সুইজারল্যান্ডের যে উপত্যকায় পাহাড়ের গুহাই মানুষের আবাসস্থল

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০২৬ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

সুইজারল্যান্ডের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে বরফে ঢাকা আল্পস পর্বতমালা, সবুজ পাহাড় আর ছবির মতো সুন্দর গ্রাম। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চলে এমন একটি উপত্যকা রয়েছে, যার বসতি ও জীবনযাত্রা একেবারেই ব্যতিক্রমী। সেখানে একসময় পাহাড় থেকে নেমে আসা বিশাল বিশাল পাথরের নিচে আশ্রয় তৈরি করে বসবাস করতেন স্থানীয় মানুষ। শত শত বছরের পুরোনো সেই জীবনধারার নিদর্শন এখনো ছড়িয়ে রয়েছে তিসিনো ক্যানটনের বাভোনা উপত্যকায়।

প্রায় ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই উপত্যকা কোথাও কোথাও মাত্র কয়েক শ মিটার প্রশস্ত। চারদিকে খাড়া পাহাড় আর দুর্গম পথের কারণে এলাকাটিতে যাতায়াত বরাবরই কঠিন। পাহাড়ি রাস্তা অনেক জায়গায় এসে শেষ হয়ে গেছে। তার ওপর বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তো রয়েছেই। এমন প্রতিকূল পরিবেশেও প্রাকৃতিকভাবে পাহাড় থেকে গড়িয়ে আসা বিশাল পাথরকে কাজে লাগিয়ে নিজেদের বসতি গড়ে তুলেছিলেন এখানকার মানুষ। বর্তমানে পুরো উপত্যকায় স্থায়ীভাবে বসবাস করেন মাত্র ১১ জন।

বিশাল পাথরের নিচে তৈরি হতো মানুষের আশ্রয়

বাভোনা উপত্যকার সবচেয়ে আকর্ষণীয় ঐতিহাসিক নিদর্শন হলো পাথরের নিচে তৈরি ছোট ছোট আশ্রয়স্থল। স্থানীয় ভাষায় এগুলো পরিচিত ‘স্প্লুই’ নামে। পাহাড় থেকে খসে পড়া বিশাল পাথরের নিচে স্বাভাবিকভাবেই তৈরি হওয়া ফাঁকা জায়গাকে বসবাস ও দৈনন্দিন কাজের উপযোগী করে নিতেন মানুষ।

এসব আশ্রয়ের সামনের খোলা অংশে ছোট পাথর সাজিয়ে দেয়াল তৈরি করা হতো। প্রবেশপথে বসানো থাকত কাঠের দরজা। এভাবে প্রকৃতির তৈরি পাথুরে ছাউনিই পরিণত হতো মানুষের নিরাপদ আশ্রয়ে। বাভোনা উপত্যকা ও আশপাশের এলাকায় এ ধরনের চার শতাধিক স্থাপনার সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয়, এগুলোর মধ্যে বেশ কয়েকটি মধ্যযুগের সময়কার।

তবে সব স্প্লুই শুধু থাকার কাজে ব্যবহৃত হতো না। কোনোটি ছিল পনির ও মদ রাখার জায়গা, আবার কোনোটি ব্যবহার করা হতো রুটি তৈরির চুলা কিংবা তাঁত রাখার জন্য। এমনকি নেকড়ে ধরার ফাঁদ হিসেবেও কিছু পাথুরে স্থাপনা ব্যবহারের নজির রয়েছে। চাষাবাদের উপযোগী সমতল জমি কম থাকায় বড় পাথরের ওপর মাটি বিছিয়ে সবজি চাষের ব্যবস্থাও করেছিলেন স্থানীয় বাসিন্দারা।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের বসবাসের ধরনেও পরিবর্তন আসে। স্থায়ীভাবে থাকার জন্য তৈরি হতে থাকে ‘রুস্তিসি’ নামে পরিচিত দোতলা পাথরের বাড়ি। তখন পুরোনো গুহাসদৃশ আশ্রয়গুলোকে মূলত খাদ্যদ্রব্য সংরক্ষণ, গুদাম কিংবা বিভিন্ন কাজের জায়গা হিসেবে ব্যবহার করা শুরু হয়।

আধুনিক সুযোগ-সুবিধা থেকেও দূরে অনেক পল্লি

বাভোনা উপত্যকার জীবনযাত্রার আরেকটি বিস্ময়কর দিক হলো বিদ্যুতের ব্যবহার নিয়ে স্থানীয়দের পুরোনো সিদ্ধান্ত। ১৯৫০-এর দশকে সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় বাভোনার ১২টি পল্লির বাসিন্দাদের সামনে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নেওয়ার সুযোগ আসে। কিন্তু ভোটের মাধ্যমে ১১টি পল্লির মানুষ সেই সংযোগ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন।

এর ফলে উপত্যকার সান কার্লো ছাড়া অন্য পল্লিগুলো এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে রয়েছে। অবশ্য সময়ের সঙ্গে কিছু আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ১৯৮০-এর দশক থেকে ফ্রিজ চালানোর জন্য সীমিত পরিসরে সৌরবিদ্যুতের ব্যবহার এবং রান্নার কাজে গ্যাসের প্রচলন দেখা যায়। তবে শীতের সময় ঘর উষ্ণ রাখতে এখনো কাঠের চুলার ওপর নির্ভর করতে হয় বাসিন্দাদের।

নির্জন পাহাড়ি পথে ঘুরে দেখার সুযোগ

প্রকৃতির নির্জন পরিবেশে সময় কাটাতে ভালোবাসেন, এমন পর্যটকদের কাছে বাভোনা উপত্যকা হতে পারে ব্যতিক্রমী এক গন্তব্য। লেক মাজোর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। জুরিখ থেকে ট্রেন ও বাসে যাতায়াত করে এখানে পৌঁছানো যায়।

উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো কাছ থেকে দেখার অন্যতম উপায় হলো ১৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ‘ট্রান্সহিউম্যান্স ট্রেইল’। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গবাদিপশুকে এক চারণভূমি থেকে অন্য চারণভূমিতে নিয়ে যাওয়ার প্রাচীন রাখালি প্রথাকে বলা হয় ট্রান্সহিউম্যান্স। সেই ঐতিহ্যবাহী পথ ধরে হাঁটলে মন্ডাডা ও ফরোলিও এলাকার পুরোনো পাথুরে আশ্রয়গুলো দেখা যায়।

তবে এখানে ভ্রমণের আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। পর্যটন মৌসুমের বাইরে অনেক দোকানপাট বন্ধ থাকে। তাই প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সামগ্রী সঙ্গে রাখা ভালো। চাইলে বিদ্যুৎ-সুবিধাহীন ঐতিহ্যবাহী রুস্তিসিতে রাত কাটানোর অভিজ্ঞতাও নিতে পারেন পর্যটকেরা।

আধুনিক নগরজীবনের কোলাহল থেকে দূরে বাভোনা উপত্যকা যেন ইতিহাস ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। বিশাল পাথরের নিচে মানুষের তৈরি আশ্রয়, প্রাচীন জীবনযাত্রার চিহ্ন আর নিস্তব্ধ পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে জায়গাটি সুইজারল্যান্ডের পরিচিত পর্যটন আকর্ষণগুলোর বাইরে এক ভিন্ন জগতের সন্ধান দেয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G