শরীর পুরোপুরি বরফে জমে গেলেও বেঁচে থাকে যে ৬ সামুদ্রিক প্রাণী

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৬ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

প্রচণ্ড শীতে চারপাশের পানি ও শরীরের অংশ বরফে পরিণত হলেও কিছু সামুদ্রিক প্রাণী বেঁচে থাকতে পারে। তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর বরফ গলে গেলে আবার আগের মতো সক্রিয় হয়ে ওঠে তারা। আলাস্কার হিমশীতল সমুদ্র উপকূলে এমন বিস্ময়কর প্রাণীর দেখা মেলে।

সাধারণত কোনো প্রাণীর শরীরের ভেতরে বরফ জমতে শুরু করলে তা মারাত্মক বিপদ ডেকে আনে। বরফের ক্ষুদ্র স্ফটিক কোষের গঠন ক্ষতিগ্রস্ত করতে পারে। পাশাপাশি শরীরের টিস্যুতে পানি ও লবণের স্বাভাবিক ভারসাম্যও বিঘ্নিত হয়। ফলে অনেক প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

তবে প্রকৃতির কিছু প্রাণী এই প্রতিকূলতা মোকাবিলায় বিশেষ সক্ষমতা অর্জন করেছে। জীববিজ্ঞানে শরীরের ভেতরে বরফ তৈরি হলেও তা সহ্য করে বেঁচে থাকার এই ক্ষমতাকে বলা হয় ‘ফ্রিজ টলারেন্স’। আবার কিছু প্রাণী শরীরের তরল জমাট বাঁধতেই দেয় না। চলুন, জেনে নেওয়া যাক এমন ছয় সামুদ্রিক প্রাণীর কথা এবং তাদের টিকে থাকার বিশেষ কৌশল।

১. অ্যাকর্ন বার্নাকল

অ্যাকর্ন বার্নাকল আকারে ছোট হলেও প্রতিকূল পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতা রয়েছে এদের। পূর্ণবয়স্ক হওয়ার পর এরা সমুদ্র উপকূলের পাথর, কাঠের খুঁটি কিংবা অন্য কোনো শক্ত বস্তুর সঙ্গে স্থায়ীভাবে আটকে যায়। এরপর বাকি জীবন সেখানেই কাটিয়ে দেয়। শক্ত খোলস এদের ঢেউয়ের আঘাত ও শিকারি প্রাণীর হাত থেকে রক্ষা করে।

জোয়ারের পানি নেমে গেলে বার্নাকল নিজেদের নরম শরীর খোলসের মধ্যে গুটিয়ে নেয়। একই সঙ্গে খোলসের মুখ বন্ধ করে দেয়, যাতে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে সুরক্ষিত থাকতে পারে। কিন্তু আলাস্কার মতো শীতপ্রধান অঞ্চলে শীতকালে এদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় পুরো শরীরই বরফে জমে যায়।

২০০৪ সালে ইউনিভার্সিটি অব আলাস্কার গবেষক হেদার ক্রিস্টিন প্যাটারসন ক্যাচেমাক বে এলাকার সামুদ্রিক প্রাণীদের শীতকালীন অভিযোজন নিয়ে গবেষণা করেন। তাঁর পরীক্ষায় দেখা যায়, অ্যাকর্ন বার্নাকল মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একাধিকবার জমে যাওয়ার পরও বেঁচে থাকতে পারে।

এদের শক্ত খোলস কিছুটা সুরক্ষা দিলেও শরীরের ভেতরে বরফ তৈরি হওয়া পুরোপুরি ঠেকাতে পারে না। ঠিক কোন জৈবিক প্রক্রিয়ায় বারবার জমে যাওয়ার পরও এরা প্রাণে বেঁচে থাকে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো গবেষণা চলছে।

২. বে মাসল

বে মাসল একধরনের সামুদ্রিক ঝিনুক। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পাথর কিংবা শক্ত কোনো বস্তুর গায়ে এরা দলবদ্ধভাবে বসবাস করে। জোয়ারের পানি সরে গেলে চারপাশের তাপমাত্রা দ্রুত কমে আসে। তখন নিজেদের অবস্থান পরিবর্তন করার সুযোগ না থাকায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেই টিকে থাকতে হয় এদের।

