বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন, জেনে নিন বিস্তারিত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে কমিশনের অভ্যন্তরে আলোচনা চলছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি বাধ্যতামূলক নয়। তবে দীর্ঘ সময় ব্যবহারের কারণে পরিচয় যাচাইয়ে যে ধরনের জটিলতা তৈরি হচ্ছে, তা কমাতে নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ইসির কর্মকর্তারা বলছেন, ১৫ বছরে একজন মানুষের শারীরিক গঠন ও মুখাবয়বে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। অনেকেই চিকিৎসা বা অস্ত্রোপচারের মাধ্যমে চেহারায় পরিবর্তন আনেন। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আঙুলের ছাপের গুণগত মানেও পরিবর্তন হতে পারে। ফলে বায়োমেট্রিক তথ্যের নির্ভুলতা বজায় রাখতে নির্দিষ্ট সময় পরপর এনআইডি হালনাগাদ প্রয়োজন বলে মনে করছেন তারা।
আইনে কী বলা আছে?
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত ফি দিয়ে কমিশনের কাছে নবায়নের আবেদন করার বিধান রয়েছে।
অন্যদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, নাগরিক বা তার আইনগত অভিভাবক নির্ধারিত ফরমে সরাসরি কিংবা অনলাইনের মাধ্যমে নবায়নের আবেদন করতে পারেন। আবেদনের সঙ্গে ফি পরিশোধের প্রমাণপত্র জমা দিতে হয়।
জরুরি আবেদন নির্বাচন কমিশনে এবং সাধারণ আবেদন সংশ্লিষ্ট স্থানীয় কার্যালয়ে জমা দিতে হয়। বিধিমালায় জরুরি আবেদন সাত দিনের মধ্যে এবং সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা উল্লেখ রয়েছে।
বর্তমানে সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়নের জন্য ১৫০ টাকা নির্ধারিত।
যা বলছে নির্বাচন কমিশন
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনআইডি নবায়নের ব্যবস্থা আগে থেকেই রয়েছে। নাগরিকরা প্রয়োজন অনুযায়ী আবেদন করে পরিচয়পত্র নবায়ন করতে পারেন। হারিয়ে গেলে বা নষ্ট হলেও নতুন এনআইডির জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
বর্তমানে হারানো বা ক্ষতিগ্রস্ত এনআইডির ডুপ্লিকেট তুলতে প্রথমবার সাধারণ আবেদনের জন্য ২০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ৩০০ টাকা ফি দিতে হয়। পরবর্তী আবেদনগুলোর ক্ষেত্রে এই ফি ধাপে ধাপে বৃদ্ধি পায়।
এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতি / এডি / শাআ









