কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিশুদের যেসব দক্ষতা শেখানো জরুরি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুত বদলে দিচ্ছে মানুষের কাজের ধরন। এমন অনেক কাজ, যেগুলো একসময় শুধু মানুষের পক্ষেই করা সম্ভব বলে মনে করা হতো, এখন প্রযুক্তির সাহায্যে সহজেই সম্পন্ন হচ্ছে। ভবিষ্যতে কর্মসংস্থানের চিত্রও আরও বদলে যেতে পারে। ফলে আজকের শিশুরা বড় হওয়ার পর কোন ধরনের পেশায় যুক্ত হবে, তা এখনই অনুমান করা কঠিন।
এমন পরিস্থিতিতে অভিভাবকদের সামনে বড় প্রশ্ন হলো, সন্তানদের ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুত করবেন? শুধু প্রযুক্তি ব্যবহারের দক্ষতা শেখানোই কি যথেষ্ট, নাকি এমন কিছু মৌলিক গুণ তৈরি করতে হবে, যেগুলো প্রযুক্তির পরিবর্তনের মধ্যেও কাজে আসবে?
ব্রিটিশ অর্থনীতিবিদ, লেখক ও শিক্ষাবিদ ড্যানিয়েল সাসকিন্ড মনে করেন, ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। তাঁর মতে, কোনো একটি নির্দিষ্ট পেশা বা দক্ষতার ওপর নির্ভর না করে মৌলিক শিক্ষা, যুক্তিবোধ এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করাই বেশি জরুরি।
লন্ডনের গ্রেশাম কলেজের অধ্যাপক সাসকিন্ড প্রযুক্তি, কর্মসংস্থান ও অর্থনীতিতে এআইয়ের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তাঁর নতুন বই ‘হোয়াট শুড মাই চিলড্রেন ডু? আ হিউম্যানস গাইড টু দ্য এজ অব এআই’–এও সন্তানদের ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে তিনি সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেছেন।
নির্দিষ্ট একটি দক্ষতার ওপর নির্ভর করা ঠিক নয়
ভবিষ্যতের চাকরির বাজারে কোন দক্ষতার চাহিদা থাকবে, তা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। কিন্তু সাসকিন্ডের মতে, কয়েক দশক পরের পৃথিবী কেমন হবে, সেটি নির্ভুলভাবে অনুমান করা সম্ভব নয়।
এর উদাহরণ হিসেবে তিনি স্কুলশিক্ষায় কোডিং শেখানোর উদ্যোগের কথা উল্লেখ করেছেন। ২০১৩ সালে ইংল্যান্ডের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কোডিং শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন মনে করা হয়েছিল, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি দক্ষতা।
কিন্তু ২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি সামনে আসার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। এআই দিয়ে কোড লেখার মতো জটিল কাজও করা সম্ভব হচ্ছে। ফলে একসময় যে দক্ষতাকে ভবিষ্যতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল, সেটির অনেক কাজই প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হতে শুরু করেছে।
সাসকিন্ডের মতে, এ ঘটনা থেকে একটি বিষয় পরিষ্কার। শিশুদের এমন কোনো একটি দক্ষতা শেখানোর পেছনে সব মনোযোগ দেওয়া উচিত নয়, যেটি ভবিষ্যতে আর আগের মতো গুরুত্বপূর্ণ নাও থাকতে পারে। বরং তাদের এমন ভিত্তি তৈরি করে দিতে হবে, যাতে নতুন প্রযুক্তি বা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে।
পড়া, গণিত ও যুক্তিবোধের বিকল্প নেই
এআইয়ের যুগে শিশুদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শেখানো উচিত কয়েকটি মৌলিক দক্ষতা। এর মধ্যে রয়েছে ভালোভাবে পড়তে পারা, গণিত বোঝা এবং যুক্তি দিয়ে কোনো বিষয় বিশ্লেষণ করার ক্ষমতা।
