মহাকাশে শিশু গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
সৌরমণ্ডলের বাইরে এখন পর্যন্ত অসংখ্য গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এসব গ্রহের বয়স, আকার ও অবস্থান নিয়েও নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এবার এমন একটি গ্রহের সন্ধান মিলেছে, যার বয়স ১০ লাখ বছরও হয়নি। এত অল্প বয়সী কোনো গ্রহের সন্ধান এর আগে বিজ্ঞানীদের হাতে আসেনি।
নতুন সন্ধান পাওয়া এই গ্রহটি এখনও পুরোপুরি গঠিত হয়নি। ধুলো ও গ্যাসের ঘন আবরণ নিয়ে এটি তার নক্ষত্রকে ঘিরে ঘুরছে। বিজ্ঞানীদের কাছে তাই গ্রহটির এই প্রাথমিক অবস্থাটি বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
সৌরমণ্ডলের বাইরে থাকা গ্রহগুলোকে বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেট হিসেবে অভিহিত করেন। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দূরবর্তী নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা এমন অনেক গ্রহ শনাক্ত করা সম্ভব হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অত্যন্ত অল্পবয়সী এই গ্রহটি।
নতুন গ্রহটির নাম দেওয়া হয়েছে ইলিয়াস ২-২৪বি। এটি ইলিয়াস ২-২৪ নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪৫০ আলোকবর্ষ।
এখনও গঠনের প্রক্রিয়ায়
বিজ্ঞানীদের ধারণা, ইলিয়াস ২-২৪বি’র বয়স ১০ লাখ বছরেরও কম। গ্রহটির বয়স এত কম যে এর গঠনপ্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। চারপাশে থাকা গ্যাস ও ধুলোর উপাদান সেই চলমান প্রক্রিয়ারই ইঙ্গিত দিচ্ছে।
গ্রহটির আকারও বেশ বড়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি বৃহস্পতির কাছাকাছি আকারের একটি গ্রহ।
একটি গ্রহ কীভাবে জন্ম নেয় এবং ধীরে ধীরে কীভাবে পূর্ণাঙ্গ রূপ পায়, তা বোঝার ক্ষেত্রে এমন নবীন গ্রহ বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সাধারণত কয়েক কোটি বা কয়েকশ কোটি বছর পুরোনো গ্রহ পর্যবেক্ষণ করেই গ্রহের বিবর্তন সম্পর্কে ধারণা নিতে হয়।
পৃথিবীর তুলনায় বয়স কত কম
পৃথিবীর বয়স প্রায় সাড়ে ৪৫০ কোটি বছর। সেই তুলনায় ইলিয়াস ২-২৪বি’র বয়স ১০ লাখ বছরেরও কম হওয়ায় এর বয়সকে গ্রহের হিসেবে অত্যন্ত কম বলা যায়।
অর্থাৎ পৃথিবীর তুলনায় নতুন সন্ধান পাওয়া এই গ্রহটি মহাজাগতিক সময়ের হিসাবে একেবারেই সদ্যোজাত। এখনও তার গঠনপ্রক্রিয়া চলমান থাকায় বিজ্ঞানীরা এর মাধ্যমে গ্রহ তৈরির শুরুর দিকের নানা বিষয় জানার সুযোগ পেতে পারেন।
দূর মহাকাশে এমন একটি গ্রহের সন্ধান বিজ্ঞানীদের সামনে গ্রহের জন্ম ও বিকাশের প্রাথমিক পর্যায় পর্যবেক্ষণের নতুন সুযোগ তৈরি করেছে।
প্রতি / এডি / শাআ



















