নিজের শৈশবের স্মৃতি তুলে ধরলেন নেইমার

প্রথম প্রকাশঃ এপ্রিল ১, ২০২৬ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ অপরাহ্ণ

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র জানিয়েছেন, ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে ছোটবেলার অনেক সাধারণ আনন্দ থেকে নিজেকে দূরে রাখতে হয়েছে তাকে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া কিংবা সিনেমা দেখা—এসব স্বাভাবিক অভিজ্ঞতা তার জীবনে খুব একটা জায়গা পায়নি।

নিজের ইউটিউব চ্যানেলে শৈশব ও কৈশোরের দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেন, অল্প বয়স থেকেই তাকে কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হয়েছে। ১৩-১৪ বছর বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন, লক্ষ্য অর্জন করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে।

তিনি জানান, যখন তার বন্ধুরা স্কুলের ভ্রমণ বা সিনেমা উপভোগ করত, তখন তিনি সময় দিতেন অনুশীলনে। “আমি কোনো স্কুল ট্রিপে যাইনি, বন্ধুদের সঙ্গে সিনেমাও দেখা হয়নি। কারণ পরদিন সকালে আমার অনুশীলন থাকত,”—এভাবেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। যদিও কখনও কখনও বিষয়টি তাকে কষ্ট দিত, তবুও নিজের স্বপ্নই তাকে এগিয়ে যেতে উৎসাহ জুগিয়েছে।

মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তার। ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে ইউরোপে পাড়ি জমান। স্পেনের বার্সেলোনায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় জায়গা করে নেন তিনি। এরপর ফ্রান্সের পিএসজিতে যোগ দিয়ে জিতেছেন একাধিক শিরোপা।

তবে সাফল্যের আড়ালে তার জীবনে ছিল নানা চ্যালেঞ্জও। নেইমার স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকা সহজ নয়, বিশেষ করে নিজের দেশেই যখন সমালোচনার মুখে পড়তে হয়।

সম্প্রতি কয়েকটি চোটের কারণে মাঠের বাইরে থাকলেও হাল ছাড়েননি এই তারকা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমিও কষ্ট পাই, মন খারাপ হয়, আবার আনন্দও পাই—এটাই স্বাভাবিক। কারণ আমিও একজন মানুষ।”

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G