সাসকিন্ডের মতে, এসব দক্ষতা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন। মৌলিক শিক্ষার ভিত্তি শক্তিশালী হলে পরবর্তী সময়ে নতুন বিষয় শেখা এবং জটিল সমস্যার সমাধান করাও সহজ হয়।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) বিভিন্ন মূল্যায়নেও বিশ্বের অনেক দেশে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতার ঘাটতির বিষয়টি উঠে এসেছে। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এর আরেকটি কারণ হলো, এআই সব সময় নির্ভুল তথ্য দেয় না। কখনো ভুল উত্তর তৈরি করে, আবার কখনো এমন তথ্য উপস্থাপন করে, যার বাস্তব কোনো ভিত্তি নেই। তাই এআইয়ের দেওয়া উত্তর যাচাই করার সক্ষমতা মানুষের থাকতে হবে।
কোনো তথ্য সঠিক কি না, সেটি বুঝতে হলে পড়ার দক্ষতা, গণিতের ধারণা এবং বিশ্লেষণী চিন্তাশক্তি প্রয়োজন। এসব ভিত্তি দুর্বল হলে এআইয়ের ভুল শনাক্ত করাও কঠিন হয়ে পড়বে।
এআই ব্যবহার এবং প্রযুক্তি ছাড়াও কাজ শেখাতে হবে
শিশুদের শুধু এআই ব্যবহার শেখালেই হবে না, প্রয়োজনে এআই ছাড়াও যেন তারা নিজেরা কাজ করতে পারে, সেই অভ্যাসও গড়ে তুলতে হবে।
সাসকিন্ডের পরামর্শ হলো, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য সময় ব্যয় করা উচিত এআইকে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার শেখানোর জন্য। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও দক্ষতা প্রয়োগের সুযোগও রাখতে হবে।
এ বিষয়ে তিনি ক্যালকুলেটরের প্রচলনের সময়কার একটি উদাহরণ দিয়েছেন। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ইলেকট্রনিক ক্যালকুলেটর জনপ্রিয় হতে শুরু করলে গণিতশিক্ষায় এর প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।
ব্রিটিশ শিক্ষাবিদ উইলফ্রেড হ্যালিডে ককক্রফট তখন গণিত শেখানোর ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার এবং প্রযুক্তি ছাড়াই হিসাব করার দক্ষতা ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ শিক্ষার্থীদের ক্যালকুলেটর দিয়ে জটিল অঙ্ক সমাধান করতে শেখানোর পাশাপাশি নিজেরা হিসাব করার চর্চাও চালিয়ে যেতে হবে।
সাসকিন্ড মনে করেন, এআই শিক্ষার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা প্রয়োজন। তাঁর প্রস্তাব হলো, প্রযুক্তি ব্যবহার করে কাজ শেখানোর পাশাপাশি প্রযুক্তি ছাড়া কাজ করার সক্ষমতাও যাচাই করতে হবে।
এই পদ্ধতি শুধু গণিতের ক্ষেত্রে নয়, ভাষা, ইতিহাস, সংগীত ও শিল্পকলার মতো বিষয়েও প্রয়োগ করা যেতে পারে। শিক্ষার্থীরা এআইয়ের সাহায্যে নতুন কিছু তৈরি করবে, আবার নিজেদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি ব্যবহার করেও কাজ করবে।
প্রযুক্তির ব্যবহারে মনোযোগ ধরে রাখার শিক্ষা
এআই ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়া। নতুন প্রযুক্তি মানুষের কাজ সহজ করলেও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাসকিন্ডের মতে, শিশুদের শুধু ভালো নির্দেশনা বা প্রম্পট লিখে এআই থেকে উত্তর বের করার কৌশল শেখালেই চলবে না। প্রযুক্তি কীভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং দীর্ঘ সময় ধরে আটকে রাখে, সেটিও তাদের বোঝাতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিশুদের যেমন সচেতনতা প্রয়োজন, এআই ব্যবহারের ক্ষেত্রেও তেমন সচেতনতা গড়ে তোলা জরুরি।
তাদের বুঝতে হবে, কখন প্রযুক্তির সাহায্য নেওয়া প্রয়োজন এবং কখন নিজের চিন্তা ও বিচারবুদ্ধি কাজে লাগানো উচিত। পড়াশোনা, খেলাধুলা, সৃজনশীল কাজ ও বাস্তব জীবনের অভিজ্ঞতার জন্যও পর্যাপ্ত সময় রাখা প্রয়োজন।
বড়দেরও সারা জীবন নতুন কিছু শিখতে হবে
ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শুধু শিশুদের প্রস্তুত করলেই হবে না, বড়দেরও শেখার অভ্যাস ধরে রাখতে হবে।
