ঘরেই তৈরি করুন মজাদার রুইমাছের দমপুখ্ত, রইল সহজ রেসিপি
দুপুরের খাবারে প্রতিদিনের একই ধরনের রান্না খেতে ভালো না লাগলে স্বাদে পরিবর্তন আনতে পারেন রুইমাছের নতুন একটি পদ দিয়ে। সুগন্ধি মসলা, টকদই, কাজুবাদাম ও খোয়া ক্ষীরের মিশ্রণে তৈরি রুইমাছের দমপুখ্ত হতে পারে খাবারের আয়োজনের বিশেষ আকর্ষণ। পোলাও কিংবা গরম ভাত, দুইয়ের সঙ্গেই বেশ ভালো লাগে এই রান্না।
বাঙালির খাবারের তালিকায় রুইমাছের জনপ্রিয়তা বরাবরই রয়েছে। বাড়িতে সাধারণত রুইমাছের ঝোল, ঝাল কিংবা কালিয়া রান্না করা হয়। তবে একই ধরনের রান্না খেতে খেতে অনেক সময় স্বাদে ভিন্নতা আনার ইচ্ছা হয়। তখন তৈরি করতে পারেন রুইমাছের দমপুখ্ত। বিভিন্ন মসলার সঙ্গে মাছ মিশিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করলে তৈরি হয় সুস্বাদু এই পদ। চলুন, জেনে নেওয়া যাক এর উপকরণ ও রান্নার পদ্ধতি।
উপকরণ:
- রুইমাছের পেটি ৫টি
- লবঙ্গ ৪-৫টি
- গোটা গোলমরিচ ১০-১২টি
- ছোট এলাচ ৩-৪টি
- দারচিনি ১ টুকরা
- আদাবাটা ১ টেবিল চামচ
- ভাঙা কাজুবাদাম ও কিশমিশ ৫০ গ্রাম
- সয়াবিন তেল পরিমাণমতো
- ধনেগুঁড়া ১ চা-চামচ
- কাশ্মীরি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
- মরিচের গুঁড়া ১ চা-চামচ
- লবণ ও চিনি স্বাদমতো
- মাঝারি আকারের পেঁয়াজ ২টি
- টকদই ১৫০ গ্রাম
- খোয়া ক্ষীর ১০০ গ্রাম
- ঘি ১ টেবিল চামচ
- জাফরান ভেজানো দুধ আধা কাপ
রান্নার পদ্ধতি:
প্রথমে রুইমাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছের গায়ে পরিমাণমতো লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
এবার পেঁয়াজ, টকদই, আদাবাটা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, কাজুবাদাম, খোয়া ক্ষীর, কাশ্মীরি মরিচের গুঁড়া, সাধারণ মরিচের গুঁড়া, ধনেগুঁড়া ও সামান্য লবণ ব্লেন্ডারে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ঘন মসৃণ মিশ্রণ তৈরি করুন।
চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল ও ঘি গরম করুন। তেল গরম হলে মাছের টুকরোগুলো দিয়ে দুই পাশ হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ভাজা মাছের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মসলার মিশ্রণ ঢেলে দিন।
এবার চুলার আঁচ কমিয়ে কড়াই ঢেকে প্রায় ১০ মিনিট রান্না করুন। এতে মাছের সঙ্গে মসলার স্বাদ ভালোভাবে মিশে যাবে। রান্নার শেষ পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি, কিশমিশ ও জাফরান ভেজানো দুধ দিয়ে দিন। মাছের টুকরো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখে আলতোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবং মাছ ভালোভাবে রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল মজাদার রুইমাছের দমপুখ্ত। গরম পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই পদ।
প্রতি / এডি / শাআ



















