ভোটের ফল জানাবে ‘স্মার্ট ইলেকশন’ অ্যাপ
এবার নির্বাচনের ফল জানতে আর টেলিভিশনের সামনে বসে থাকতে হবে না। নিজের স্মার্টফোনেই সরাসরি ভোটের ফলাফল দেখা যাবে। এ লক্ষ্যেই নির্বাচন কমিশন চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার—সব ধরনের নির্বাচনের ফল দ্রুত ও নির্ভুলভাবে জানাতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে ভোটাররা তাৎক্ষণিক আপডেট পেতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি?
অ্যাপ ডাউনলোড:
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করলেই অ্যাপটি পাবেন। ডাউনলোড শেষে ইনস্টল করে চালু করতে হবে।
লগইন প্রয়োজন কি?
সাধারণ ফলাফল দেখতে আলাদা করে লগইন বাধ্যতামূলক নয়। তবে ভোটার হিসেবে নিজের তথ্য বা কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হতে পারে।
ফলাফল দেখার নিয়ম:
অ্যাপের মূল পাতায় প্রবেশ করে ‘ইলেকশন রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নির্বাচনের ধরন (জাতীয়, উপজেলা, পৌর বা ইউনিয়ন) নির্বাচন করে জেলা ও সংশ্লিষ্ট এলাকা নির্ধারণ করলে কেন্দ্রভিত্তিক ফলাফল দেখা যাবে।
প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ হলে তা সরাসরি অ্যাপে আপডেট হবে। প্রার্থীভিত্তিক প্রাপ্ত ভোটসংখ্যা, শতকরা হার এবং সামগ্রিক অবস্থান দেখা যাবে সহজ গ্রাফ ও চার্টের মাধ্যমে। ফলে কে এগিয়ে, কে পিছিয়ে—তা এক নজরেই বোঝা যাবে।
নির্বাচন পর্যবেক্ষকদের মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ফল প্রকাশে স্বচ্ছতা বাড়াবে এবং জনগণের তথ্যপ্রাপ্তি আরও সহজ করবে।
প্রতি /এডি /শাআ













