বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ খান

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৬ সময়ঃ ৯:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ণ

সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি। আন্তর্জাতিক তারকাদের নিয়ে তৈরি এই তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তালিকায় তার অবস্থান ৯২তম। শাহরুখের প্রতিনিধিত্বশীল সিনেমা হিসেবে উল্লেখ করা হয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’।

ভ্যারাইটির প্রকাশিত তালিকায় প্রথম স্থান দখল করেছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হামফ্রে বোগার্ট এবং তৃতীয় স্থানে কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিন। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জ্যাক নিকলসন ও ক্যাথরিন হেপবার্ন।

শীর্ষ দশে আরও জায়গা পেয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।

তালিকার ৮৯তম অবস্থানে রয়েছেন নিকোলাস কেজ। শাহরুখ খানের পরের অবস্থান অর্থাৎ ৯৩ নম্বরে আছেন হোয়াকিন ফিনিক্স। এ ছাড়া কেট উইন্সলেট ৮৪, এমা স্টোন ৯৪ এবং জেনডায়া ৯৮তম স্থানে রয়েছেন।

এই তালিকার বিশেষ দিক হলো, শাহরুখ খানই একমাত্র ভারতীয় অভিনেতা, যিনি জায়গা করে নিয়েছেন সেরা ১০০-এর মধ্যে।

আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও একাধিক স্বীকৃতি পেয়েছেন এই বলিউড তারকা। ২০২২ সালে ব্রিটিশ সাময়িকী এম্পায়ারের পাঠকদের ভোটে নির্বাচিত সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় স্থান পান তিনি। ওই তালিকাতেও একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন শাহরুখ। পরের বছর ২০২৩ সালে টাইম সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়ও তার নাম উঠে আসে।

টেলিভিশন দিয়ে অভিনয়জগতে পা রাখেন শাহরুখ। আশির দশকের শেষ দিকে ছোট পর্দায় কাজ শুরু করার পর ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় তার। এরপর দীর্ঘ তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বক্স অফিসে ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তার কারণে শাহরুখের পরিচিতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ভক্তদের কাছে তিনি ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামেই বেশি পরিচিত।

এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানেরও।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G