পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনে ৩,৪০০ প্রবাসী ভোটার নিবন্ধন

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের প্রথম দিনেই প্রায় ৩ হাজার ৪০০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই তথ্য জানান নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম টিমের লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।

বুধবার (১৯ নভেম্বর) পর্যন্ত নিবন্ধন করা ভোটারদের মধ্যে দক্ষিণ কোরিয়া শীর্ষে রয়েছে—এ দেশ থেকে নিবন্ধন করেছেন ১,৭৪৫ জন। এরপর জাপান ৬৯০, চীন ৩৬৮ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যান্য দেশগুলোর মধ্যে লিবিয়া ৬১, মিশর ৫২, উগান্ডা ১৯ এবং মোজাম্বিক ১৫ জন নিবন্ধন করেছেন। মরিশাস থেকে ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়া থেকে ১১ জন করে এবং বতসোয়ানা, কঙ্গো, তানজানিয়া, কেনিয়া ও মরক্কো থেকেও কয়েকজন নিবন্ধন করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে মোট নিবন্ধন বেড়ে দাঁড়ায় ৩,৪২৩ জনে। প্রথম পর্যায়ে ১৯–২৩ নভেম্বর পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার আগামী ১৯–২৩ ডিসেম্বর নিবন্ধনের আওতায় থাকবেন। যারা এই সময় বাদ পড়বেন, পরে তারাও নিবন্ধনের সুযোগ পাবেন।

এর আগে, ১৮ নভেম্বর নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপ চালুর পর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ৩,৩৯১ জন—এর মধ্যে ৩,২০৪ জন পুরুষ এবং ১৮৭ জন নারী ভোটার।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G