যেভাবে ছোট চিংড়ির ভুনায় মিলবে আসল স্বাদ, জেনে নিন সহজ রেসিপি
বর্ষার পানি নামতে শুরু করলেই গ্রামবাংলার খাল-বিল, নদী-নালা ও বিভিন্ন জলাশয়ে দেখা দেয় ছোট চিংড়ির আধিক্য। বছরের এই সময়টায় বাজারেও দেশি ছোট চিংড়ি তুলনামূলক সহজে পাওয়া যায়। তাই ভাতের সঙ্গে জমিয়ে খেতে অনেকের পছন্দের তালিকায় থাকে মসলাদার ছোট চিংড়ির ভুনা।
অল্প কিছু ঘরোয়া উপকরণেই তৈরি করা যায় এই রান্না। তবে চিংড়ির সঙ্গে পেঁয়াজ ও মসলার ভালোভাবে কষানোই এর স্বাদ বাড়ানোর অন্যতম কৌশল। ঝাল একটু বেশি পছন্দ করলে কাঁচা মরিচের পরিমাণও বাড়িয়ে নিতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ
- ছোট চিংড়ি ২৫০ গ্রাম
- পেঁয়াজ কুচি ২ কাপ
- টমেটো কুচি আধা কাপ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- আদা বাটা ১ চা-চামচ
- কাঁচা মরিচ ৪-৫টি
- মরিচ গুঁড়া দেড় চা-চামচ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- জিরা গুঁড়া আধা চা-চামচ
- লবণ পরিমাণমতো
- সরিষার তেল আধা কাপ
- ছোট টমেটো ১টি, চাইলে
- ধনেপাতা সামান্য
যেভাবে রান্না করবেন
প্রথমে চিংড়িগুলো পরিষ্কার করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ লালচে বাদামি হয়ে এলে টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
টমেটো নরম হয়ে এলে মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এরপর রসুন ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। জিরা ও হলুদ গুঁড়া সামান্য পানিতে মিশিয়ে কড়াইয়ে দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন।
মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে প্রস্তুত করে রাখা চিংড়ি দিয়ে দিন। মসলার সঙ্গে চিংড়ি ভালোভাবে মিশিয়ে মাঝারি থেকে কম আঁচে কয়েক মিনিট রান্না করুন। চিংড়ি থেকে পানি বের হলে সেই পানিতেই কিছুক্ষণ রান্না হতে দিন।
প্রায় ৫-৭ মিনিট পর যখন মসলা ভালোভাবে শুকিয়ে তেল আলাদা হয়ে আসবে, তখন কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন। সবশেষে ধনেপাতা ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মসলাদার ছোট চিংড়ির ভুনা।
স্বাদ বাড়াতে কয়েকটি টিপস
চাইলে চিংড়িতে লবণ ও হলুদ মাখিয়ে অল্প তেলে আগে হালকা করে ভেজে নিতে পারেন। তবে এই রান্নায় বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করে ভালোভাবে কষানো হলে চিংড়ি না ভেজেও বেশ ভালো স্বাদ পাওয়া যায়।
আর ঝালপ্রিয় হলে কাঁচা মরিচের পাশাপাশি মরিচ গুঁড়ার পরিমাণও নিজের পছন্দ অনুযায়ী সামান্য বাড়িয়ে নিতে পারেন। সরিষার তেলের ঝাঁঝ ও মসলার স্বাদই এই ভুনার স্বাদকে আরও বাড়িয়ে দেবে।
প্রতি / এডি / শাআ



















