পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০২৬ সময়ঃ ১০:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ অপরাহ্ণ

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করে পাকিস্তানের কাছে একটি গোপন ‘রেড লাইন’ তালিকা হস্তান্তর করেছে ইরান। তেহরান ইসলামাবাদকে অনুরোধ জানিয়েছে, তালিকাভুক্ত সংবেদনশীল বিষয়গুলো যেন দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাম্প্রতিক পাকিস্তান সফরে দেশটির শীর্ষ কর্মকর্তাদের হাতে এই বার্তা তুলে দেন। এতে এমন কয়েকটি কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলোতে ইরান কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এই দুই ইস্যুতে বাইরের কোনো চাপ, হস্তক্ষেপ বা সামরিক পদক্ষেপ তারা মেনে নেবে না।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, এই বার্তা পাঠানোর উদ্দেশ্য সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনার পথ তৈরি করা নয়। বরং চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করাই ছিল মূল লক্ষ্য।

তেহরানের ধারণা, পাকিস্তানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির মাধ্যমে বার্তাটি ওয়াশিংটনে পৌঁছালে তা পরিস্থিতি আরও জটিল হওয়া ঠেকাতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের কোনো তাৎক্ষণিক সামরিক সিদ্ধান্ত ঠেকাতেও এই বার্তা কার্যকর হতে পারে বলে মনে করছে ইরান।

ইরান ইঙ্গিত দিয়েছে, পারমাণবিক সক্ষমতা বা হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণে সরাসরি আঘাত এলে তার জবাব কঠোর হবে। এই সীমারেখা অতিক্রমের চেষ্টা হলে শক্ত প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেছে তেহরান।

যদিও তালিকার বাকি বিষয়গুলো প্রকাশ করা হয়নি, তবু বিশ্লেষকদের ধারণা, এর প্রভাব মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্যে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানকে বার্তাবাহক হিসেবে বেছে নেওয়া ছিল তেহরানের হিসাবি কূটনৈতিক পদক্ষেপ। একদিকে পাকিস্তান ইরানের প্রতিবেশী, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়েই তেহরান সরাসরি সংঘাতে না গিয়ে পরোক্ষ কূটনৈতিক চাপ তৈরি করতে চাইছে।

এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই বার্তাকে কতটা গুরুত্ব দেয় এবং এর জবাবে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই গোপন কূটনৈতিক বার্তা নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G