সৌদি আরবের ভীত কাঁপিয়ে দেওয়া কারা এই হুতি, কোন গোপন অর্থের জোরে চালায় যুদ্ধ?
ইয়েমেনে এক দশকের বেশি সময় ধরে সংঘাত চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপের মধ্যেও গোষ্ঠীটি নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতেই সীমাবদ্ধ নেই তাদের কার্যক্রম। সৌদি আরবের বিরুদ্ধে হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যবহার এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে হস্তক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায়ও বড় প্রভাব ফেলছে তারা। প্রশ্ন উঠছে, এত দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর অর্থ ও অস্ত্র কোথা থেকে পাচ্ছে হুতিরা?
এর একটি চিত্র পাওয়া যায় ১৯ বছর বয়সী হুতি যোদ্ধা মোহাম্মদের বক্তব্যে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলে গত মার্চে যুদ্ধে যোগ দেন তিনি। কয়েক মাস ধরে সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন এই তরুণ। তাঁর ভাষ্য অনুযায়ী, যুদ্ধের ময়দানে যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় খাবার, চিকিৎসা, সরঞ্জাম ও অন্যান্য রসদ সরবরাহে হুতি কর্তৃপক্ষের সক্ষমতা রয়েছে।
সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় আল-জাজিরার সঙ্গে কথা বলেন মোহাম্মদ। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে সব সময় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় না। যোদ্ধাদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কমান্ডাররা প্রয়োজন অনুযায়ী সরঞ্জাম এবং রসদ পৌঁছে দেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর পাশাপাশি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধেও লড়াই করছে হুতি গোষ্ঠী। সৌদি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে তারা। সামরিক সক্ষমতায় সৌদি আরব অনেক এগিয়ে থাকলেও হুতিদের এসব হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
হুতিদের এই সামরিক সক্ষমতার পেছনে শুধু বাইরের সহায়তা নয়, রয়েছে নিজেদের গড়ে তোলা বিস্তৃত অর্থনৈতিক নেটওয়ার্ক। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সহায়তার পাশাপাশি তেল বাণিজ্য, কর ও শুল্ক আদায়, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফি সংগ্রহ এবং নিয়ন্ত্রণাধীন এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ সংগ্রহ করে গোষ্ঠীটি।
২৫০ কোটি ডলারের আর্থিক নেটওয়ার্ক
বাহ্যিকভাবে একজন সাধারণ হুতি যোদ্ধার পোশাক-পরিচ্ছদ ও অস্ত্রশস্ত্র দেখে তাদের সামরিক ব্যবস্থার ব্যাপকতা বোঝা কঠিন। ঐতিহ্যবাহী ফুতাহ পোশাক, হাতে একে-৪৭ রাইফেল এবং কোমরে ইয়েমেনের ঐতিহ্যবাহী বাঁকানো জাম্বিয়া ছুরি নিয়ে চলাফেরা করেন অনেক যোদ্ধা। কিন্তু এই বাহিনীর পেছনে রয়েছে আধুনিক আর্থিক লেনদেনের একটি বিস্তৃত ব্যবস্থা।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং প্রচলিত হাওয়ালা পদ্ধতি ব্যবহার করে হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক নেটওয়ার্কে বিপুল অর্থের লেনদেন হয়।
হাওয়ালা মূলত প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে অর্থ স্থানান্তরের একটি পুরোনো পদ্ধতি। এতে এক দেশের কোনো মধ্যস্থতাকারীর কাছে অর্থ জমা দেওয়া হলে অন্য দেশে তাঁর সহযোগী সমপরিমাণ অর্থ প্রাপকের কাছে পৌঁছে দেন। ফলে সরাসরি ব্যাংকিং লেনদেন ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করা সম্ভব হয়।
অবৈধ অর্থায়ন ও গোপন আর্থিক অবকাঠামো নিয়ে কাজ করা ভূরাজনৈতিক ঝুঁকি গবেষণা নেটওয়ার্ক ‘বিটুইন দ্য লাইনস’-এর প্রতিষ্ঠাতা অ্যাডাম রাসেলের মতে, হুতিরা সুসংগঠিত অর্থায়নব্যবস্থা তৈরি করেছে। ইয়েমেনে মুদ্রাসংকট থাকলেও এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারছে তারা। সেই অর্থ অস্ত্র কেনা এবং সামরিক কার্যক্রম পরিচালনায় কাজে লাগানো হচ্ছে।
ইয়েমেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের অর্থনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ কোটি ডলারের আর্থিক সম্পদ ও ব্যয় পরিচালিত হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান-সমর্থিত এই গোষ্ঠী অবৈধ তেল বাণিজ্যের মাধ্যমে বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে।
