ফুটবল ছাড়লেও থামছেন না মেসি, অবসরের পর যে পথে হাঁটবেন
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হয়েছে। মনুমেন্তাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের সামনে বিশ্বকাপজয়ী অধিনায়ক বিদায় নিয়েছেন জাতীয় দল থেকে। আর্জেন্টিনার হয়ে ২০৮টি ম্যাচ খেলে দেশের ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে তাঁর যাত্রা এখনো শেষ হয়নি।
ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের শেষ পর্যন্ত। যদিও চুক্তিটি প্রতিবছর পর্যালোচনার আওতায় আসে। মেসির ঘনিষ্ঠজনদের ধারণা, শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত মনে করলে চুক্তি আরও বাড়ানোর সম্ভাবনাই বেশি।
তবে ফুটবল থেকে পুরোপুরি অবসর নেওয়ার পর কী করবেন, সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনো নেই। মেসি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দূর পর্যন্ত পরিকল্পনা করতে পছন্দ করেন না বলে তাঁর কাছের মানুষদের ভাষ্য। তারপরও তাঁর বর্তমান কর্মকাণ্ড দেখলে অবসরের পরের জীবনের একটি সম্ভাব্য ছবি পাওয়া যায়।
মেসির জীবনে ফুটবল যে তখনও গুরুত্বপূর্ণ থাকবে, সেটি প্রায় নিশ্চিত। খেলাটির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকতেই চাইবেন তিনি। পাশাপাশি ফুটবলের বাইরেও গত কয়েক বছরে নিজের ব্যবসায়িক পরিসর বেশ বড় করেছেন আর্জেন্টাইন তারকা।
একসময় ক্লাবের ক্রীড়া পরিচালক কিংবা সভাপতির উপদেষ্টা হওয়ার ভাবনাও মেসির কাছে আকর্ষণীয় ছিল। এমন দায়িত্বে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখা যায়, অথচ নিয়মিত ভ্রমণ কিংবা প্রতিদিনের অতিরিক্ত ফোনকলের চাপ তুলনামূলক কম থাকে।
তবে ভবিষ্যতে কোচ হওয়া নাকি ক্লাবের মালিক হওয়া, এমন প্রশ্নের মুখোমুখি হলে মেসির পছন্দ মালিকের ভূমিকাই। তাঁর যুক্তি, কোচদের প্রতিটি ম্যাচের ফলাফলের সঙ্গে নিজেদের অবস্থান নিয়ে ভাবতে হয়। অন্যদিকে মালিক হিসেবে তুলনামূলক দূরে থেকে একটি ক্লাবের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা নির্ধারণ করা সম্ভব।
অবশ্য মেসি এমন মালিক হতে চান না, যিনি শুধু কোচ নিয়োগ করে বা প্রয়োজনীয় কাগজপত্রে সই করে দায়িত্ব শেষ করবেন। ক্লাবের কার্যক্রমের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও সক্রিয়ভাবে যুক্ত থাকার আগ্রহ রয়েছে তাঁর।
এরই মধ্যে স্পেনে সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখা যাচ্ছে। গত এপ্রিল মাসে বার্সেলোনার কাছাকাছি স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেয়া কিনে নেন মেসি। এরপর অক্টোবরে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেন্সের নতুন মালিক হিসেবেও তাঁর নাম সামনে আসে। তবে মালিকানা কার্যকর করতে এখনো স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
মেসির ফুটবলভিত্তিক বড় পরিকল্পনার অন্যতম কেন্দ্র হতে পারে এলদেন্স। বর্তমানে ক্লাবটির প্রধান লক্ষ্য অবশ্য অবনমন এড়ানো। নতুন মালিকানার পর দলের দায়িত্ব দেওয়া হয়েছে ভিয়ারিয়ালের সাবেক কোচ হাভি কায়েহাকে।
এই মুহূর্তে মেসি নিজে সরাসরি প্রতিদিনের ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছেন না। তাঁর আস্থাভাজন ব্যক্তিদের মাধ্যমে দুটি ক্লাবের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তাঁরা মেসির সঙ্গে ক্লাবগুলোর যোগাযোগের সেতু হিসেবে কাজ করছেন।
