ইংল্যান্ড ম্যাচে নীল জার্সিই কেন চাইছে আর্জেন্টিনা? কী আছে এর পেছনে?

প্রকাশঃ জুলাই ১৫, ২০২৬ সময়ঃ ১০:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নীল ‘অ্যাওয়ে’ জার্সি পরার অনুমতি চেয়ে ফিফার কাছে আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, শুধু পোশাকের রঙ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দলের অতীত সাফল্যের স্মৃতি ও দীর্ঘদিনের একটি বিশ্বাস।

ফিফার জার্সি-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, দুই দলের মূল জার্সির রঙে মিল থাকলে একটি দলকে বিকল্প জার্সি ব্যবহার করতে হয়। যেহেতু ইংল্যান্ড ঐতিহ্যগত সাদা জার্সি পরে মাঠে নামবে, তাই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির বদলে গাঢ় নীল জার্সি পরার সম্ভাবনাই বেশি। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতেই ফিফার কাছে অনুমতির আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের ভাষ্য, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কুসংস্কারও। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে স্মরণীয় জয়গুলোর সঙ্গে জড়িয়ে আছে এই নীল জার্সি।

বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচ। ওই ম্যাচেই দিয়েগো মারাদোনা করেন বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল এবং পরে একক নৈপুণ্যে করেন বিখ্যাত ‘গোল অব দ্য সেঞ্চুরি’। সেই ম্যাচে আর্জেন্টিনার গায়েও ছিল গাঢ় নীল জার্সি, আর ২-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে ওঠে দলটি।

শুধু ১৯৮৬ নয়, ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়েও ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও তাদের পরনে ছিল নীল জার্সি। তাই অনেক সমর্থক ও বিশ্লেষকের বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সি দলটির জন্য সৌভাগ্যের প্রতীক।

অন্যদিকে, বিশ্বকাপে আকাশি-সাদা জার্সি পরে ইংল্যান্ডের কাছে একাধিকবার হারার স্মৃতিও রয়েছে আর্জেন্টিনার। ১৯৬২, ১৯৬৬ এবং ২০০২ বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে পরাজয়ের সময় দলটি নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সিতেই খেলেছিল।

আরও একটি আবেগঘন দিক হলো, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জন্য এটি হতে যাচ্ছে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। এ নিয়ে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদপত্র ক্রনিকা একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ইঙ্গিত দেওয়া হয় যে মেসির ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার অপূর্ণতা এবার পূরণ হতে যাচ্ছে।

তবে নীল জার্সির সঙ্গে আর্জেন্টিনার সব স্মৃতিই সুখের নয়। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে পরাজয়ের সময়ও দলটির গায়ে ছিল গাঢ় নীল জার্সি।

তারপরও ইংল্যান্ডের বিপক্ষে অতীতের সাফল্য ও ঐতিহাসিক মুহূর্তগুলোকে সামনে রেখেই এবার সেই নীল জার্সিতেই মাঠে নামতে আগ্রহী আর্জেন্টিনা। অনেকের মতে, এটি শুধু একটি জার্সি নয়, বরং ইতিহাস, আবেগ এবং বিশ্বাসেরও প্রতীক।

প্রতি / এডি / শাআ 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G