তবে এসব পরিসংখ্যানের হিসাবের ধরন এক নয়। কোনোটি অর্থনৈতিক কর্মকাণ্ডের মোট পরিধি, আবার কোনোটি নির্দিষ্ট আয়ের উৎসের হিসাব তুলে ধরে। তাই সব অঙ্ক একসঙ্গে যোগ করে হুতিদের মোট আয় নির্ধারণ করা সঠিক হবে না। তবে তাদের আর্থিক নেটওয়ার্ক কতটা বিস্তৃত, এসব তথ্য থেকে তার ধারণা পাওয়া যায়।
মোখা সেন্টারের গবেষণা অনুযায়ী, হুতিদের অর্থ সংগ্রহের উল্লেখযোগ্য উৎসগুলোর মধ্যে রয়েছে কর ও শুল্ক থেকে প্রায় ৮০ কোটি ডলার, অতিরিক্ত ফি ও বিভিন্ন শুল্ক থেকে ৬০ কোটি ডলার, নগদ অর্থ ও পণ্যসামগ্রী হিসেবে পাওয়া অনুদান থেকে ৩০ কোটি ডলার এবং মানুষকে যুদ্ধে অংশ নিতে উৎসাহিত করার বিভিন্ন কর্মসূচি থেকে প্রায় ১০ কোটি ডলার।
প্রতিষ্ঠানটির মে মাসে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে সংগৃহীত রাজস্বের প্রায় ৬০ শতাংশ নিরাপত্তা ও সামরিক খাতে ব্যয় করা হয়।
অনুদান থেকে তেল বাণিজ্য, অর্থ সংগ্রহের নানা পথ
দীর্ঘদিনের যুদ্ধের ব্যয় মেটাতে হুতিরা বিভিন্ন পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে আসছে। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান নেওয়া, ব্যবসা-বাণিজ্যের ওপর কর আরোপ এবং জ্বালানি খাত নিয়ন্ত্রণ।
রাজধানী সানার বাসিন্দা আলী নাজি প্রায়ই মুঠোফোনে এমন বার্তা পান, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য অর্থসহায়তা চাওয়া হয়। তিন সন্তানের বাবা নাজি আল-জাজিরাকে জানান, তিনি নিজে এসব অনুদান দেন না। তবে অনেক মানুষ সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে থাকেন। কেউ কেউ মাত্র ১০০ ইয়েমেনি রিয়াল দিলেও অসংখ্য মানুষের কাছ থেকে এভাবে সংগৃহীত অর্থের পরিমাণ বড় হয়ে ওঠে।
অনুদান সংগ্রহের জন্য বিভিন্ন অনুষ্ঠানে খাম বিতরণের ব্যবস্থাও রয়েছে। নাজির বর্ণনা অনুযায়ী, সানায় একবার সৌদি বিমান হামলায় নিহত ব্যক্তিদের জানাজা ও শোকযাত্রা চলাকালে হুতিদের এক সদস্য তাঁর কাছে একটি খাম নিয়ে আসেন। যুদ্ধের জন্য স্বেচ্ছায় অর্থসহায়তা দিতে অনুরোধ করা হলে তিনি খামটি খালি হাতে ফেরত দিতে অস্বস্তি বোধ করেন। পরে তাতে ১ হাজার ইয়েমেনি রিয়াল দিয়ে ফেরত দেন, যার মূল্য সে সময় প্রায় ১ ডলার ৯০ সেন্ট।
বড় সমাবেশের সময়ও অনুদান সংগ্রহ করা হয়। এ ধরনের আয়োজনে মাটিতে বড় কাপড় বিছিয়ে দেওয়া হয়। উপস্থিত ব্যক্তিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ কিংবা বিভিন্ন সামগ্রী সেখানে জমা দেন। নাজির ভাষ্য অনুযায়ী, কেউ নগদ অর্থ দেন, আবার কেউ রাইফেল, পিস্তল কিংবা জাম্বিয়া ছুরিও দান করেন। এভাবে একটি সমাবেশ থেকেই বিপুল পরিমাণ ইয়েমেনি রিয়াল সংগ্রহ সম্ভব হয়।
তবে সাধারণ মানুষের অনুদানই তাদের আয়ের একমাত্র উৎস নয়। জ্বালানি তেল বাণিজ্যও হুতিদের অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানুয়ারিতে জানিয়েছিল, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুবাইভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হুতিদের কাছে প্রতি মাসে বিনা মূল্যে তেল সরবরাহ করা হয়। এসব তেল বিক্রি করে গোষ্ঠীটি অর্থ সংগ্রহ করে বলে মার্কিন কর্তৃপক্ষের দাবি।
এ ছাড়া অবৈধভাবে তেল বিক্রির মাধ্যমেও বড় অঙ্কের অর্থ আয় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ খাত থেকে বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে হুতিরা।
অর্থনীতির নিয়ন্ত্রণেই বাড়ছে সামরিক প্রভাব
সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ব্যবস্থাপক ইয়াজিদ আল-জেদ্দাউই মনে করেন, হুতিরা এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে, যার মাধ্যমে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক-সামরিক কর্তৃত্ব একে অপরকে শক্তিশালী করছে।
তাঁর মতে, কর, শুল্ক, জাকাত, জ্বালানি ও টেলিযোগাযোগ খাত থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি আমদানি অনুমতিপত্র, বিভিন্ন ফি এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার সুযোগও নিয়ন্ত্রণ করে হুতি কর্তৃপক্ষ। এর ফলে ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের প্রভাব বেড়েছে।
