এমপিও শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, একসঙ্গে মিলবে না দুটি ভাতা
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বা কর্মচারী যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলে তিনি একই সময়ে এমপিওর বেতন-ভাতা এবং জনপ্রতিনিধি হিসেবে প্রাপ্য সম্মানী ভাতা একসঙ্গে নিতে পারবেন না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি জারি করা এক আদেশে মাউশি জানিয়েছে, প্রচলিত এমপিও নীতিমালা অনুযায়ী একজন এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী একই সময়ে দুটি লাভজনক পদ থেকে আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ পান না। ফলে এমপিও সুবিধা অথবা জনপ্রতিনিধির সম্মানী, এই দুইয়ের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।
এ নির্দেশনার পেছনে একটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে। নওগাঁর জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো আবেদনে জানানো হয়, বগুড়ার আদমদিঘী উপজেলার আদমদিঘী ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান নওগাঁর রানীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা গ্রহণের বিষয়ে তিনি আইনি ব্যাখ্যা চান।
বিষয়টি পর্যালোচনার জন্য মাউশি তাদের আইন শাখার মতামত নেয়। আইন উপদেষ্টা লিখিত মতামতে জানান, একজন ব্যক্তি একই সময়ে এমপিও সুবিধা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য হিসেবে প্রাপ্য সম্মানী ভাতা উভয়ই গ্রহণ করতে পারবেন না। তাঁকে যেকোনো একটি আর্থিক সুবিধা গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে।
আইন শাখার মতামতের ভিত্তিতে মাউশি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষক যদি এমপিও সুবিধা চালিয়ে যেতে চান, তাহলে চেয়ারম্যান হিসেবে কোনো সম্মানী গ্রহণ করা যাবে না। আবার চেয়ারম্যানের সম্মানী নিতে চাইলে এমপিও সুবিধা ছেড়ে দিতে হবে।
মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এ নির্দেশনায় জেলা প্রশাসক, শিক্ষা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, এই ব্যাখ্যার ফলে ভবিষ্যতে এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচিত হলে আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইনি অবস্থান নিয়ে বিভ্রান্তি থাকবে না।
প্রতি / এডি / শাআ









