২০২৭ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকবে যে ১০ বিষয়
প্রতিবছরের মতো এবারও আগামী দিনের বিশ্ব পরিস্থিতি নিয়ে বিশেষ আয়োজন প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড’ নামের এই বিশেষ সংখ্যায় ২০২৭ সালে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ, প্রযুক্তি ও জলবায়ুতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তার একটি পূর্বাভাস তুলে ধরা হয়েছে।
এবারের সংখ্যার প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে নানা ছবি ও প্রতীক। সেগুলোর অর্থ খুঁজতে আগ্রহ দেখাচ্ছেন পাঠকেরা। প্রচ্ছদের বিভিন্ন উপাদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে, তৈরি হচ্ছে ভিডিও ও পডকাস্ট। যদিও প্রতিটি প্রতীকের নির্দিষ্ট ব্যাখ্যা সাময়িকীটি আলাদাভাবে প্রকাশ করেনি।
বিশেষ সংখ্যাটিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কয়েকটি আন্তর্জাতিক ইস্যু। এর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, ইরান সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি, জলবায়ু পরিবর্তন, ফ্রান্সের নির্বাচন এবং তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক পরিকল্পনা।
প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে পৃথিবী যেন ক্রমেই কল্পবিজ্ঞানের জগতে প্রবেশ করছে। মহাকাশে তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা, যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার, চালকবিহীন ট্যাক্সি, স্বয়ংক্রিয় এআই মডেল এবং মানুষের মতো দেখতে রোবট এখন আর নিছক কল্পনা নয়। পাশাপাশি ওজন কমানোর বিশেষ ওষুধও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনছে।
এমন পরিস্থিতিতে ২০২৭ সালে বিশ্বজুড়ে কোন ১০টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে, তা নিয়ে বিশ্লেষণ করেছে দ্য ইকোনমিস্ট।
১. ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা
২০২৭ সালে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হতে পারে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি নির্বাচন। মধ্যবর্তী নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা পরিষ্কার হলে রিপাবলিকান শিবিরে পরবর্তী নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা জোরালো হতে পারে।
তবে উত্তরসূরি নির্ধারণের আলোচনা শুরু হলেও ট্রাম্পের রাজনৈতিক প্রভাব দ্রুত কমে যাবে, এমনটা মনে করছে না সাময়িকীটি। নিজের ক্ষমতা ও রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে তিনি আরও নির্বাহী আদেশ দিতে পারেন। পাশাপাশি বিভিন্ন আইনি বিরোধ, নতুন নির্মাণ প্রকল্প, স্থান ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং সামরিক তৎপরতাও আলোচনায় আসতে পারে।
অন্যদিকে ট্রাম্পের পর যুক্তরাষ্ট্র কোন পথে এগোবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ বাড়বে। বিশেষ করে দেশটির পরবর্তী নেতৃত্বের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক কেমন হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
২. ইরান সংঘাতের প্রভাব কতদূর গড়াবে
ইরানকে ঘিরে সংঘাতের দ্রুত কোনো স্থায়ী সমাধান না এলে ২০২৭ সালেও এর প্রভাব অব্যাহত থাকতে পারে। সাময়িকীটির বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করেছে। দেশটির মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষের কাছেও যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি সরবরাহের পথ, আন্তর্জাতিক বাণিজ্য এবং খাদ্যনিরাপত্তার ওপরও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের সরবরাহ বাধাগ্রস্ত হলে কৃষি উৎপাদন ও খাদ্যের বাজারে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিবর্তন আসতে পারে। সংঘাতের পর দেশটির সরকার নিজেদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ আরও সুসংহত করার চেষ্টা করতে পারে।
৩. তাপমাত্রার নতুন রেকর্ড গড়তে পারে ২০২৭
জলবায়ু পরিবর্তনের প্রভাব ২০২৭ সালেও বিশ্বজুড়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। বছরটি রেকর্ড করা ইতিহাসের উষ্ণতম বছরগুলোর একটি, এমনকি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও গড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে ‘সুপার এল নিনো’ পরিস্থিতি তৈরি হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অস্বাভাবিকতা বাড়তে পারে। এর ফলে দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ, দাবানল এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি তৈরি হবে।