দূর থেকে হলেও এলদেন্সের ম্যাচগুলোর ওপর মেসির নজর রয়েছে। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর ক্লাবের মালিক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রথম বার্তাতেও ফুটে ওঠে সমর্থন। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘আউপা দেপোর্তিভো’, যার অর্থ এগিয়ে যাও দেপোর্তিভো।
মেসির মালিকানায় আসার পর খুব দ্রুতই ক্লাবটির প্রতি ব্যবসায়িক আগ্রহ তৈরি হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই প্রায় এক ডজন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্লাবটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আগের মালিকদের সময় আলোচনা করেও চুক্তিতে যেতে পারেনি। আবার কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে মেসির আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
স্পেনের পাশাপাশি উরুগুয়েতেও মেসির ফুটবলভিত্তিক বিনিয়োগ রয়েছে। ২০২৫ সালের মে মাসে লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে সেখানে ‘দেপোর্তিভো এলএসএম’ প্রতিষ্ঠা করেন তিনি। প্রথম মৌসুমেই দলটি দেশের তৃতীয় বিভাগে উঠে আসে।
প্রাথমিকভাবে আরও কয়েকটি ক্লাবকে যুক্ত করে বড় একটি ফুটবল নেটওয়ার্ক তৈরির চিন্তা ছিল। কিন্তু নিচের বিভাগ থেকে ক্লাবগুলোকে ধাপে ধাপে ওপরে তুলতে যে বড় অঙ্কের অর্থ প্রয়োজন, সেটি বিবেচনায় নিয়ে আপাতত সেই পরিকল্পনা থামিয়ে রাখা হয়েছে। বর্তমানে মেসির বড় লক্ষ্য এলদেন্সকে স্পেনের সর্বোচ্চ পর্যায়ের লা লিগায় প্রতিষ্ঠিত করা।
ইন্টার মায়ামির সঙ্গেও অবসরের পর মেসির সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। চুক্তির কাঠামো অনুযায়ী, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর ক্লাবটির কিছু মালিকানা পাওয়ার সুযোগ রয়েছে তাঁর। তবে নিজস্ব আরেকটি ফ্র্যাঞ্চাইজি খোলার বিষয়ে আপাতত আগ্রহ দেখা যাচ্ছে না।
শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা নিয়েও মাঝেমধ্যে আলোচনা হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেই। মেসির ঘনিষ্ঠ মহলও এমন প্রত্যাবর্তনের বিষয়ে কোনো প্রত্যাশা করছে না। বর্তমানে তাঁর পারিবারিক ও পেশাগত জীবনের কেন্দ্র ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মায়ামি। আর পরিবারের জন্য বার্সেলোনার সঙ্গে তাঁর সম্পর্কও বরাবরই বিশেষ।
তবে নিউয়েলসের সঙ্গে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি। ‘মেসি কাপ’-এ অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে ছিল আর্জেন্টিনার এই ক্লাবটিও। তরুণ ফুটবলারদের বিকাশে মেসির আগ্রহ দীর্ঘদিনের। নিজের ছেলের ম্যাচ দেখা থেকে শুরু করে বয়সভিত্তিক টুর্নামেন্টে সময় দেওয়ার মধ্যেও সেটির প্রমাণ পাওয়া যায়।
অনূর্ধ্ব-১৬ পর্যায়ের একাডেমিগুলোকে নিয়ে আয়োজিত ‘মেসি কাপ’-এ অর্থের পাশাপাশি নিজের সময়ও দিচ্ছেন তিনি। ২০২৫ সালে মাত্র আটটি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম আসরেই মেসির উপস্থিতি আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। ধারণা করা হয়েছিল, তিনি হয়তো কয়েকটি ম্যাচ কিংবা শুধু ফাইনাল দেখতে আসবেন। কিন্তু পুরো টুর্নামেন্টজুড়েই তাঁকে মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করতে দেখা যায়।