সাসকিন্ডের মতে, একসময় শিক্ষা গ্রহণের নির্দিষ্ট বয়সসীমা ছিল বলে মনে করা হতো। জীবনের প্রথম দিকে পড়াশোনা শেষ করে মানুষ কর্মজীবনে প্রবেশ করত। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে এখন সেই ধারণা বদলানো প্রয়োজন।
আজ যে দক্ষতার চাহিদা রয়েছে, কয়েক বছর পর সেটির প্রয়োজন কমে যেতে পারে। আবার সম্পূর্ণ নতুন কোনো কাজের ক্ষেত্র তৈরি হতে পারে। তাই বয়স বাড়লেও নতুন জ্ঞান অর্জন এবং প্রয়োজনীয় দক্ষতা শেখার মানসিকতা ধরে রাখতে হবে।
শিশুদেরও ছোটবেলা থেকে বোঝাতে হবে, শেখার কোনো নির্দিষ্ট শেষ সময় নেই। পরিস্থিতি অনুযায়ী নিজেকে নতুন করে তৈরি করার সক্ষমতাই ভবিষ্যতে বড় সম্পদ হয়ে উঠবে।
ভবিষ্যতের চাকরির চেয়ে কোন সমস্যার সমাধান করবে, সেটি ভাবা জরুরি
ভবিষ্যতে কোন পেশা টিকে থাকবে, তা নিয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। সাসকিন্ডের মতে, সন্তানদের শুধু সম্ভাব্য চাকরির তালিকা ধরিয়ে দেওয়ার পরিবর্তে তারা ভবিষ্যতে কোন ধরনের সমস্যার সমাধান করতে চায়, সে বিষয়ে ভাবতে উৎসাহিত করা উচিত।
কেউ হয়তো মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়াতে চাইবে। কেউ স্বাস্থ্যসেবার উন্নয়ন বা মানুষের আয়ু ও জীবনযাত্রার মান বাড়ানোর কাজে যুক্ত হতে আগ্রহী হবে। এ ধরনের সামাজিক ও মানবিক সমস্যাগুলো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে।
এ ছাড়া কিছু পেশায় কাজের ফলাফলের পাশাপাশি কাজটি কীভাবে করা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
শিল্পকলার উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যায়। এআই হয়তো ভবিষ্যতে অসাধারণ ছবি তৈরি করতে পারবে। কিন্তু মানুষের হাতে তৈরি কোনো শিল্পকর্ম দেখার অভিজ্ঞতা এবং একজন মানুষের সৃজনশীলতার প্রতি মুগ্ধতার আলাদা মূল্য রয়েছে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এআই রোগ নির্ণয়, চিকিৎসার পরামর্শ কিংবা রোগীর সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু জীবনের কঠিন সময়ে একজন মানুষের পাশে আরেকজন মানুষের উপস্থিতি, সহমর্মিতা ও মানসিক সমর্থনের গুরুত্ব আলাদা।
শিক্ষার ক্ষেত্রেও এআই শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত পাঠ পরিকল্পনা তৈরি করতে পারবে। কিন্তু শিক্ষার্থীদের মূল্যবোধ শেখানো, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহ দেওয়া এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে।
একইভাবে সমাজসেবার কাজেও শুধু সমস্যার সমাধান নয়, বিপদে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সম্পর্ক তৈরি করার মূল্য কখনোই উপেক্ষা করা যায় না।
প্রযুক্তির পাশাপাশি মানবিক গুণও গড়ে তুলুন
এআইয়ের অগ্রগতিতে ভবিষ্যতের কর্মজগৎ কতটা বদলে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে শিশুদের শুধু প্রযুক্তিনির্ভর দক্ষতায় সীমাবদ্ধ রাখা যে যথেষ্ট হবে না, সেটি স্পষ্ট।
পড়াশোনা, গণিত, যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তা, প্রযুক্তির সচেতন ব্যবহার এবং নতুন কিছু শেখার আগ্রহের পাশাপাশি সহমর্মিতা, সৃজনশীলতা ও মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতাও গড়ে তুলতে হবে।
কারণ, ভবিষ্যতের পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করতে পারাই বড় যোগ্যতা হবে না। প্রযুক্তির সীমাবদ্ধতা বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
প্রতি / এডি / শাআ




















