ইয়ামালই হতে পারেন ভবিষ্যতের কিংবদন্তি, স্পেন কোচ
উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচে মাত্র ছয় মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তাঁর অসাধারণ ফিনিশিং দেখে সাইডলাইনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো।
বক্সের ডান প্রান্তে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে পরপর দুইবার সেটি নিজের নিয়ন্ত্রণে নেন ইয়ামাল। এরপর কোনাকুনি উঁচু শটে বল পাঠিয়ে দেন জালে। গোলটি এতটাই দৃষ্টিনন্দন ছিল যে, বিস্ময়ে দুই হাত মাথায় তুলে ফেলেন দে লা ফুয়েন্তে।
ম্যাচ শেষে নিজের সেই প্রতিক্রিয়া এবং ইয়ামালের পারফরম্যান্স নিয়ে কথা বলেন স্পেন কোচ। তাঁর মতে, ইয়ামালের প্রতিভার পুরোটা এখনো ফুটে ওঠেনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিন আমাদের বিস্মিত করে চলেছে। তার প্রতিভা ও গুণের কোনো কমতি নেই। আমাদের দেওয়ার মতো তার আরও অনেক কিছু রয়েছে। তার সেরা রূপ দেখতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে সে নিয়মিতই দুর্দান্ত সব শটে গোল করছে।’
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোলের মাধ্যমে টানা তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে জালের দেখা পেলেন ইয়ামাল। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে একটি বিরল রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি। ২০১৮ সালে কিরগিজস্তানের আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন আন্তর্জাতিক ম্যাচে ছয় মিনিটের মধ্যে গোল করার কীর্তি গড়েছেন এই স্প্যানিশ তারকা।
এর আগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেই ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন ইয়ামাল। ফলে তিন ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। মাত্র ১৯ বছর বয়সেই জাতীয় দলের হয়ে এমন ধারাবাহিকতা দেখিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি।
ইয়ামালের দুর্দান্ত ফর্ম তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাকেও আরও আলোচনায় নিয়ে এসেছে। স্পেন কোচও তাঁর শিষ্যের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।
দে লা ফুয়েন্তের ভাষায়, ‘ব্যালন ডি’অরের জন্য যদি সে একমাত্র স্প্যানিশ খেলোয়াড়ও হতো, তবুও আমি বলতাম, হ্যাঁ। সে বিশ্বের সেরাদের একজন।’
স্পেন কোচ আরও বলেন, ইয়ামালের প্রতিদ্বন্দ্বিতা মূলত নিজের দেশের অন্য তারকাদের সঙ্গেই। তাঁর পারফরম্যান্সের প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, ‘সে প্রায় সবকিছুই দারুণভাবে করতে পারে। সে যদি সেরা না-ও হয়, তার কারণ স্পেনের অন্য খেলোয়াড়দের কাছ থেকে তাকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। তবে সে নিঃসন্দেহে বিশ্বের সেরাদের একজন। লামিন একজন কিংবদন্তি হয়ে ওঠার পথেই এগিয়ে যাচ্ছে।’
ইয়ামালের বয়স এখনো কম, কিন্তু জাতীয় দল ও ক্লাব ফুটবলে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যেই তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ তারকায় পরিণত করেছে।
প্রতি / এডি / শাআ



