ফুটবলের বাইরে মেসির ব্যবসায়িক সাম্রাজ্যও কম বড় নয়। গত জুনে ফোর্বসের হিসাবে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার। একই সময়ে প্রকাশিত হিসাবে, এক বছরে ফুটবল ও বিভিন্ন ব্যবসা থেকে তাঁর আয় প্রায় ১৪০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাণিজ্যিক জগতে মেসির দীর্ঘমেয়াদি অংশীদারদের মধ্যে অন্যতম অ্যাডিডাস। ২০১৭ সালে ব্র্যান্ডটির সঙ্গে আজীবন চুক্তিতে যান তিনি। পাশাপাশি হোটেল ব্যবসাতেও তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
‘এমআইএম হোটেলস’ ব্র্যান্ডের অধীনে ইবিজা থেকে অ্যান্ডোরা পর্যন্ত ছয়টি বুটিক হোটেলের সঙ্গে মেসি যুক্ত। ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এসব হোটেল ভাড়ার চুক্তিতে পরিচালনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। মেসি ও ম্যাজেস্টিক হোটেল গ্রুপের নামের সমন্বয়ে ব্র্যান্ডটির নাম রাখা হয়েছে ‘মিএম’।
জন্মশহর রোজারিওর প্রতিও বিনিয়োগের আগ্রহ রয়েছে মেসির। পারানা নদীর তীরে ‘কারাসকো এম’ নামে ২৪টি বিলাসবহুল বাড়ির একটি আবাসন প্রকল্পে তাঁর পারিবারিক প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। প্রকল্পটির বিপণন ও বিক্রয় কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে মেসির সাবেক সতীর্থ ও বন্ধু আনহেল দি মারিয়ার রিয়েল এস্টেট প্রতিষ্ঠান।
খাবারের ব্যবসাতেও মেসির অংশীদারত্ব রয়েছে। স্পেনের জনপ্রিয় রেস্তোরাঁ চেইন ‘এল ক্লাব দে লা মিলাইনেসা’র সঙ্গে যুক্ত তিনি। কাতালোনিয়ায় প্রতিষ্ঠানটির আরও পাঁচটি শাখা চালুর পরিকল্পনা রয়েছে, যার প্রথমটি কাসতেলদেফেলসে চালু হওয়ার কথা।
পানীয় পরিবেশনের সামগ্রীর ব্র্যান্ড ‘স্ট্যানলি’র সঙ্গেও মেসির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কোনো ক্রীড়াবিদের সঙ্গে ব্র্যান্ডটির এটি প্রথম দীর্ঘমেয়াদি চুক্তি। এমনকি পণ্যের উপাদান ও রং নির্বাচনের মতো বিষয়েও মেসির মতামত নেওয়া হয়।
মেসির ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে ওঠার পেছনে তাঁর বাবা হোর্হে মেসির বড় ভূমিকা ছিল। গত আগস্টে ৬৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ছেলের ক্যারিয়ারের শুরু থেকেই ব্যবসা ও বিভিন্ন বাণিজ্যিক বিষয় দেখভাল করতেন তিনি। অসুস্থ হয়ে পড়ার আগেই টেলিভিশন প্রযোজনা, বিপণন, গণমাধ্যম এবং বাণিজ্যিক অংশীদারত্বসহ বিভিন্ন খাতে মেসির ব্যবসার ভিত শক্ত করে দিয়ে যান।
এখন মেসির বিশ্বস্ত একটি দল এসব কার্যক্রম পরিচালনা করছে। বার্সেলোনায় তাঁর ক্যারিয়ারের শুরুর সময় থেকেই যারা পাশে আছেন, তাঁদের অনেকেই এখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সম্ভাব্য সুযোগগুলো যাচাই করে মেসির সামনে তুলে ধরেন। এরপর নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন তারকা।
ব্যবসার ক্ষেত্রেও নিজের কিছু নীতি অনুসরণ করেন মেসি। অন্য কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে তিনি সাধারণত রাজি হন না। গত নভেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত ‘আমেরিকা বিজনেস ফোরাম’-এ নিজের ব্যবসায়িক আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। মেসির বক্তব্য ছিল, ব্যবসা তাঁকে আকর্ষণ করে এবং এ বিষয়ে আরও শেখার ইচ্ছা তাঁর রয়েছে। কারণ এই জগতে তাঁর যাত্রা এখনো শুরুর পর্যায়েই রয়েছে।
তাই জাতীয় দলের অধ্যায় শেষ হলেও মেসির গল্প থামছে না। মাঠে খেলোয়াড় হিসেবে তাঁর সময় ফুরিয়ে আসছে, কিন্তু ফুটবল ক্লাব, তরুণ প্রতিভা, বিনিয়োগ ও ব্যবসার জগতে নতুন এক অধ্যায় গড়ে তোলার প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছেন তিনি।
প্রতি / এডি / শাআ

















