কারিগরি শিক্ষায় বড় ধাক্কা, বন্ধ হচ্ছে ৬৫০ প্রতিষ্ঠান
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠির সঙ্গে সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে এমন ৬২১টি প্রতিষ্ঠানের তালিকাও সংযুক্ত করা হয়েছে।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনাকারী যেসব প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন পাঠদান অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাই-এর মধ্যে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদন সাপেক্ষে বোর্ড কোনো প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।
নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, ল্যাব ও যন্ত্রপাতি, লাইব্রেরিসহ বিভিন্ন শর্ত যথাযথভাবে পালন করতে হয়। এসব বিষয়ে ঘাটতি থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
বোর্ডের এই উদ্যোগের ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ এখন তাদের দেওয়া ব্যাখ্যা এবং বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
প্রতি / এডি / শাআ













