ঘরে থাকা উপকরণেই তৈরি করুন সুস্বাদু পিনাট বাটার

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২৬ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ অপরাহ্ণ

সকালের নাশতায় পাউরুটি কিংবা টোস্টের সঙ্গে পিনাট বাটার খেতে অনেকেই পছন্দ করেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিনাট বাটার পাওয়া গেলেও চাইলে এটি বাড়িতেই তৈরি করা সম্ভব। এজন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। কিছু চিনাবাদাম আর কয়েকটি সাধারণ উপকরণ থাকলেই তৈরি করতে পারবেন মসৃণ ও সুস্বাদু পিনাট বাটার।

ঘরে তৈরি পিনাট বাটারের স্বাদ ও ঘনত্ব নিজের পছন্দ অনুযায়ী ঠিক করে নেওয়া যায়। তবে ভালো মানের পিনাট বাটার পেতে চিনাবাদাম সঠিকভাবে ভাজা এবং পর্যাপ্ত সময় ধরে ব্লেন্ড করা গুরুত্বপূর্ণ।

পিনাট বাটার তৈরিতে যা যা লাগবে

  • চিনাবাদাম ২ কাপ
  • লবণ সোয়া চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী
  • মধু বা চিনি ১ থেকে ২ চা-চামচ (ইচ্ছা অনুযায়ী)
  • চিনাবাদামের তেল অথবা সয়াবিন তেল ১ থেকে ২ চা-চামচ

যেভাবে তৈরি করবেন ঘরোয়া পিনাট বাটার

প্রথম ধাপ: চিনাবাদাম ভেজে নিন

প্রথমে একটি শুকনা কড়াই চুলায় বসিয়ে মাঝারি আঁচে গরম করুন। এতে চিনাবাদাম দিয়ে প্রায় ৫ থেকে ৮ মিনিট নাড়তে নাড়তে ভাজুন। বাদামের রং হালকা বাদামি হয়ে এলে এবং সুন্দর সুগন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে ফেলুন। খেয়াল রাখবেন, অতিরিক্ত ভাজা যেন না হয়।

দ্বিতীয় ধাপ: বাদামের খোসা পরিষ্কার করুন

ভাজা চিনাবাদাম কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিন। এরপর দুই হাতের তালুর মধ্যে নিয়ে হালকাভাবে ঘষলে খোসা আলাদা হয়ে যাবে। খোসাগুলো ঝেড়ে বাদামগুলো আলাদা করে রাখুন।

তৃতীয় ধাপ: ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন

এবার ফুড প্রসেসর অথবা ভালো মানের ব্লেন্ডারে চিনাবাদাম ঢেলে দিন। প্রথমে ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করুন। এ সময় বাদাম মিহি গুঁড়োর মতো হবে। এরপর ধীরে ধীরে দলা বাঁধতে শুরু করবে। আরও কিছুক্ষণ ব্লেন্ড করলে বাদাম থেকে প্রাকৃতিক তেল বের হয়ে মসৃণ পেস্ট তৈরি হবে।

চতুর্থ ধাপ: পিনাট বাটার মসৃণ করুন

বাদামের মিশ্রণটি আরও ২ থেকে ৫ মিনিট ব্লেন্ড করতে থাকুন। প্রয়োজনে মাঝখানে মেশিন বন্ধ করে জারের গায়ে লেগে থাকা বাদামের অংশ চামচ দিয়ে নিচে নামিয়ে দিন। এতে সবটুকু বাদাম সমানভাবে মিশবে এবং পিনাট বাটার আরও মসৃণ হবে।

পঞ্চম ধাপ: স্বাদ অনুযায়ী উপকরণ মেশান

পেস্ট তৈরি হয়ে গেলে এতে লবণ এবং পছন্দ অনুযায়ী মধু অথবা চিনি যোগ করুন। এরপর আরও কিছুক্ষণ ব্লেন্ড করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণ বেশি ঘন মনে হলে অল্প পরিমাণ তেল যোগ করতে পারেন। তবে একবারে বেশি তেল না দিয়ে প্রয়োজনে এক চা-চামচ করে মেশানো ভালো।

ষষ্ঠ ধাপ: সংরক্ষণের ব্যবস্থা করুন

সবশেষে তৈরি পিনাট বাটার একটি পরিষ্কার ও সম্পূর্ণ শুকনা কাচের বয়ামে ঢেলে রাখুন। বয়ামের মুখ ভালোভাবে বন্ধ করে সংরক্ষণ করুন। ব্যবহারের সময় সব সময় পরিষ্কার ও শুকনা চামচ ব্যবহার করবেন।

পিনাট বাটার তৈরির সময় যে বিষয়টি মনে রাখবেন

ঘরে পিনাট বাটার তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিনাবাদাম ভালোভাবে ভাজা এবং পর্যাপ্ত সময় ধরে ব্লেন্ড করা। অনেক সময় শুরুতে বাদাম শুকনা গুঁড়োর মতো দেখালেও ব্লেন্ড করতে থাকলে এর ভেতরের প্রাকৃতিক তেল বের হতে শুরু করে। ফলে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজনও নাও হতে পারে।

তাই পিনাট বাটার তৈরির সময় তাড়াহুড়া না করে বাদামকে ভালোভাবে মসৃণ পেস্টে পরিণত হতে দিন। তাহলেই ঘরেই তৈরি করতে পারবেন সুস্বাদু ও ক্রিমি পিনাট বাটার।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G