মুক্তির আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড শাহরুখের ‘কিং’

প্রকাশঃ নভেম্বর ১, ২০২৬ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

মুক্তির আগেই বড় অঙ্কের ব্যবসা করে আলোচনায় এসেছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। সিনেমাটির বিদেশি পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে ফারস ফিল্মস। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি নতুন রেকর্ড।

প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্বের জন্য ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি (এমজি) দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে ন্যূনতম গ্যারান্টির পরিমাণ ১০০ কোটি রুপি ছাড়ায়নি। ফলে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে আন্তর্জাতিক পরিবেশকদের বড় প্রত্যাশার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এর আগে শাহরুখ খানের সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্ব সাধারণত পালন করত যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)। ‘কিং’-এর ক্ষেত্রেও শুরুতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির পরিকল্পনা ছিল। তবে প্রস্তাবিত চুক্তিটি ছিল কমিশনভিত্তিক। অর্থাৎ, পরিবেশক হিসেবে নির্দিষ্ট ফি পাওয়ার কথা ছিল ওয়াইআরএফের। এ ক্ষেত্রে সিনেমার আয়ের কোনো ন্যূনতম নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা ছিল না।

পিঙ্কভিলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বাজারে সিনেমাটির পরিবেশনা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। সাধারণত এসব অঞ্চলে নিজেদের কার্যালয়ের মাধ্যমে সিনেমা পরিবেশনা করে থাকে ওয়াইআরএফ।

অন্যদিকে, বিদেশি বাজারের কয়েকটি অঞ্চলে চড়া দামে পরিবেশনা স্বত্ব বিক্রির পরিকল্পনা থাকায় বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে বড় অঙ্কের আয় করতে হবে।

পিঙ্কভিলার দাবি, শুধু আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটির প্রায় ৫ কোটি ডলার বা ৪৭৫ কোটি রুপি আয় করার প্রয়োজন হতে পারে। অথচ শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দুটি বিদেশের বাজার থেকে প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল।

এদিকে হলিউডের দুটি বড় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’র সঙ্গে একই সময়ে প্রতিযোগিতায় পড়তে পারে ‘কিং’। তাই মুক্তির পর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি কতটা সাফল্য পায়, তা নিয়ে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের আগ্রহ থাকবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়েল। ‘পাঠান’-এর পর দ্বিতীয়বারের মতো সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G