এ পরিস্থিতি মোকাবিলায় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো জরুরি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তাও সামনে আসবে।
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা থেকে সুরক্ষা পেতেও সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি কার্যকর ভূমিকা রাখতে পারে।
৪. কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাড়তে পারে মানুষের অসন্তোষ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি একদিকে নতুন সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে বাড়াচ্ছে নানা ধরনের উদ্বেগ। ২০২৭ সালে এআই প্রযুক্তির ঝুঁকি, নিরাপত্তা এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে বিতর্ক আরও জোরালো হতে পারে।
এআই প্রতিষ্ঠানগুলোর জটিল আর্থিক চুক্তি ও বিপুল ঋণনির্ভর বিনিয়োগ ভবিষ্যতে প্রযুক্তি খাতে বড় ধরনের বাজার বিপর্যয়ের আশঙ্কা তৈরি করতে পারে। পাশাপাশি আরও শক্তিশালী এআই মডেল সাইবার হামলার সক্ষমতা বাড়িয়ে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে।
এআইয়ের বিভিন্ন সরঞ্জাম ও সেবা সরবরাহের ক্ষেত্রেও রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি নিয়ে ভাবতে হবে সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।
এদিকে এআইয়ের কারণে মানুষের চাকরি হারানো কিংবা তথ্যকেন্দ্র পরিচালনায় অতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে আলোচনা বাড়ছে। তবে এসব আশঙ্কার বাস্তব প্রভাব সম্পর্কে এখনো পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সাময়িকীটি। ফলে প্রযুক্তিটির সম্ভাব্য ক্ষতি নিয়ে মানুষের উদ্বেগ কতটা বাস্তব, তা নিয়েও বিতর্ক চলতে পারে।
৫. ফ্রান্সে শক্তিশালী হতে পারে ডানপন্থী রাজনীতি
ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনৈতিক শক্তির উত্থান নতুন কোনো ঘটনা নয়। তবে ২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেতে পারে।
নির্বাচনে ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতা মেরিন লো পেনের জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তিনি ক্ষমতায় এলে ইউরোপের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।
বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দুই দেশ ফ্রান্স ও জার্মানির সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ, ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য ধরে রাখতে দেশ দুটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া ফ্রান্সের বিপুল সরকারি ঋণ এবং দুর্বল আর্থিক অবস্থাও নতুন সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।
৬. সরকারি ঋণ ও বন্ডবাজারে বাড়বে চাপ
২০২৭ সালে বিশ্বের ধনী দেশগুলোর অর্থনীতিতে আরেকটি বড় উদ্বেগের বিষয় হতে পারে বন্ডবাজারের অস্থিরতা। বিভিন্ন দেশের সরকারের ব্যয় বৃদ্ধি, ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এবং জ্বালানির মূল্যবৃদ্ধি অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে।
এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ। তথ্যকেন্দ্রসহ এআই পরিচালনার প্রয়োজনীয় স্থাপনা তৈরিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে। এসব বিনিয়োগের পাশাপাশি মূল্যস্ফীতি আবারও বাড়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির প্রভাবে সরকারগুলোর ঋণ নেওয়ার খরচ বেড়ে যেতে পারে। একই সঙ্গে উচ্চ সুদের হার সাধারণ পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বাড়তি চাপ তৈরি করবে।
দ্য ইকোনমিস্টের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে কোনো কোনো দেশের অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
৭. তাইওয়ান নিয়ে চীনের সামরিক পরিকল্পনা
