বনানীতে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রকাশঃ মে ১৩, ২০১৭ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

তানভীর অনিক, রাবি প্রতিনিধি:

রাজধানীর বনানীতে দুই তরুণীসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কণি ইসলাম বলেন, ‘একজন ধর্ষক যখন নিকৃষ্ট কাজ করছে, তার পেছনে বড় শক্তি রয়েছে জেনেই সে এটা করছে। ধর্ষিতা পুলিশের কাছে যাবে না, গেলেও বিচার পাবে না- এই ধারণা ধর্ষকের মধ্যে গেঁথে গেছে। একজন ধর্ষক যদি সত্যিকার অর্থে বিচারের মুখোমুখি হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তবে অন্যরা আর এ নিকৃষ্ট কাজে এগুনোর সাহস পাবে না। ধর্ষণ বন্ধে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা ছাড়া উপায় নেই।’

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, ‘সারা দেশব্যাপী ধর্ষণের মতো জঘন্য ঘটনার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। যারা এই জঘন্য অপরাধ করেছে এবং যারা অপরাধীদের সাহায্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে যে পুলিশ বাহিনী ও ক্ষমতাসীন বিভিন্ন নেতৃত্ববৃন্দ অর্থের বিনিময়ে এ বিচারকার্যকে ব্যাহত করার জন্য যে বিলম্ব করেছে তাদেরও বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী আল আমিন প্রধান তারেক বলেন, ‘আমাদের সমাজ, রাষ্ট্র, পুঁজিবাদী সমাজ নারীকে কিভাবে দেখছে? বিজ্ঞাপন, নাটক, সিনেমাসহ সর্বত্র নারীকে পণ্যের স্তরে নামিয়ে রাখা হয়েছে। সমাজে পণ্যগ্রাফী বিস্তারের ফলে নারীকে ভোগ্যপণ্য স্তরে নামিয়ে ফেলেছে। ধর্ষণে পোশাক কোনো বিষয় নয়। একটা ধর্ষণের ঘটনা যখন ঘটে তখন রাষ্ট্রের উচিত জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা।’

আন্তজার্তিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা মিতুল ইভার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাবাস্সির হক, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদ রিমন প্রমুখ।

মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G