দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য কোন ধরনের তেল সবচেয়ে উপকারী?
রান্নায় কোন তেল ব্যবহার করা হচ্ছে, তা শুধু খাবারের স্বাদ নয়, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। বর্তমানে রান্নার জন্য বাজারে নানা ধরনের তেল পাওয়া যায়। কেউ স্বাদের কারণে, আবার কেউ স্বাস্থ্যগত সুবিধা বিবেচনায় নির্দিষ্ট তেল বেছে নেন। তবে বয়স বাড়ার সঙ্গে শরীর সুস্থ রাখা এবং দীর্ঘদিন কর্মক্ষম থাকতে রান্নার তেল নির্বাচনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।
পুষ্টিবিদদের মতে, এ ক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হতে পারে ভালো একটি বিকল্প। হৃদ্যন্ত্রের সুস্থতা, মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় এই তেলের বেশ কিছু উপকারী উপাদান ভূমিকা রাখতে পারে।
দীর্ঘদিন সুস্থ থাকতে অলিভ অয়েল কেন উপকারী?
দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে রান্নার তেল নির্বাচন গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী কয়েক দশক সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাবারে ব্যবহৃত তেলের গুণাগুণ বিবেচনা করা প্রয়োজন।
নিবন্ধিত পুষ্টিবিদ ও লেখক এলেনা পারাভান্তেস দীর্ঘায়ু ও সুস্থতার জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, স্বাদ ও পুষ্টিগুণের পাশাপাশি হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখার ক্ষেত্রেও এই তেলের ইতিবাচক ভূমিকা রয়েছে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু পেশি ও হাড়ের যত্ন নিলেই হয় না, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ধরে রাখাও জরুরি। কারণ স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার সক্ষমতা অটুট থাকা দীর্ঘদিন স্বনির্ভর জীবনযাপনে সহায়তা করে।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে প্রচুর মনোআনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এই ধরনের অসম্পৃক্ত চর্বি হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। পুষ্টিবিদ পারাভান্তেসের ব্যাখ্যা অনুযায়ী, এটি রক্তে চর্বির ভারসাম্য বজায় রাখতে এবং স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা ধরে রাখতে সহায়তা করতে পারে।
এ ছাড়া অলিভ অয়েলে রয়েছে ওলিওক্যানথাল ও হাইড্রক্সিটাইরোসলের মতো গুরুত্বপূর্ণ ফেনলিক যৌগ। এসব উপাদানের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে। তেলের মধ্যে থাকা আরও বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ শরীরের জন্য বাড়তি উপকার বয়ে আনতে পারে।
সবজি রান্নায়ও বাড়তে পারে পুষ্টিগুণ
অলিভ অয়েলের ব্যবহার শুধু হৃদ্স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই তেলে সবজি রান্না করলে কিছু ক্ষেত্রে খাবারের পুষ্টিগুণও বাড়তে পারে।
পুষ্টিবিদদের মতে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করা হলে কিছু সবজির উপকারী উদ্ভিজ্জ যৌগ শরীরের জন্য আরও সহজলভ্য হতে পারে।
একটি গবেষণায় টমেটো, বেগুন, আলু ও মিষ্টিকুমড়ার মতো সবজি অলিভ অয়েলে রান্না করার পর সেগুলোর ফেনলিক যৌগের পরিমাণ বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। রান্নার পদ্ধতির ওপর নির্ভর করে এসব খাবারের অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্ষমতারও পরিবর্তন হতে পারে।
অর্থাৎ, সঠিকভাবে রান্না করলে সবজি ও অলিভ অয়েলের সমন্বয় থেকে বাড়তি পুষ্টিগত সুবিধা পাওয়া সম্ভব।
অ্যাভোকাডো ও ক্যানোলা তেলের চেয়ে কি অলিভ অয়েল ভালো?
বর্তমানে রান্নার তেল হিসেবে অ্যাভোকাডো অয়েলও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এটিকে অলিভ অয়েলের বিকল্প হিসেবে বিবেচনা করেন। তবে পুষ্টিবিদ এলেনা পারাভান্তেসের মতে, সামগ্রিক স্বাস্থ্যগত সুবিধার দিক থেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এগিয়ে।
অ্যাভোকাডো অয়েলেও মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং কিছু উপকারী উদ্ভিজ্জ উপাদান রয়েছে। তবে অলিভ অয়েলে এসব উপাদানের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফেনলিক যৌগ পাওয়া যায়। এ ছাড়া অলিভ অয়েলের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে অনেক বেশি গবেষণা হয়েছে।
অন্যদিকে, অ্যাভোকাডো অয়েলের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে এখনো তুলনামূলকভাবে কম গবেষণা হয়েছে। ফলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সুবিধার বিষয়ে অলিভ অয়েলের পক্ষে বেশি বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়।
ক্যানোলা তেলও রান্নার জন্য বহুল ব্যবহৃত একটি বিকল্প। এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ তুলনামূলক কম এবং মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে থাকা বৈচিত্র্যময় ফেনলিক যৌগ ক্যানোলা তেলে একই মাত্রায় পাওয়া যায় না।
উচ্চ তাপে রান্না করা যাবে কি?
অনেকের ধারণা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বেশি তাপে রান্না করা ঠিক নয়। তবে পুষ্টিবিদ পারাভান্তেসের মতে, সাধারণ ঘরোয়া রান্নায় এই তেল ব্যবহার করা যায়। স্বাভাবিক রান্নার তাপমাত্রায় এটি সহজে পুড়ে যাওয়ার আশঙ্কা নেই।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের গড় স্মোক পয়েন্ট প্রায় ৪০০ ডিগ্রি ফারেনহাইট। সাধারণত ঘরে ভাজি, হালকা ভাজা কিংবা অল্প তেলে রান্নার সময় তাপমাত্রা এই সীমায় পৌঁছায় না।
তবে ডুবোতেলে দীর্ঘসময় খাবার ভাজার ক্ষেত্রে বিকল্প তেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ। অর্থাৎ রান্নার ধরন অনুযায়ী তেল নির্বাচন করাই ভালো।
সব মিলিয়ে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ভালো একটি পছন্দ হতে পারে। তবে শুধু একটি নির্দিষ্ট তেল ব্যবহার করলেই দীর্ঘায়ু নিশ্চিত হয় না। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সমন্বয়ই সুস্থ বার্ধক্যের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
প্রতি / এডি / শাআ




