বিশ্ব রাজনীতিতে ২০২৭ সালের অন্যতম সংবেদনশীল বিষয় হতে পারে তাইওয়ানকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান। আধুনিক প্রযুক্তি যুদ্ধের প্রচলিত ধারণা বদলে দিয়েছে। ইউক্রেন ও ইরানের সংঘাতেও দেখা গেছে, তুলনামূলক ছোট শক্তির পক্ষে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বড় সামরিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
এই অভিজ্ঞতা তাইওয়ানকে ঘিরে চীনের পরিকল্পনায় কী প্রভাব ফেলে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান অভিযান পরিচালনার জন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ওই বছরই চীন সামরিক পদক্ষেপ নেবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে একাধিক আন্তর্জাতিক সংকট মোকাবিলা করছে। এই সুযোগে চীন কোনো পদক্ষেপ নেবে, নাকি ২০২৮ সালে তাইওয়ানের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে আগামী সময়টি পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
৮. ওজন কমানোর ওষুধ বদলে দেবে ভোক্তাদের অভ্যাস
ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বাড়ছে। বিশেষ করে ওজেমপিকসহ এ ধরনের ওষুধ মানুষের শরীর ও জীবনযাপনে পরিবর্তন আনছে। তবে এর প্রভাব শুধু স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ থাকছে না, ভোক্তাদের কেনাকাটার অভ্যাসেও পরিবর্তন দেখা যাচ্ছে।
ওজন কমানোর পর অনেকে নতুন পোশাক, প্রসাধনী এবং শরীরচর্চার সামগ্রী কেনার প্রতি বেশি আগ্রহী হচ্ছেন। নতুন চেহারা ও জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে বাড়তি খরচ করার এই প্রবণতাকে ‘রিভেঞ্জ শপিং’ বা প্রতিশোধের কেনাকাটা বলা হচ্ছে।
এ ধরনের ওষুধের বাজার দ্রুত বড় হওয়ায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও নতুন গবেষণায় আগ্রহী হচ্ছে। শুধু ওজন নিয়ন্ত্রণ নয়, মানুষের আয়ু বাড়ানো এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সুবিধা দিতে পারে এমন চিকিৎসা নিয়েও তাদের আগ্রহ বাড়ছে।
৯. মহাকাশযাত্রা আরও সহজ করতে পারে নতুন রকেট
মহাকাশ গবেষণায় ২০২৭ সাল গুরুত্বপূর্ণ অগ্রগতির বছর হতে পারে। বিশেষ করে পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির উন্নতি মহাকাশে যাতায়াতের খরচ কমিয়ে দিতে পারে।
স্পেসএক্সের তৈরি বিশাল স্টারশিপ নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহার শুরু করতে পারে। একই সময়ে চীনের রকেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোও রকেটের বুস্টার পুনর্ব্যবহারের সক্ষমতা প্রদর্শনের চেষ্টা চালাবে।
রকেটের খরচ কমলে মহাকাশে বেসরকারি স্টেশন নির্মাণের সুযোগ বাড়বে। পাশাপাশি পৃথিবীর কক্ষপথে তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে এগোতে পারে।
একসময় এসব পরিকল্পনাকে কল্পবিজ্ঞান মনে হলেও প্রযুক্তির অগ্রগতিতে সেগুলো বাস্তব সম্ভাবনায় পরিণত হচ্ছে। ফলে মহাকাশ অর্থনীতিতে নতুন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।
১০. হলিউডে ফিরবে পুরোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি
২০২৭ সালে বিনোদনজগতেও বেশ কিছু আলোচিত ঘটনা ঘটতে পারে। জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ার্স’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের পাশাপাশি নতুন ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের প্রত্যাবর্তন এবং নতুন জেমস বন্ড চলচ্চিত্র নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
তবে হলিউডের জন্য বড় প্রশ্ন হলো, দর্শকেরা কি এখনো পুরোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ওপর নির্ভরশীল থাকতে চান, নাকি নতুন ধরনের গল্প দেখতে আগ্রহী? ইউটিউবারদের তৈরি স্বল্প বাজেটের চলচ্চিত্রের জনপ্রিয়তা এই প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে।
অন্যদিকে ‘স্টার ওয়ার্স’-এর গল্পে প্রযুক্তি, যুদ্ধ, স্বয়ংক্রিয় রোবট এবং তথ্যনিরাপত্তার মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বে এসব বিষয় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠায় সিরিজটির পুরোনো গল্পও নতুন করে আলোচনায় আসতে পারে।
২০২৭ সালে বিশ্ব কোন দিকে এগোবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে রাজনীতি, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও অর্থনীতির এসব বিষয় আগামী বছর আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
প্রতি / এডি / শাআ





















