বিপুল চুনাপাথর থাকা সত্ত্বেও ছয় দশকেও চালু হয়নি খনি

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৬ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

ষাটের দশকের শুরুতে জয়পুরহাটের চাকগোপাল এলাকায় চুনাপাথরের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া যায়। ভূগর্ভে থাকা এই খনিজ সম্পদকে কাজে লাগিয়ে খনি ও সিমেন্ট কারখানা গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কয়েক দফা জরিপ, প্রকল্প অনুমোদন এবং অবকাঠামো নির্মাণের উদ্যোগও বাস্তবায়িত হয়। কিন্তু নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত শুরু করা যায়নি বাণিজ্যিক উত্তোলন। ছয় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও মাটির গভীরেই রয়ে গেছে বিপুল পরিমাণ চুনাপাথর।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৬৬-৬৭ সালে জয়পুরহাটের এই এলাকায় খনিজ সম্পদের পরিমাণ এবং উত্তোলনের উপযোগিতা যাচাই করতে জরিপ পরিচালনা করা হয়। বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের সমীক্ষায় বছরে ১৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল।

সমীক্ষায় প্রায় ৬ দশমিক ৪৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আনুমানিক ২৭ কোটি মেট্রিক টন চুনাপাথরের মজুত থাকার তথ্য উঠে আসে। এর মধ্যে প্রায় ১০ কোটি মেট্রিক টন উত্তোলনযোগ্য হতে পারে বলে ধারণা করা হয়। ভূগর্ভের ৫১৫ থেকে ৫৪১ মিটার গভীরতায় রয়েছে এই খনিজ সম্পদ।

অনুমোদনের পর শুরু হয়েছিল খনি নির্মাণের উদ্যোগ

চুনাপাথরের এই বিশাল মজুত কাজে লাগানোর লক্ষ্যে ১৯৭৪ সালে সরকার খনি প্রকল্প অনুমোদন দেয়। পরবর্তী সময়ে ১৯৮১ সালে একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি সম্পাদিত হয়। প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ২১টি বোরহোল খনন করা হয়। পাশাপাশি ভূগর্ভস্থ খনিতে প্রবেশের পথ তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজও শুরু হয়েছিল।

প্রকল্পের পরিকল্পনায় প্রতিদিন ৫ হাজার ৫০০ মেট্রিক টন চুনাপাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উত্তোলিত খনিজ ব্যবহার করে সিমেন্ট উৎপাদনের ব্যবস্থাও রাখার কথা ছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সিমেন্টশিল্পে দেশীয় কাঁচামালের সরবরাহ বাড়ত। একই সঙ্গে জয়পুরহাটে শিল্পকারখানা স্থাপন, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল।

কিন্তু খনি উন্নয়নের কাজ বেশিদূর এগোয়নি। ভূগর্ভে পানির অতিরিক্ত চাপ, বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন দেখা দেওয়ায় কাজ বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে পুরো উদ্যোগ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময়েও খনিটি বাণিজ্যিক উৎপাদনে নেওয়া সম্ভব হয়নি।

শিল্পায়নের স্বপ্ন, এখন পড়ে আছে পরিত্যক্ত স্থাপনা

খনি ও সিমেন্ট কারখানাকে কেন্দ্র করে একসময় জয়পুরহাটে বড় ধরনের শিল্পায়নের প্রত্যাশা তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারাও প্রকল্পটি চালু হওয়ার অপেক্ষায় ছিলেন। তবে দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকায় প্রকল্প এলাকার চিত্র এখন অনেকটাই বদলে গেছে।

সেখানে বর্তমানে চুনাপাথর উত্তোলন কিংবা সিমেন্ট উৎপাদনের কোনো কার্যক্রম নেই। একসময় নির্মিত বিভিন্ন স্থাপনার অধিকাংশই জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি প্রকল্প এলাকার কিছু অংশে ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হলেও খনি চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই।

স্থানীয় সাংবাদিক ও বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের ভাষ্য, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে খনিটি চালু হওয়ার আশায় রয়েছেন। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে জয়পুরহাটে শিল্পায়নের নতুন দ্বার খুলে যেত। কিন্তু বছরের পর বছর ধরে কাজ আটকে থাকায় সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। পুরোনো অবকাঠামোগুলোও ক্রমেই নষ্ট হচ্ছে। নতুন করে সরকারি উদ্যোগ নেওয়া না হলে একসময় এই খনির সম্ভাবনা কেবল অতীতের স্মৃতি হয়ে থাকবে।

প্রকল্পের সাবেক কর্মচারী আবদুর রশিদ জানান, একসময় প্রকল্প এলাকায় অফিস, আবাসিক ভবনসহ বিভিন্ন ধরনের স্থাপনা ছিল। খনিকে ঘিরে বেশ কিছু কার্যক্রমও পরিচালিত হতো। কিন্তু দীর্ঘদিন ধরে প্রকল্প বন্ধ থাকায় এসব স্থাপনার অধিকাংশই এখন নষ্ট হয়ে গেছে।

সিমেন্টশিল্পে আমদানিনির্ভরতা কমাতে পারে এই খনি

বাংলাদেশের সিমেন্টশিল্পে প্রয়োজনীয় কাঁচামালের একটি উল্লেখযোগ্য অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এ অবস্থায় জয়পুরহাটের চুনাপাথর খনি চালু করা গেলে দেশের শিল্পকারখানায় স্থানীয়ভাবে কাঁচামাল সরবরাহের নতুন সুযোগ তৈরি হতে পারে।

এর ফলে বিদেশ থেকে কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি সিমেন্ট উৎপাদনের ব্যয় নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে খনি ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসতে পারে।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, দেশের সিমেন্টশিল্পের কাঁচামালের জন্য উল্লেখযোগ্য পরিমাণে বিদেশের ওপর নির্ভর করতে হয়। জয়পুরহাটের চুনাপাথর খনি চালু করা সম্ভব হলে স্থানীয় শিল্পকারখানায় কাঁচামাল সরবরাহের সুযোগ তৈরি হবে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং জেলার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G