বে মাসলের শরীরের ভেতরে বরফ তৈরি হলেও এরা সহজে মারা যায় না। এর পেছনে রয়েছে বিশেষ একটি শারীরবৃত্তীয় কৌশল। এদের কোষের ভেতরে বরফ জমার পরিবর্তে কোষগুলোর মাঝের ফাঁকা জায়গায় বরফ তৈরি হয়। এতে কোষের ভেতরের পানি বাইরে বেরিয়ে আসে এবং ক্ষতিকর বরফের স্ফটিক সরাসরি কোষের ভেতরে তৈরি হওয়ার ঝুঁকি কমে যায়।

২০২৩ সালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার একদল গবেষক বে মাসলের জমে যাওয়ার প্রক্রিয়া নিয়ে পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, অল্প সময়ের জন্য বারবার জমে যাওয়ার তুলনায় একটানা দীর্ঘ সময় বরফে আটকে থাকা এদের জন্য বেশি ক্ষতিকর।

এমনকি দুই ধরনের পরিস্থিতিতে মোট জমে থাকার সময় সমান হলেও বিরতি দিয়ে জমে যাওয়া ঝিনুকগুলোর বেঁচে থাকার হার বেশি। কারণ, দুই দফা জমে যাওয়ার মাঝখানে বরফ গলে যাওয়ার সময়টুকু শরীরকে আগের ক্ষতি সামলে নেওয়ার সুযোগ দেয়।

৩. অ্যান্টার্কটিক আইসফিশ

বরফশীতল সমুদ্রের আরেক বিস্ময়কর বাসিন্দা অ্যান্টার্কটিক আইসফিশ। দক্ষিণ মহাসাগরের এমন পরিবেশে এদের বসবাস, যেখানে পানির তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। প্রজাতিভেদে এদের দৈর্ঘ্য কয়েক ইঞ্চি থেকে দুই ফুটেরও বেশি হয়।

এত কম তাপমাত্রায় সাধারণ মাছের শরীরের তরল জমে যাওয়ার আশঙ্কা থাকলেও আইসফিশের রয়েছে বিশেষ প্রতিরক্ষাব্যবস্থা। এদের শরীরে তৈরি হয় ‘অ্যান্টিফ্রিজ গ্লাইকোপ্রোটিন’ নামের একধরনের বিশেষ প্রোটিন। শরীরের মধ্যে বরফের ক্ষুদ্র কণা তৈরি হলে এই প্রোটিন সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে কণাগুলোকে বড় হতে বাধা দেয়।

২০১৪ সালে ইউনিভার্সিটি অব ওরেগনের পল জিকো এবং ইউনিভার্সিটি অব ইলিনয়ের ক্রিস্টিনা চেং ও আর্থার ডিভ্রিসের গবেষণায় এই প্রোটিনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য উঠে আসে। তাঁরা দেখতে পান, এটি শুধু বরফের কণার বৃদ্ধি ঠেকায় না, বরং সেগুলো গলে যাওয়ার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করতে পারে। ফলে শরীরের মধ্যে সামান্য বরফের কণা থাকলেও পুরো শরীর জমে শক্ত হয়ে যায় না।

আইসফিশের আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। এদের রক্তে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন থাকে না। এ কারণে রক্ত প্রায় স্বচ্ছ দেখায়। অক্সিজেন সরাসরি রক্তের তরল অংশ বা প্লাজমায় মিশে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়।

৪. সিটকা পেরিভিঙ্কল

সিটকা পেরিভিঙ্কল হলো সামুদ্রিক শামুকের একটি প্রজাতি। আলাস্কা থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলের পাথুরে উপকূলে এদের দেখা যায়। সমুদ্রতীরের তুলনামূলক উঁচু জায়গায় বসবাস করায় দীর্ঘ সময় জোয়ারের পানির বাইরে থাকতে হয় এদের। ফলে শীতকালে বাতাসের তীব্র ঠান্ডা সরাসরি সহ্য করতে হয়।