এসব খাত থেকে সংগৃহীত অর্থ দিয়ে নিরাপত্তা বাহিনী ও অনুগত ব্যক্তিদের নেটওয়ার্ক পরিচালনা করা হয়। একই সঙ্গে অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপরও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।
কর্মসংস্থানের সংকট এবং সরকারি কর্মীদের বেতন নিয়মিত না পাওয়ার বিষয়টিও হুতিদের যোদ্ধা নিয়োগে ভূমিকা রাখছে বলে মনে করেন আল-জেদ্দাউই। তাঁর ব্যাখ্যায়, কিছু তরুণের কাছে হুতি বাহিনীতে যোগ দেওয়া আয়ের সীমিত কয়েকটি সুযোগের একটি। নতুন যোদ্ধা নিয়োগের পাশাপাশি তাদের মধ্যে গোষ্ঠীটির আদর্শ ও বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয়। এতে সামরিক বাহিনীর বাইরেও স্থানীয় সমাজ ও পরিবারগুলোর ওপর তাদের প্রভাব বাড়ে।
অর্থনৈতিক ব্যবস্থার ওপর এই নিয়ন্ত্রণ শুধু অর্থ সংগ্রহেই সীমাবদ্ধ নেই। এর মাধ্যমে নিজেদের কর্তৃত্ব বজায় রাখা এবং সামরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও সম্পদ সংগ্রহের সুযোগও তৈরি হয়েছে।
অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে বিপুল বিনিয়োগ
হুতিদের আর্থিক নেটওয়ার্ক থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ সামরিক সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে বলে গবেষকদের ধারণা। নিরাপত্তা বাহিনীর পরিধি বাড়ানো, অস্ত্র উৎপাদন এবং সামরিক স্থাপনা নির্মাণে বিনিয়োগ করছে গোষ্ঠীটি।
আল-জেদ্দাউইয়ের মতে, হুতিরা উন্নত অস্ত্র তৈরির পাশাপাশি প্রতিরক্ষাব্যবস্থা, পরিখা, সুড়ঙ্গ, ভূগর্ভস্থ স্থাপনা ও অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে। এসব অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি অর্থের প্রয়োজন হয়।
জাতিসংঘের ২০২৪ সালের বিশেষজ্ঞ প্যানেলের এক হিসাব অনুযায়ী, হুতি যোদ্ধার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। এই সংখ্যা বাড়াতে ১৮ বছরের কম বয়সী কিশোরদেরও কখনো কখনো নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তার পাশাপাশি নিজস্ব অর্থনৈতিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারায় হুতিদের সামরিক কার্যক্রম দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।
যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ
হুতিদের সামরিক শক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্ক যত বিস্তৃত হচ্ছে, ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট ততই প্রকট হয়ে উঠছে। দীর্ঘদিনের সংঘাত, কর্মসংস্থানের অভাব, মূল্যস্ফীতি ও সরকারি সেবা ব্যাহত হওয়ার কারণে দেশটির মানুষের দুর্ভোগ বেড়েছে।
তাইজ সেন্টার ফর ইয়েমেনি-গালফ স্টাডিজের নির্বাহী পরিচালক ও অর্থনৈতিক গবেষক ওয়াফিক সালেহ বলেন, ২০১৬ সাল থেকে ইয়েমেনের প্রায় ১০ লাখ সরকারি কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছেন না। অথচ হুতিরা নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করা এবং সামরিক কার্যক্রম পরিচালনার জন্য অর্থ ব্যয় করে যাচ্ছে। তাঁর মতে, যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দেশটির প্রায় ২ কোটি ২৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
অন্যদিকে হুতি যোদ্ধা মোহাম্মদের কাছে সামরিক অভিযানের ব্যয় মেটানো কেবল অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি দায়িত্ব ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অংশ। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশ থেকে বিদেশি বাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য অর্থের প্রয়োজন রয়েছে এবং সে কারণে সামরিক কার্যক্রমে সহায়তা করাকে দেশপ্রেমিকদের দায়িত্ব হিসেবে দেখা হয়।
সব মিলিয়ে হুতিদের সামরিক সক্ষমতার পেছনে রয়েছে একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদান। ইরানের সহায়তা, তেল বাণিজ্য, কর-শুল্ক আদায়, ব্যবসা-বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের অনুদান তাদের অর্থের জোগান দিচ্ছে। এই অর্থের একটি বড় অংশ সামরিক কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যবহৃত হচ্ছে। তবে এর বিপরীতে দীর্ঘস্থায়ী যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষকে।
প্রতি / এডি / শাআ



















