ষোল আনাই মিছে

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

সুকুমার রায়

nouka

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে

মাঝিরে কন, “বলতে পারিস সূর্যি কেন ওঠে ?

চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।”

খানিক বাদে কহেন বাবু “বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে ?
বলত কেন লবণপোরা সাগর ভরা পানি ?”
মাঝি সে কয়, “আরে মশাই অত কি আর জানি ?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি ?”

আবার ভেবে কহেন বাবু “বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো ?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন ?”
বৃদ্ধ বলে, “আমায় কেন লজ্জা দেছেন হেন ?”
বাবু বলেন, “বলব কি আর, বলব তোরে কি তা,–
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে !
মাঝিরে কন, “একি আপদ ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকি আজি ?”
মাঝি শুধায়, “সাঁতার জানো ?” –মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, “মশাই, এখন কেন কাবু ?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।”

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G