২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও ইতোমধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বিভিন্ন বেটিং ও বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম শিরোপা জয়ের সম্ভাব্য দলগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল, যা আসরটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।
বিশ্লেষণ অনুযায়ী, শিরোপা জয়ের সম্ভাবনায় বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন ও ফ্রান্স। দুই দলেরই সম্ভাবনা ধরা হয়েছে প্রায় ১৬.৭ শতাংশ করে। ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে ঘিরে ফুটবল মহলে রয়েছে বাড়তি প্রত্যাশা, আর কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সও শক্তিশালী স্কোয়াড নিয়ে নামতে প্রস্তুত।
তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, যাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৩.৩ শতাংশ। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দলটি এবারও আলোচনায়।
দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল ব্রাজিল ও আর্জেন্টিনাও রয়েছে শীর্ষ প্রতিযোগিতার তালিকায়। ব্রাজিলের সম্ভাবনা ধরা হয়েছে ১১.১ শতাংশ এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ১০.৫ শতাংশ। নতুন কোচের অধীনে ব্রাজিল নতুনভাবে সাজানো দল নিয়ে নামতে পারে, অন্যদিকে আর্জেন্টিনা এখনো ২০২২ বিশ্বকাপজয়ী মূল দলের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে।
পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডসকেও সম্ভাব্য চ্যালেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা যথাক্রমে ৮.৩, ৬.৭ ও ৪.৮ শতাংশ।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাবনা ও পরিসংখ্যান ঘিরে উত্তাপ বাড়ছে। তবে শেষ পর্যন্ত কোন দল ট্রফি জিতবে, তা জানতে অপেক্ষা করতে হবে আসল লড়াই শুরু হওয়া পর্যন্ত।
প্রতি / এডি / শাআ