মিত্র দেশগুলোর জন্য হরমুজে বিশেষ ছাড় দিল ইরান, তালিকায় আছে যেসব দেশ

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০২৬ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কিছু মিত্র দেশের জন্য টোল বা মাশুল ছাড়ের নীতি নিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি বন্ধুদেশকে এই বিশেষ সুবিধার আওতায় আনা হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ইরান তার কৌশলগত অংশীদারদের জন্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও সহজ করতে বিশেষ নীতিগত সুবিধা দিচ্ছে।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য ইরান টোল মওকুফ বা বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। তবে এই নীতি দীর্ঘমেয়াদে একইভাবে বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই সুবিধা কার্যকর করার বিষয়ে কাজ করছে। যদিও কোন কোন দেশ আনুষ্ঠানিকভাবে এই তালিকায় রয়েছে, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি তেহরান।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন দেশ ও জাহাজ মালিকরা নিরাপদে হরমুজ অতিক্রমের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করছে। তিনি জানান, যেসব দেশকে ইরান বন্ধুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে বা বিশেষ অনুমোদন দেয়, তাদের জন্য দেশটির সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে।

সেই সময় আলোচনায় বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উঠে আসে। তবে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই দেশগুলোর সবাই এখনো একই সুবিধা পাচ্ছে কি না, তা স্পষ্ট নয়।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত ও স্পর্শকাতর সামুদ্রিক রুট। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু জলপথ বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো, যা বিশ্ব তেল চাহিদার প্রায় ২০ শতাংশ।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই নৌপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইতোমধ্যে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, প্রথমবারের মতো হরমুজ প্রণালি দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় শুরু করেছে ইরান এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান একই সঙ্গে দুই ধরনের কৌশল অনুসরণ করছে। একদিকে প্রণালি ব্যবহারকারী কিছু দেশের কাছ থেকে রাজস্ব আদায় করছে, অন্যদিকে ঘনিষ্ঠ মিত্রদের জন্য টোল ছাড় দিয়ে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G