২০১৫ সালের একটি গবেষণায় দেখা যায়, সিটকা পেরিভিঙ্কল মাইনাস ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও জমে যাওয়ার পরিস্থিতি সহ্য করে বেঁচে থাকতে পারে। একই পরিবেশে বসবাসকারী নিচু এলাকার কিছু প্রজাতির তুলনায় এদের ঠান্ডা সহ্য করার ক্ষমতা বেশি।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শামুকের শরীরের ভেতরের রাসায়নিক গঠনেও পরিবর্তন ঘটে। বিশেষ করে শীতের সময় শরীরের এই অভিযোজন প্রক্রিয়া তাদের প্রচণ্ড ঠান্ডার মধ্যেও টিকে থাকতে সাহায্য করে।

৫. ফাইল ডগউইঙ্কল

ফাইল ডগউইঙ্কল দেখতে সাধারণ সামুদ্রিক শামুকের মতো হলেও এরা মূলত শিকারি। বার্নাকলসহ বিভিন্ন ধরনের খোলসযুক্ত সামুদ্রিক প্রাণী এদের প্রধান খাবার। শিকার ধরার জন্য এরা প্রথমে শরীর থেকে বিশেষ রাসায়নিক পদার্থ নিঃসরণ করে শিকারের শক্ত খোলস নরম করে। এরপর ‘রাডুলা’ নামের ক্ষুদ্র দাঁতযুক্ত অঙ্গ দিয়ে খোলসে ছিদ্র তৈরি করে ভেতরের নরম অংশ খেয়ে ফেলে।

শীতের তীব্রতা বাড়লে এদের জীবনযাপনে পরিবর্তন আসে। এ সময় খাবার গ্রহণ বন্ধ করে পাথরের ফাটল, বড় পাথরের নিচে কিংবা পলিমাটির ভেতরে আশ্রয় নেয়। এতে বাইরের প্রচণ্ড ঠান্ডার প্রভাব থেকে নিজেদের কিছুটা রক্ষা করতে পারে।

গবেষণায় দেখা গেছে, শীতকালে এদের শরীরে টরিন ও গ্লাইসিনের মতো কয়েকটি অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। শরীরের রাসায়নিক গঠনের এই পরিবর্তন এবং নিরাপদ আশ্রয়ে থাকার অভ্যাস একসঙ্গে তাদের শীতের প্রতিকূলতা মোকাবিলায় সহায়তা করে।

৬. সামুদ্রিক টারডিগ্রেড

টারডিগ্রেড পৃথিবীর অন্যতম বিস্ময়কর ক্ষুদ্র প্রাণী। খালি চোখে প্রায় দেখা যায় না বললেই চলে। গোলগাল শরীর ও আটটি ছোট পায়ের কারণে এদের পরিচিতি রয়েছে ‘ওয়াটার বিয়ার’ নামে। টারডিগ্রেডের একটি সামুদ্রিক প্রজাতি হলো ‘হ্যালোবায়োটাস ক্রিসপাই’। উত্তরাঞ্চলের সমুদ্র উপকূলের পলিমাটি ও শৈবালের মধ্যে এদের বসবাস।

২০০৯ সালের একটি গবেষণায় দেখা যায়, এই প্রাণীর ঠান্ডা সহ্য করার ক্ষমতা নির্ভর করে জীবনচক্রের কোন পর্যায়ে রয়েছে তার ওপর। ‘সিউডো সিমপ্লেক্স ১’ নামের বিশেষ একধরনের সুপ্ত বা বিশ্রাম অবস্থায় প্রবেশ করলে এদের শরীরে পরিবর্তন ঘটে। এই অবস্থায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে যাওয়ার পরও বেঁচে থাকতে পারে তারা।

তবে স্বাভাবিক সক্রিয় অবস্থায় থাকলে একই তাপমাত্রা সহ্য করা তাদের পক্ষে সম্ভব হয় না। অর্থাৎ বিশেষ সুপ্ত অবস্থায় প্রবেশ করার ক্ষমতাই এদের প্রচণ্ড ঠান্ডার মধ্যে টিকে থাকার অন্যতম প্রধান হাতিয়ার।

প্রকৃতির এই ছয় প্রাণীর বেঁচে থাকার কৌশল দেখলে বোঝা যায়, প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে জীবজগতের অভিযোজন কতটা বিস্ময়কর হতে পারে। কেউ শরীরের ভেতরে বরফ জমতে দিয়েও বেঁচে থাকে, আবার কেউ বিশেষ প্রোটিন কিংবা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে জমে যাওয়ার ঝুঁকি মোকাবিলা করে।

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G