরণের সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ভর করবে বিস্ফোরণের উচ্চতা, শক্তি, অবস্থান এবং তখনকার মহাকাশের পরিবেশের ওপর।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিস্ফোরণের পর তৈরি হওয়া উচ্চশক্তির কণা পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আটকে থেকে দীর্ঘ সময় ধরে স্যাটেলাইটের ক্ষতি করতে পারে। ফলে বিস্ফোরণের তাৎক্ষণিক প্রভাব কেটে গেলেও কয়েক মাস কিংবা তারও বেশি সময় ধরে মহাকাশের বিভিন্ন কক্ষপথে ঝুঁকি থেকে যেতে পারে।
এর প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ বিশ্বের অন্যান্য দেশের সরকারি ও বেসরকারি স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝুঁকিতে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং চীনের মহাকাশ স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও।
আধুনিক পৃথিবীর জন্য কতটা ভয়ংকর হতে পারে এমন ঘটনা
বর্তমান বিশ্বে স্যাটেলাইট কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং আধুনিক অর্থনীতি ও নিরাপত্তাব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই মহাকাশে পারমাণবিক বিস্ফোরণের প্রভাব পৃথিবীর প্রায় প্রতিটি ক্ষেত্রেই পড়তে পারে।
ইন্টারনেট ও টেলিযোগাযোগে বিঘ্ন ঘটলে ব্যবসা-বাণিজ্য, জরুরি সেবা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যাহত হতে পারে। নেভিগেশন স্যাটেলাইট অকার্যকর হলে উড়োজাহাজ ও জাহাজ চলাচলে জটিলতা তৈরি হবে। ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্যাটেলাইটনির্ভর সময় নির্ধারণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন সেবায় সমস্যা দেখা দিতে পারে।
আবহাওয়া পর্যবেক্ষণকারী স্যাটেলাইট অকার্যকর হলে ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার সক্ষমতাও কমে যেতে পারে।
সামরিক ক্ষেত্রে এর প্রভাব আরও জটিল। গোয়েন্দা তথ্য সংগ্রহ, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ, ড্রোন পরিচালনা এবং সেনাবাহিনীর মধ্যে যোগাযোগে সমস্যা তৈরি হলে রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে।
সবচেয়ে বড় আশঙ্কা হলো, এ ধরনের বিস্ফোরণে কোনো একটি দেশ এককভাবে ক্ষতিগ্রস্ত হবে না। পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী দেশও নিজের মহাকাশ অবকাঠামোর নিয়ন্ত্রণ হারাতে পারে। ফলে এটি কেবল দুই দেশের সামরিক সংঘাতের বিষয় নয়, বরং পুরো বিশ্বের প্রযুক্তি, অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।
মহাকাশকে এখন পর্যন্ত মানবজাতির গবেষণা, যোগাযোগ ও প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। সেখানে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটলে সেই অর্জনই এক মুহূর্তে বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তাই মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক চুক্তি মেনে চলার বিষয়টি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
প্রতি / এডি / শাআ





















