দুই মাস বন্ধের পর সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০২৬ সময়ঃ ৯:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩২ অপরাহ্ণ

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবার আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির কারণে ইরান নিজেদের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এর ধারাবাহিকতায় কূটনৈতিক পর্যায়েও আলোচনা চলতে থাকে। দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈঠক হলেও তা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানীর উদ্দেশে রয়েছেন।

পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর এর আগেই দেশটির বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়। সর্বশেষ ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে আকাশপথে যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরান থেকে প্রথম দফার আন্তর্জাতিক ফ্লাইটগুলো তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G