বডি ক্যামেরায় লাইভ নজরদারি, ভোট মনিটর করছে ইসি
নির্বাচনে নজরদারি জোরদার করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাকে ছোট আকারের বডি ক্যামেরা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখা যায়, সেখান থেকেই লাইভ ভিডিওর মাধ্যমে বিভিন্ন কেন্দ্রের চিত্র মনিটর করা হচ্ছে। ইসির আইনশৃঙ্খলা সমন্বয় সেলের কর্মকর্তারা বাস্তব সময়ে ভোটের পরিবেশ পর্যালোচনা করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল কেন্দ্রগুলোতে এই বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ক্যামেরাগুলো ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ফুটেজ পাঠাচ্ছে, ফলে কর্মকর্তারা শুধু দৃশ্যই দেখছেন না—কেন্দ্রের কথোপকথনও শুনতে পারছেন। পাশাপাশি জিপিএস প্রযুক্তির মাধ্যমে দায়িত্বরত সদস্যদের অবস্থান মানচিত্রে সরাসরি দেখা যাচ্ছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, কোথাও বিশৃঙ্খলা বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত সিসিটিভির পাশাপাশি বডি ক্যামেরা ভোট পর্যবেক্ষণে নতুন মাত্রা যোগ করেছে এবং স্বচ্ছতা বাড়াতে সহায়ক হচ্ছে।
প্রতি /এডি /শাআ











